বিশ্বের সবচেয়ে বড় গিরগিটি কোমোডো ড্রাগন সংরক্ষণে নতুন উদ্যোগ নিয়েছে জাপানের একটি সরীসৃপ উদ্যান। দেশটির কাওয়াজু শহরের আইজু নামের ওই উদ্যানে ইন্দোনেশিয়া থেকে আনা এক জোড়া কোমোডো ড্রাগন রাখা হয়েছে। লক্ষ্য, ২০৩১ সালে পাঁচ বছরের ধার করা প্রাণী রাখার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাপানে প্রথমবারের মতো এই প্রজাতির বাচ্চা জন্ম দেওয়া।
উদ্যানটির ব্যবস্থাপক ৫৭ বছর বয়সী ৎসুয়োশি শিরাওয়া দীর্ঘদিনের প্রচেষ্টার পর আরিল ও আই নামের ড্রাগন দুটিকে সেখানে আনতে পেরেছেন। তাঁর বক্তব্য, প্রাণী দুটিকে শুধু দর্শনার্থীদের দেখানোর জন্য রাখা হয়নি; প্রজননের মাধ্যমে আন্তর্জাতিক সংরক্ষণ কার্যক্রমে অবদান রাখাই তাঁদের উদ্দেশ্য।
কোমোডো ড্রাগন সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে এদের প্রাকৃতিক আবাস। জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে ২০২১ সালে প্রজাতিটিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করা হয়। ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, বর্তমানে বন্য পরিবেশে প্রায় ৩ হাজার ৯৭১টি কোমোডো ড্রাগন টিকে আছে। এর বাইরে বিভিন্ন দেশের চিড়িয়াখানা ও সংরক্ষণকেন্দ্রে রয়েছে আরও প্রায় ৪৫০টি।
প্রজননের জন্য বিশেষ আবাস তৈরি
কোমোডো ড্রাগন রাখার প্রস্তুতি আইজু শুরু করে ২০১৭ সালে। প্রায় দুই কোটি ইয়েন ব্যয়ে তৈরি করা হয়েছে ৩০০ বর্গমিটারের একটি বিশেষ আবাস। এতে বড় পাথর, পামগাছ, কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা এবং অতিবেগুনি রশ্মি প্রবেশের উপযোগী ছাদ রয়েছে।
প্রাণীগুলোর প্রাকৃতিক পরিবেশের অনুকরণে সেখানে সাধারণত তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখা হয়। শীতকালে বাইরে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলেও ভেতরের পরিবেশ উষ্ণ রাখা হয়।
গত ৩১ অক্টোবর দর্শনার্থীদের সামনে প্রথমবারের মতো আরিল ও আইকে প্রদর্শন করা হয়। তাদের দেখতে বিপুল আগ্রহ দেখা যায়। ১২ বছর বয়সী পুরুষ ড্রাগন আরিলের ওজন ৮৬ কেজি।
জলবায়ু পরিবর্তনে সংকুচিত হচ্ছে আবাসস্থল
ইন্দোনেশিয়ার উপকূলীয় তৃণভূমি ও ম্যানগ্রোভ বন কোমোডো ড্রাগনের প্রধান আবাস। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এসব নিচু এলাকা বিশেষ ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০৫৫ সালের মধ্যে প্রজাতিটির উপযোগী আবাসস্থল অন্তত ৩০ শতাংশ কমে যেতে পারে।
প্রাপ্তবয়স্ক কোমোডো ড্রাগনের ওজন সাধারণত ৪৫ থেকে ৯০ কেজি। এরা হরিণ, বুনো শূকর, জলমহিষ ও বড় সাপ শিকার করে। ধারালো দাঁত, বিষাক্ত কামড় ও শক্তিশালী লেজ তাদের শিকারে সহায়তা করে।
ইন্দোনেশিয়ার সঙ্গে পাঁচ বছরের চুক্তি
জাপানের শিজুওকা প্রশাসন গত মার্চে ইন্দোনেশিয়ার বন মন্ত্রণালয়ের সঙ্গে বন্য প্রাণী সংরক্ষণ সহযোগিতা চুক্তি করে। এর ভিত্তিতে আইজু ও ইন্দোনেশিয়ার সুরাবায়া চিড়িয়াখানার মধ্যে পাঁচ বছরের কোমোডো ড্রাগন বিনিময় চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী, আইজু প্রতিবছর ইন্দোনেশিয়ার সংরক্ষণ কর্মসূচিতে ৫০ হাজার ডলার দেবে। পাশাপাশি লাল পান্ডা, বিশালাকৃতির কচ্ছপসহ কয়েকটি প্রাণী সুরাবায়া চিড়িয়াখানায় পাঠাবে। জাপানে জন্ম নেওয়া কোমোডো ড্রাগনের বাচ্চাগুলোর মালিকানা থাকবে ইন্দোনেশিয়ার ওই চিড়িয়াখানার।
ইন্দোনেশিয়ার প্রজাতি ও জিনগত বৈচিত্র্য সংরক্ষণ বিভাগের পরিচালক আহমাদ মুনাওয়ার আশা প্রকাশ করেছেন, এই সহযোগিতার ফলে আরও বেশি জাপানি নাগরিক ও পর্যটক কোমোডো ন্যাশনাল পার্কে গিয়ে প্রাণীগুলোকে প্রাকৃতিক পরিবেশে দেখার আগ্রহী হবেন।
চিড়িয়াখানায় প্রজনন নিয়ে বিতর্ক
তবে কোমোডো ড্রাগনের প্রজনন নিয়ে সংরক্ষণবিদদের মধ্যে মতভেদ রয়েছে। সমালোচকদের মতে, প্রাণীগুলোকে বিদেশের চিড়িয়াখানায় নিয়ে প্রজনন করানোর বদলে তাদের নিজস্ব আবাসস্থল রক্ষায় বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ইন্দোনেশিয়ার কোমোডো ন্যাশনাল পার্কে গত বছর ৪ লাখ ২৯ হাজারের বেশি পর্যটক প্রবেশ করেছিলেন, যা একটি গবেষণায় নির্ধারিত ধারণক্ষমতা ৩ লাখ ৭৯ হাজারের বেশি। পর্যটকের চাপ কমাতে গত এপ্রিল থেকে সেখানে দৈনিক দর্শনার্থীর সংখ্যা সর্বোচ্চ এক হাজারে সীমিত করা হয়েছে।
প্রজননের ক্ষেত্রেও রয়েছে নানা জটিলতা। স্ত্রী কোমোডো ড্রাগন বছরে একবারেরও কম প্রজনন করে, তবে একবারে সাধারণত প্রায় ২৫টি ডিম পাড়ে। পুরুষের অংশগ্রহণ ছাড়াও কিছু ক্ষেত্রে ডিম থেকে বাচ্চা জন্মাতে পারে। তবে এভাবে জন্ম নেওয়া বাচ্চা সব সময় পুরুষ হয়। ডিমের সঠিক পরিচর্যা ও বাচ্চার বেঁচে থাকাও বড় চ্যালেঞ্জ।
আইজুর ব্যবস্থাপক শিরাওয়ার আশা, উপযুক্ত পরিবেশ ও পর্যবেক্ষণের মাধ্যমে জাপানে কোমোডো ড্রাগনের সফল প্রজনন সম্ভব হবে। তবে আরিল ও আইকে আগামী বসন্তে তত্ত্বাবধানে একসঙ্গে রাখার পরিকল্পনা থাকলেও তাদের মধ্যে প্রজনন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
জাপানের আইজু উদ্যানে ইন্দোনেশিয়া থেকে আনা এক জোড়া কোমোডো ড্রাগনের প্রজননের উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য, ২০৩১ সালের মধ্যে জাপানে প্রথম কোমোডো ড্রাগনের বাচ্চা জন্ম দেওয়া।












