ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশু এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু এবং ডেঙ্গুতে আক্রান্ত ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই শিশুর বয়স সাত ও ১০ মাস। অন্যদিকে ডেঙ্গুতে মারা যাওয়া দুই নারীর বয়স ৪০ ও ৮৫ বছর।
হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু
মারা যাওয়া সাত মাস বয়সী শিশুটির বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। শুক্রবার বেলা ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শিশুটি ‘মেনিনগোএনসেফালাইটিস উইথ সাসপেক্টেড মিজলস’ বা হামের সন্দেহজনক সংক্রমণসহ মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত ছিল।
অন্য শিশুটির বয়স ১০ মাস। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। গত ২২ নভেম্বর সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, ‘সিভিয়ার নিউমোনিয়া উইথ সাসপেক্টেড মিজলস’ বা হামের সন্দেহজনক সংক্রমণসহ গুরুতর নিউমোনিয়া ছিল মৃত্যুর কারণ।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৬৪ শিশু।
হাসপাতালের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৬ হাজার ৫৫৪ জন। এ সময়ে মারা গেছে ৯৪ শিশু।
ডেঙ্গুতে মারা গেলেন দুই নারী
ডেঙ্গুতে মারা যাওয়া দুই নারীর একজন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪০ বছর বয়সী ফাতেমা। গত ২০ নভেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
চিকিৎসকদের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, ডেঙ্গুর জটিলতার পাশাপাশি অ্যাসপিরেশন নিউমোনাইটিস, শক এবং হৃদ্যন্ত্রের জটিলতা তার মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত হয়েছে।
অন্যদিকে নান্দাইল উপজেলার ৮৫ বছর বয়সী মালেকা বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ভাষ্য, ডেঙ্গুর জটিলতার সঙ্গে তীব্র কিডনি বিকল বা অ্যাকিউট কিডনি ইনজুরির কারণে তার মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত নতুন ২১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ৭২ জনের মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী ও আটজন শিশু। নারী রোগীদের একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট ৫ হাজার ৬৭১ রোগী মমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪৪ জন।
জটিলতা বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের বড় একটি অংশ অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন। এতে মৃত্যুঝুঁকি বাড়ছে। রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।












