নয়াদিল্লি, ২৪ নভেম্বর (রয়টার্স): ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। পাকিস্তানের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সমাপ্তির বার্ষিকী উপলক্ষে পালিত বিজয় দিবসেই তিনি বাংলাদেশে ফিরতে চান। মঙ্গলবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তাঁর মুখপাত্র।
দেশে ফেরার ক্ষেত্রে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তাঁর এই পরিকল্পনা বাংলাদেশের রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়াতে পারে। কারণ, দেশটিতে তাঁর দলের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়ার পর বাংলাদেশে সহিংসতা বেড়েছে।
চলতি মাসের শুরুতে নতুন নথিপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। প্রাণঘাতী গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দিল্লিতে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছিল।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।”
বিবৃতিতে আরও বলা হয়, “এ ধরনের পরিস্থিতিতে সংবিধানের পরিপন্থীভাবে তাঁকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তন সম্ভব করা এখন সরকারের দায়িত্ব।”
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বাংলাদেশের সরকারের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি।
রোববার রয়টার্সকে বাংলাদেশের একজন মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
জাতিসংঘ জানিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে বাধ্য করা আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।
ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে নির্বাসিত অবস্থায় তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
প্রতিবেদন: কৃষ্ণ এন দাস, নয়াদিল্লি
সম্পাদনা: সাদ সাঈদ
লেখক পরিচিতি: কৃষ্ণ এন দাস রয়টার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোপ্রধান। তিনি আটটি দেশ নিয়ে গঠিত এই অঞ্চলে রয়টার্সের গুরুত্বপূর্ণ সাংবাদিকতা কার্যক্রম পরিচালনা করেন। ( রয়টার্স এর ইংরেজি ভার্সান থেকে বাংলায় অনূদিত)












