মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা ও হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকির মধ্যে অপরিশোধিত তেল আমদানির উৎসে পরিবর্তন আনছে এশিয়ার দেশগুলো। চীন ও দক্ষিণ কোরিয়ার মতো বড় আমদানিকারক দেশের শোধনাগারগুলো এখন তুলনামূলক কম পরিবহন ব্যয়ের সুযোগ নিয়ে আফ্রিকা ও ব্রাজিল থেকে তেল কিনছে। দীর্ঘ দূরত্বে জাহাজ ভাড়া কমে আসায় এসব অঞ্চলের তেল এশীয় ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার সিনোপেকের বাণিজ্যিক শাখা ইউনিপেক সম্প্রতি আফ্রিকার কয়েকটি দেশের অপরিশোধিত তেলের চালান কিনেছে। একই সঙ্গে পশ্চিম আফ্রিকা থেকে এশিয়ায় তেল পরিবহনের জন্য একাধিক ট্যাংকার ভাড়া করেছে প্রতিষ্ঠানটি। দক্ষিণ কোরিয়ার শীর্ষ শোধনাগার এসকে এনার্জিও গ্যাবন থেকে তেল আমদানির জন্য জাহাজ ভাড়া করেছে।
আফ্রিকার তেলে চীনের আগ্রহ বাড়ছে
ইউনিপেক কঙ্গোর ডিজেনো অপরিশোধিত তেলের দুটি চালান কিনেছে। প্রতি ব্যারেলের দাম ছিল ডেটেড ব্রেন্টের তুলনায় প্রায় ২২ ডলার কম। অন্যদিকে, চীনের শানডং প্রদেশের একটি স্বাধীন শোধনাগার অ্যাঙ্গোলার প্লুটোনিও গ্রেডের ১০ লাখ ব্যারেল তেল কিনেছে। এসব চালান আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে পৌঁছানোর কথা রয়েছে।
আফ্রিকার তেলের প্রতি আগ্রহ বাড়ার পেছনে পরিবহন ব্যয় কমে আসা বড় কারণ হিসেবে কাজ করছে। বাল্টিক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির ভেতর থেকে তেল বোঝাই করা জাহাজগুলো বাদ দিলে বড় আকারের ট্যাংকারের ভাড়া গত মাসের সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় ৫০ শতাংশ কমেছে।
হরমুজ সংকটে বেড়েছিল পরিবহন ব্যয়
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে হামলার আশঙ্কায় আগে তেল পরিবহনে ট্যাংকারের চাহিদা বেড়ে গিয়েছিল। নিরাপত্তাঝুঁকির কারণে জাহাজগুলোকে প্রণালির বাইরে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের মতো বিকল্প পদ্ধতি অনুসরণ করতে হচ্ছিল। এতে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এর পাশাপাশি ইরানের তেল রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাধার পর চীনের কিছু শোধনাগার নিষেধাজ্ঞামুক্ত বিকল্প উৎস খুঁজতে শুরু করে। ফলে আফ্রিকার বিভিন্ন দেশের তেলের প্রতি তাদের আগ্রহ বাড়ে।
তবে সাম্প্রতিক সময়ে তেল সরবরাহের কাজ শেষ করে অনেক ট্যাংকার আবার ভাড়ার বাজারে ফিরে এসেছে। এতে জাহাজের প্রাপ্যতা বেড়েছে এবং পরিবহন ব্যয় কমেছে। একজন ব্যবসায়ীর হিসাব অনুযায়ী, আফ্রিকা ও ব্রাজিল থেকে চীনে তেল পৌঁছানোর খরচ গত মাসের তুলনায় ব্যারেলপ্রতি ৫ থেকে ১০ ডলার কমেছে।
ব্রাজিলের তেলেও কমেছে প্রিমিয়াম
আফ্রিকার পাশাপাশি ব্রাজিলের অপরিশোধিত তেলের দামেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। দেশটির টুপি গ্রেডের তেল গত মাসে ব্রেন্টের তুলনায় ব্যারেলপ্রতি প্রায় ২০ ডলার বেশি দামে বিক্রি হচ্ছিল। সাম্প্রতিক লেনদেনে সেই ব্যবধান কমে ৭ থেকে ৮ ডলারে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ সমুদ্রপথে ট্যাংকার ভাড়া কমে যাওয়ায় আফ্রিকা ও ব্রাজিলের তেল এশীয় শোধনাগারগুলোর জন্য অর্থনৈতিকভাবে আরও সুবিধাজনক হয়ে উঠছে। একই সঙ্গে রাশিয়ার ইএসপিও গ্রেডের তেলের বাড়তি দাম চীনের কাছে অ্যাঙ্গোলার তেলের চাহিদা বাড়াতে পারে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যে এই পরিবর্তন শুধু বিকল্প উৎসের সন্ধান নয়, বরং ভূরাজনৈতিক ঝুঁকি ও পরিবহন ব্যয়ের হিসাব মিলিয়ে আমদানির কৌশল পুনর্বিন্যাসেরও ইঙ্গিত দিচ্ছে।












