ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ২টার দিকে বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে এক নারী বিএনপির কার্যালয়ে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি।
ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে দুর্বৃত্তরা হাসিলবাগ গ্রামের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অচিরেই কালীগঞ্জে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে বিএনপি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।












