মিসরের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সম্পর্কের টানাপোড়েন এবং বেনগাজি থেকে মিসরীয় সামরিক বিশেষজ্ঞদের প্রত্যাহারের খবর নাকচ করেছে লিবিয়ার ন্যাশনাল আর্মি (এলএনএ)। দেশটির সেনা কমান্ড বলেছে, মিসরের সঙ্গে তাদের সম্পর্ক দীর্ঘদিনের এবং পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত। দুই দেশের মধ্যে কোনো ধরনের বিরোধের খবরও সত্য নয়।
রোববার বেনগাজি থেকে প্রকাশিত এক বিবৃতিতে লিবিয়ার সেনা কমান্ড এসব তথ্য জানায়। এর আগে মিসরের রাষ্ট্রীয় তথ্যবিষয়ক মন্ত্রী দিয়াহ রাশওয়ানও একই ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন।
মিসরের সঙ্গে সম্পর্ক অটুট থাকার দাবি
লিবিয়ার সেনা কমান্ডের বিবৃতিতে মিসরের সঙ্গে সম্পর্ককে ‘দীর্ঘদিনের সুপ্রতিষ্ঠিত অংশীদারত্ব’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ঐতিহাসিক যোগাযোগ, পারস্পরিক বিশ্বাস এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে দুই দেশের সহযোগিতা গড়ে উঠেছে।
সামরিক ও নিরাপত্তা খাতে ঘনিষ্ঠ সহযোগিতার পাশাপাশি পুনর্গঠন, উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণেও দুই দেশ একসঙ্গে কাজ করছে বলে বিবৃতিতে জানানো হয়।
এই অংশীদারত্ব দুই দেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখছে বলেও দাবি করেছে লিবিয়ার সেনা কমান্ড।
বিবৃতিতে আরও বলা হয়, মিসরের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার উদ্যোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে সংবাদমাধ্যমগুলোকে আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করা এবং কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
মিসরেরও একই অবস্থান
মিসরের রাষ্ট্রীয় তথ্যবিষয়ক মন্ত্রী দিয়াহ রাশওয়ান রোববার সকালে জানান, কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিসর-লিবিয়া সম্পর্কের অবনতির খবরের কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, মিসরের সঙ্গে লিবিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্বের নিয়মিত যোগাযোগ রয়েছে। সংবাদমাধ্যমগুলোকে তথ্য যাচাই করে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তিনি।
রাশওয়ান আরও বলেন, লিবিয়ার স্থিতিশীলতা, ভৌগোলিক অখণ্ডতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মিসরের সমর্থন অব্যাহত রয়েছে।
ত্রিপোলি ও পূর্ব লিবিয়ার সঙ্গে কায়রোর যোগাযোগ
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের মধ্যেও পূর্বাঞ্চলীয় প্রশাসন এবং ত্রিপোলিভিত্তিক জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে মিসর।
গত বৃহস্পতিবার কায়রোয় মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে জ্বালানি ও মৎস্য খাতসংক্রান্ত কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিগুলোর আওতায় প্রাকৃতিক গ্যাস অবকাঠামো, পেট্রোলিয়াম পরিশোধন এবং মৎস্যসম্পদ উন্নয়নে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে চলতি মাসেই ১২ বছর বন্ধ থাকার পর ত্রিপোলিতে পুনরায় দূতাবাস চালু করে মিসর। সেখানে লিবিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি লিবিয়ার পুনর্গঠনে মিসরীয় কোম্পানি ও শ্রমিকদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
একই বৈঠকে তুরস্কের সঙ্গে লিবিয়ার ২০১৯ সালের সমুদ্রসীমা চুক্তি নিয়েও কায়রোর উদ্বেগ তুলে ধরেন তিনি।
লিবিয়ার রাজনৈতিক ঐক্যের আহ্বান
গত আগস্টে লিবিয়ার সেনা কমান্ডার খলিফা হাফতারের সঙ্গে আলোচনায় দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার আহ্বান জানিয়েছিলেন আল-সিসি। একই সঙ্গে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।
লিবিয়ার রাজনৈতিক বিভাজন ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে মিসরের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে নতুন করে ছড়িয়ে পড়া গুঞ্জন দুই দেশের পক্ষ থেকেই প্রত্যাখ্যান করা হলো।












