যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কয়েকজন রাজনীতিবিদ। এ ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেনে অভিবাসন ও জননিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে হামলায় জড়িত বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি তুলেছেন দেশটির অভিবাসনবিরোধী রাজনীতিকেরা।
প্রতিক্রিয়া জানানো রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য ও রিস্টোর ব্রিটেনের নেতা রুপার্ট লো এবং রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও প্রকাশ করে তাঁরা ব্রিটিশ রাস্তায় বিদেশি নাগরিকদের সহিংসতা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ
স্থানীয় সময় গত সোমবার রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার ঘটনা ঘটে। এতে এনসিপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা আক্রান্ত হন বলে জানা গেছে।
পরদিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আবাসিক এলাকার সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির দৃশ্য দেখা যায়।
ঘটনাটির নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশিদের বহিষ্কারের হুঁশিয়ারি রুপার্ট লোর
হামলার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে রিস্টোর ব্রিটেনের নেতা রুপার্ট লো বলেন, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন। এনসিপি ও আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এই বিরোধের সঙ্গে ব্রিটিশদের কোনো সম্পর্ক নেই।
রুপার্ট লো দাবি করেন, তাঁর দল ক্ষমতায় এলে সহিংসতায় জড়িত ব্যক্তিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে। তাঁর বক্তব্যে বাংলাদেশি নাগরিকদের নিয়েও নেতিবাচক মন্তব্য উঠে আসে।
ব্রিটেন ভেঙে পড়েছে বললেন নাইজেল ফারাজ
একই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের ভিডিও শেয়ার করে তিনি বলেন, পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশি দুটি রাজনৈতিক পক্ষ এমন একটি বিরোধে সংঘর্ষে জড়িয়েছে, যার সঙ্গে ব্রিটিশদের কোনো সম্পর্ক নেই।
ফারাজের অভিযোগ, ব্রিটিশ সমাজে বিদেশি সংস্কৃতি আমদানি করার কারণে বিদেশিদের নিজেদের মধ্যকার সংঘাতও এখন দেশটির রাস্তায় ছড়িয়ে পড়ছে। তাঁর ভাষায়, ব্রিটেন ভেঙে পড়েছে।
তিনি আরও বলেন, যেসব বিদেশি নাগরিক ব্রিটেনের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাঁদের বহিষ্কার করবে রিফর্ম ইউকে।
তদন্ত ও পুলিশের টহল বাড়ানোর দাবি
ঘটনাস্থল চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। ওই আসনের সংসদ সদস্য জাস আথওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের ভিডিও শেয়ার করে ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।
তিনি ঘটনার জোরালো তদন্ত, এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে রমফোর্ডের সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেলও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যাভারিং ডেইলিকে তিনি স্পষ্ট করেছেন, ঘটনাটি তাঁর নির্বাচনি এলাকায় ঘটেনি। সংঘর্ষের স্থান চ্যাডওয়েল হিথ, যা ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।
ব্রিটিশ সংসদ সদস্য কেটি ল্যামও এক্সে সংঘর্ষের ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলোর এমন সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিবাসনবিরোধী রাজনীতিতে নতুন বিতর্ক
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত এ সহিংসতা যুক্তরাজ্যের রাজনীতিতে অভিবাসন ও জননিরাপত্তা নিয়ে বিতর্ককে আরও উসকে দিয়েছে।
বিশেষ করে রুপার্ট লো ও নাইজেল ফারাজের মতো অভিবাসনবিরোধী রাজনীতিকদের বক্তব্যে বাংলাদেশিদের বহিষ্কারের দাবি সামনে এসেছে। ফলে একটি স্থানীয় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা এখন যুক্তরাজ্যের অভিবাসননীতি ও বহুজাতিক সমাজে সহাবস্থান নিয়ে বৃহত্তর রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে।












