ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, কৌশলগত স্বার্থে ইসরায়েলের সঙ্গে ভারতের শক্তিশালী সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। তবে সেই সম্পর্কের কারণে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে নীরব থাকা যায় না। তাঁর এই বক্তব্য ভারতের দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থী অবস্থান এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার মধ্যে ভারসাম্য রক্ষার প্রশ্নকে আবার সামনে এনেছে।
হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার নিন্দা জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক অভিযানেরও সমালোচনা করেছেন রাহুল। একই সঙ্গে তিনি বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনীর জন্য উন্নত অস্ত্র কেনাসহ বিভিন্ন কৌশলগত স্বার্থে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ। তাঁর এই অবস্থান কংগ্রেসের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার আগের তুলনামূলক কঠোর ইসরায়েলবিরোধী বক্তব্যের চেয়ে কিছুটা ভিন্ন।
ভারতের এই দ্বৈত অবস্থানের পেছনে রয়েছে কয়েক দশকের কূটনৈতিক ইতিহাস, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা এবং বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছিল।
ফিলিস্তিন প্রশ্নে ভারতের ঐতিহাসিক অবস্থান
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই ভারত দেশটিকে স্বীকৃতি দেয়। তবে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে আরও প্রায় চার দশক সময় লাগে।
জওহরলাল নেহরু ও মহাত্মা গান্ধী ধর্মের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করতেন। ভারতের বিভাজনের বিরোধিতার সঙ্গে তাঁদের এই অবস্থানের মিল ছিল। একই সঙ্গে ফিলিস্তিন প্রশ্নে ভারতের নীতিনির্ধারণে আরব বিশ্বের অবস্থান, জোটনিরপেক্ষ আন্দোলন এবং জাতিসংঘের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
১৯৭৫ সালের ১০ জানুয়ারি ভারত ফিলিস্তিন মুক্তি সংস্থাকে (পিএলও) ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। একই সঙ্গে নয়াদিল্লিতে সংগঠনটিকে স্বাধীন কার্যালয় পরিচালনার অনুমতি দেওয়া হয়।
১৯৭৭ সালে কেন্দ্রে প্রথম অ-কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরও এই নীতিতে পরিবর্তন হয়নি। ১৯৭৮ সালের ২৮ জানুয়ারি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি ফিলিস্তিনিদের প্রতি অবিচারের বিরুদ্ধে জোটনিরপেক্ষ আন্দোলনসহ বিশ্ববাসীকে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছিলেন।
কেন বদলাতে শুরু করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক
শীতল যুদ্ধের অবসান, সোভিয়েত ইউনিয়নের পতন এবং মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের শান্তি আলোচনার সম্ভাবনা ভারতের পররাষ্ট্রনীতিতে নতুন বাস্তবতা তৈরি করে।
এর পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধ এবং ১৯৬৫ ও ১৯৭১ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় ভারত ইসরায়েলের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছিল। ফলে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার একটি ভিত্তি তৈরি হয়।
১৯৮৪ সালে নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেন। পরবর্তী সময়ে নরসিমা রাওয়ের আমলে ভারতের বাস্তববাদী ও আদর্শিক প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতির অংশ হিসেবে এই যোগাযোগ আরও বিস্তৃত হয়।
১৯৯০ সালে ইরাক কুয়েত আক্রমণ করলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রতি সমর্থন জানানোয় পিএলও আন্তর্জাতিক রাজনীতিতে আগের অবস্থান হারায়। একই সময়ে সোভিয়েত ইউনিয়নের পতন ভারতের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পুনর্বিন্যাসের প্রয়োজন তৈরি করে।
১৯৯২ সালের জানুয়ারিতে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ভারত সফরে এলে প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও তাঁকে জানান, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ফিলিস্তিনিদের স্বার্থেও সহায়ক হতে পারে। কারণ, ইসরায়েলে রাষ্ট্রদূত থাকলে ভারত দেশটির ওপর কূটনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ পাবে।
আরাফাত এই যুক্তি মেনে নেন। তিনি প্রকাশ্যে বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া এবং রাষ্ট্রদূত বিনিময় ভারতের সার্বভৌম সিদ্ধান্ত। ভারতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার অধিকার তাঁর নেই।
এর প্রায় ১০ দিন পর, ১৯৯২ সালের ২৯ জানুয়ারি ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।
কারগিল যুদ্ধ যে সম্পর্ককে নতুন ভিত্তি দেয়
ভারত-ইসরায়েল সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ। ওই সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীরা কারগিলের পাহাড়ি এলাকায় গুহা ও সুরক্ষিত বাংকারে অবস্থান নিয়েছিল। তাদের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে ভারতীয় বিমানবাহিনীর জরুরি ভিত্তিতে নির্ভুল নিশানার বোমার প্রয়োজন হয়।
রাজনৈতিক অনুমোদন পাওয়ার পর ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেন। ইসরায়েল দ্রুত সাড়া দেয়। দেশটি নিজেদের জরুরি মজুত থেকে প্রয়োজনীয় অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে এবং কয়েক দিনের মধ্যেই সেগুলো ভারতের বিমানঘাঁটিতে পৌঁছে যায় বলে জানা যায়।
২০১৫ সালে ইসরায়েল সফরের সময় তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কারগিল যুদ্ধে ভারতের পাশে দাঁড়ানোর জন্য ইসরায়েলকে ধন্যবাদ জানান। তিনি ওই সময়ের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরবরাহের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন।
এই সহযোগিতার পর দুই দেশের সম্পর্ক আরও দৃশ্যমানভাবে এগিয়ে যায়। ২০০০ সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে ইসরায়েল যান। একই বছরের গ্রীষ্মে স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানিও দেশটি সফর করেন।
অস্ত্র কেনায় ইসরায়েলের বড় অবস্থান
গত এক দশকে ইসরায়েল ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা সরবরাহকারী হয়ে উঠেছে। বিশেষ করে ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ভারত ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল।
ভারতের কেনা সরঞ্জামের মধ্যে রয়েছে ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেন্সর, নজরদারি প্রযুক্তি এবং সীমান্ত নিয়ন্ত্রণের সরঞ্জাম। আধুনিক যুদ্ধ পরিচালনা, সীমান্ত নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারিতে এসব প্রযুক্তি ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই প্রতিরক্ষা নির্ভরতা ব্যাখ্যা করে কেন ফিলিস্তিন প্রশ্নে ঐতিহাসিক সমর্থন বজায় রেখেও ভারত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে আগ্রহী নয়।
রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্যে সেই বাস্তবতাই প্রতিফলিত হয়েছে। ভারতের সামনে এখন চ্যালেঞ্জ হলো, একদিকে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা বজায় রাখা, অন্যদিকে ফিলিস্তিনিদের অধিকার এবং গাজায় মানবিক বিপর্যয়ের প্রশ্নে নিজেদের ঐতিহাসিক অবস্থান ধরে রাখা।












