যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শনের সময় তিনি বলেছেন, শত্রুপক্ষের জন্য যা ঘটছে, তা কেবল শুরু। সামনে তাদের আরও বড় অপমান ও পরাজয়ের মুখোমুখি হতে হবে।
ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা যায়, আইআরজিসির একটি অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ স্থাপনা পরিদর্শনের সময় ওয়াহিদি এ বক্তব্য দেন। ইরানি গণমাধ্যমে স্থাপনাটিকে ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওয়াহিদি বলেন, শত্রুরা আরও বেশি অপদস্থ হবে এবং শেষ পর্যন্ত সত্যের জয় হবে। তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরানের কঠোর অবস্থান অব্যাহত রাখার বার্তা স্পষ্ট হয়েছে।
যুদ্ধবিরতি টেকেনি, বাড়ছে সামরিক উত্তেজনা
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষের সংঘাত নতুন মাত্রা পায়। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন।
এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে। পরে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি।
শনিবার আইআরজিসি দাবি করেছে, তাদের মহাকাশ ও আকাশ প্রতিরক্ষা বাহিনী হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকিউ-৯ রিপার চালকবিহীন বিমান ভূপাতিত করেছে। ইরানের দাবি, নতুন মোতায়েন করা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে বিমানটি শনাক্ত ও ধ্বংস করা হয়। এটি তাদের ভূপাতিত করা ৫৮তম মার্কিন এমকিউ-৯ রিপার বলে দাবি করেছে বাহিনীটি।
এমকিউ-৯ রিপার দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে সক্ষম একটি মার্কিন সামরিক চালকবিহীন বিমান। গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, অনুসন্ধান এবং নির্ভুল লক্ষ্যভিত্তিক হামলায় এটি ব্যবহার করা হয়। তবে ইরানের এই দাবি স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।
দীর্ঘ সংঘাত মেনে নেবে না ইরান
বৃহস্পতিবার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, সম্ভাব্য সব ধরনের সামরিক পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত। যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন অনির্দিষ্ট পরিস্থিতি তারা মেনে নেবে না।
প্রেস টিভিকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সংঘাতের সমাধান যুদ্ধক্ষেত্রেই হবে, অথবা যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নিতে হবে।
মোহেব্বি আরও দাবি করেন, ১২ দিনের যুদ্ধের পর ইরান নিজস্ব আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে অন্তত তিনটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আইআরজিসির মহাকাশ ও আকাশ প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করে এসব ব্যবস্থা নকশা ও উৎপাদন করেছেন।
২০২৫ সালের ১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো, সামরিক স্থাপনা ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালালে ১২ দিনের যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি সরকার তখন বলেছিল, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকাতেই এ অভিযান চালানো হয়েছে।
বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি
গত ১৫ নভেম্বর আইআরজিসি দাবি করে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপনা লক্ষ্য করে ছয়টি চালকবিহীন বিমান দিয়ে হামলা চালানো হয়েছে। বাহিনীটি একে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের পাল্টা পদক্ষেপ হিসেবে বর্ণনা করে।
তবে বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের একাধিক আকাশপথের হামলা প্রতিহত করেছে।
হরমুজ প্রণালিকে ঘিরে বিরোধ
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার অন্যতম কেন্দ্র হরমুজ প্রণালি। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই সরু জলপথ দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের বড় অংশ পরিবহন করা হয়।
ইরান বারবার তাদের নির্ধারিত সীমাবদ্ধ এলাকায় অনুমতি ছাড়া চলাচলের বিরুদ্ধে সতর্ক করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নৌ-সামরিক তৎপরতা বজায় রাখতে চায়।
শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব দেয়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রকৃত সমঝোতা চায়, লোকদেখানো চুক্তি নয়। একই সঙ্গে ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না বলে মন্তব্য করেন ট্রাম্প। প্রয়োজন হলে আবার সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও তিনি নিজেই নেবেন বলে জানান












