কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিশ্ব আধিপত্যের প্রতিযোগিতা এখন আর শুধু উন্নত চিপ তৈরি কিংবা নতুন এআই মডেল উদ্ভাবনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে পুরো সরবরাহব্যবস্থা। চিপ তৈরির যন্ত্রপাতি, বিরল খনিজ, সেমিকন্ডাক্টর উৎপাদন, তথ্যকেন্দ্র এবং সার্ভারের যন্ত্রাংশ—প্রতিটি ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ও চীন নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চাইছে। ফলে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নির্ধারণে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কে কত উন্নত চিপ তৈরি করতে পারে, তার পাশাপাশি কে এসব চিপ তৈরির প্রয়োজনীয় উপকরণ ও প্রযুক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে।
২০২৫ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা কিছুটা কমেছিল। শুল্ক কমানো এবং চিপ তৈরির যন্ত্রপাতি ও বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ শিথিল করার সমঝোতা দুই দেশের সম্পর্ককে সাময়িক স্থিতিশীলতা দেয়। কিন্তু সেই সমঝোতা কোনো স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করেনি। বরং উভয় দেশই বিরতির সময়টিকে নিজেদের প্রযুক্তিগত দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ হিসেবে ব্যবহার করেছে।
সাময়িক সমঝোতার আড়ালে প্রস্তুতি
চীন বুঝতে পেরেছে, উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে বিদেশি নির্ভরতা বজায় রেখে দীর্ঘমেয়াদে এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকা কঠিন। তাই দেশটি নিজস্ব চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উন্মুক্ত এআই মডেলের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল চীনের ওপর নির্ভরতা কমাতে বিরল খনিজের বিকল্প উৎস তৈরি করা এবং নিজেদের এআই প্রযুক্তিগত সুবিধাকে আরও এগিয়ে নেওয়া।
সমঝোতার সময়ও প্রতিযোগিতা থেমে থাকেনি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এনভিডিয়ার উন্নত এইচ২০০ চিপ চীনে বিক্রির অনুমতি দিয়েছিল। এই বিক্রির আয় থেকে মার্কিন সরকারের অংশ পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল। অন্যদিকে চীনের মেমোরি চিপ নির্মাতা সিএক্সএমটি দ্রুত সম্প্রসারণের মাধ্যমে বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করে।
কিন্তু দুই দেশের মধ্যে প্রযুক্তিগত নির্ভরতা ও প্রতিদ্বন্দ্বিতা পাশাপাশি চলতে থাকায় বুসান সমঝোতার মেয়াদ বাড়ানোই এখন আর সহজ সমাধান বলে মনে হচ্ছে না।
চীনের প্রযুক্তিগত দুর্বলতার জায়গা
এআই চিপ উৎপাদনে চীনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা উন্নত উৎপাদন প্রযুক্তির অভাব। বিশেষ করে অত্যাধুনিক লিথোগ্রাফি যন্ত্রপাতির জন্য দেশটিকে নেদারল্যান্ডসের এএসএমএলের মতো বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে।
চীনের প্রধান প্রসেসর চিপ নির্মাতা এসএমআইসি মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের কারণে প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতি সংগ্রহে বাধার মুখে রয়েছে। ফলে এআই শিল্পের দ্রুত বর্ধনশীল চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন বাড়ানো কঠিন হয়ে পড়ছে।
এই ঘাটতি সামাল দিতে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিদেশের তথ্যকেন্দ্রে থাকা এনভিডিয়ার চিপ ব্যবহার করছে। পাশাপাশি চোরাচালানের মাধ্যমেও কিছু চিপ চীনে প্রবেশ করছে। এসব বিকল্প ব্যবস্থার ওপর নির্ভরতা দেশটির প্রযুক্তিগত সক্ষমতার সীমাবদ্ধতাকেই তুলে ধরে।
চীনের এআই প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিক সাফল্যেও এর প্রভাব দেখা যাচ্ছে। মুনশট এআইয়ের বার্ষিক পুনরাবৃত্ত আয় ২০২৬ সালের আগস্টে ১০০ কোটি ডলারে পৌঁছালেও মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের আয় ছিল এর ৬৫ গুণ। অর্থাৎ এআই মডেল উদ্ভাবনে অগ্রগতি থাকলেও সেই প্রযুক্তিকে বড় আকারের লাভজনক ব্যবসায় রূপান্তরের ক্ষেত্রে চীনের প্রতিষ্ঠানগুলো এখনো পিছিয়ে।
বিরল খনিজের নিয়ন্ত্রণে নতুন সংঘাত
চিপ উৎপাদনের প্রতিযোগিতায় বিরল খনিজ এখন অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। চীন ভারী বিরল খনিজ ও ইট্রিয়াম রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে জাপানের শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে। ইট্রিয়াম চিপ তৈরির যন্ত্রপাতি এবং বিমানশিল্পের সরবরাহব্যবস্থায় গুরুত্বপূর্ণ উপাদান।
এর প্রভাব শুধু জাপানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। দেশটির যেসব মধ্যবর্তী উৎপাদনকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের চিপ সরঞ্জাম ও বিমান নির্মাতাদের উপকরণ সরবরাহ করে, তারাও সংকটের মুখে পড়ছে।
ওয়াশিংটন বিকল্প খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বাড়াচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে এআই সরবরাহব্যবস্থা সুরক্ষিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু নতুন খনি, প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং শিল্প সক্ষমতা গড়ে তোলা দীর্ঘমেয়াদি কাজ। চীনের বিদ্যমান অবস্থানের বিকল্প তৈরি করা সহজ নয়।
তাইওয়ানকে ঘিরে বৈশ্বিক নির্ভরতা
প্রযুক্তি প্রতিযোগিতার সবচেয়ে বড় বৈপরীত্য হলো, যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই সরবরাহব্যবস্থায় স্বনির্ভর হতে চাইলেও বাস্তবে পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই নির্ভরতার কেন্দ্রে রয়েছে তাইওয়ান এবং পূর্ব এশিয়ার প্রযুক্তি শিল্প।
২০২৬ সালে যুক্তরাষ্ট্রের তাইওয়ান থেকে আমদানি চীন থেকে আমদানির কাছাকাছি পৌঁছানোর পথে। এর প্রধান কারণ এআই সার্ভারের জন্য বিপুল যন্ত্রাংশের চাহিদা। একটি এনভিডিয়া ভেরা রুবিন সার্ভার তৈরিতে প্রায় ১৩ লাখ উপাদান প্রয়োজন হয়। ফলে সরবরাহব্যবস্থার কোনো একটি গুরুত্বপূর্ণ অংশে বিঘ্ন ঘটলে তার প্রভাব কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে, তা আগে থেকে নির্ধারণ করা কঠিন।
চীনের জন্য চিপ এখন তেলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমদানি পণ্য হয়ে উঠছে। ২০২৬ সালে দেশটির চিপ আমদানিতে ব্যয় তেল আমদানির তুলনায় দ্বিগুণেরও বেশি হওয়ার পথে। অন্যদিকে তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসির বাজারমূল্য বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকোর চেয়েও বেশি।
নতুন ভূরাজনীতির কেন্দ্র এআই সরবরাহব্যবস্থা
একসময় তেল সরবরাহ ও জ্বালানি পরিবহনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতির বড় সংঘাত তৈরি হতো। হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ ছিল সেই প্রতিযোগিতার অন্যতম কেন্দ্র। এখন বৈশ্বিক অর্থনীতিতে এআই চিপ ও প্রযুক্তিপণ্যের গুরুত্ব বাড়ায় সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণ নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে চলে এসেছে।
যুক্তরাষ্ট্র চীনের উন্নত চিপ সংগ্রহের পথ সীমিত করতে চাইছে। অন্যদিকে বেইজিং বিরল খনিজ এবং এআই সার্ভারের বিভিন্ন উপাদানের সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে পাল্টা চাপ তৈরির সুযোগ খুঁজছে। চীনের মধ্য দিয়ে যাওয়া গ্যাস, সার্কিট বোর্ড এবং অপটিক্যাল সংযোগ প্রযুক্তিও এই প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
দুই দেশের এই প্রতিযোগিতায় সবচেয়ে বড় ঝুঁকি হলো, তারা পরস্পরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ভিন্ন ধারণা নিয়ে আলোচনায় বসছে। ফলে সমঝোতার পরিবর্তে বাস্তব শক্তি প্রদর্শনের দিকে পরিস্থিতি এগোতে পারে।
এআই সরবরাহব্যবস্থা এখন একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি এবং যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতার প্রধান ক্ষেত্র। এই ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটলে শুধু প্রযুক্তি কোম্পানি নয়, এশিয়ার উৎপাদনশিল্প থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের তথ্যকেন্দ্র নির্মাণ এবং বৈশ্বিক বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হবে। এ কারণেই আগামী দিনের প্রযুক্তিগত আধিপত্যের লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে—এআই চিপ কে তৈরি করছে, তার চেয়েও বড় প্রশ্ন, চিপ তৈরির পুরো ব্যবস্থার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।












