যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে জানা গেছে, পরিবারের মা ও দুই কিশোরী মেয়ের মৃত্যু হয়েছে একাধিক গুলির আঘাতে। আর পরিবারের বাবা থমাস টাকাচের মৃত্যু হয়েছে মাথায় গুলিবিদ্ধ হয়ে। ঘটনাটিকে হত্যার পর আত্মহত্যা হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ।
৫১ বছর বয়সী থমাস টাকাচ টিপেকানো কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মী ছিলেন। চিকিৎসা পরীক্ষকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাঁর মৃত্যু আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
অন্যদিকে, তাঁর স্ত্রী ৫৩ বছর বয়সী জুলি টাকাচ এবং দুই মেয়ে ১৭ বছর বয়সী ক্যাথারিন ও ১৬ বছর বয়সী লরেনের মৃত্যু হত্যাকাণ্ড হিসেবে নথিভুক্ত হয়েছে। প্রাথমিক ময়নাতদন্তে তাঁদের শরীরে একাধিক গুলির আঘাতের প্রমাণ পাওয়া গেছে।
তবে পরিবারের সদস্যদের শরীরে কোনো মাদক বা অন্য বিষাক্ত পদার্থ ছিল কি না, তা জানতে বিষতাত্ত্বিক পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি। এই পরীক্ষার প্রতিবেদন পেতে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
পুলিশের কাছে ফোন করেছিল এক মেয়ে
ঘটনার দিন বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের এক কিশোরী স্থানীয় পুলিশকে ফোন করে। সে জানায়, তার বাবার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং তিনি পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন।
কিন্তু জরুরি ফোনালাপটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দায়িত্বপ্রাপ্ত প্রেরণ কর্মকর্তা জানান, ফোনে একাধিক গুলির শব্দ শোনার পর অপর প্রান্ত থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ বাড়িটিতে পৌঁছে প্রথম ও দ্বিতীয় তলায় দুটি করে মোট চারটি মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলেই তাঁদের সবাইকে মৃত ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া
জুলি টাকাচ পারডিউ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন। ২০২৪ সালে তিনি বিশ্ববিদ্যালয়ে আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। একই বছর তাঁর স্বামী থমাস টাকাচ টিপেকানো কাউন্টি শেরিফের কার্যালয়ে কারা বিভাগের উপসহকারী হিসেবে নিয়োগ পান।
এই ঘটনায় শোক প্রকাশ করেছে পারডিউ বিশ্ববিদ্যালয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, জুলি ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দিয়েছে বিশ্ববিদ্যালয়।
ময়নাতদন্তের প্রাথমিক ফল প্রকাশিত হলেও ঘটনার পেছনের কারণ এবং পরিবারের সদস্যদের মৃত্যুর আগে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্তের তথ্য এখনো প্রকাশ করা হয়নি। বিষতাত্ত্বিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তদন্তে আরও তথ্য সামনে আসতে পারে।












