বিশ্বরাজনীতির ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এখন আর কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা সামরিক সক্ষমতার হিসাবের মধ্যে সীমাবদ্ধ নেই। কোন দেশ আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসছে, কারা আলোচনার শর্ত নির্ধারণ করছে এবং কারা অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে—এসব প্রশ্নও নতুন ভূরাজনৈতিক বাস্তবতার গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে। চীনের শেনজেনে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠক এবং একই সময়ে বার্লিনে ইউরোপীয় নেতাদের আলাদা সম্মেলন সেই বাস্তবতাকেই সামনে এনেছে।
শেনজেনের বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসঙ্গে বসেছেন। তিন দেশের হাতে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে। ফলে তাঁদের এই বৈঠক নিছক কূটনৈতিক সৌজন্য কিংবা আলোকচিত্রের আয়োজন হিসেবে দেখার সুযোগ নেই। যদিও বৈঠক শেষে প্রকাশিত শান্তি ঘোষণায় যুদ্ধ বন্ধের সুনির্দিষ্ট সময়সীমা বা কার্যকর অঙ্গীকারের অভাব রয়েছে, তবু পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার ঠেকানোর বিষয়ে তাঁদের সম্মতি গুরুত্বপূর্ণ।
শি জিনপিং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করার দীর্ঘমেয়াদি লক্ষ্যও তুলে ধরেছেন। কিন্তু তাঁর বক্তব্যের সঙ্গে চীনের সামরিক প্রস্তুতির একটি মৌলিক বিরোধ রয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চীনের কার্যকর পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এক হাজারে পৌঁছাতে পারে। অর্থাৎ পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি বেইজিং নিজেও পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক আস্থার প্রশ্ন তৈরি করে।
ইউরোপের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার পারমাণবিক হুমকি ইউরোপের নিরাপত্তা হিসাবকে প্রভাবিত করছে। তাই শেনজেনে পারমাণবিক ঝুঁকি কমানোর আলোচনা ইউরোপের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিন্তু যে আলোচনায় ইউরোপের নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা তৈরি হচ্ছে, সেখানে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না। এটিই শেনজেন বৈঠকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা।
বার্লিনে ইউরোপ, শেনজেনে ক্ষমতার কেন্দ্র
শেনজেনে তিন নেতার বৈঠকের সমান্তরালে জার্মানির বার্লিনে ইউক্রেনকে সহায়তা নিয়ে ইউরোপীয় নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামসহ বিভিন্ন দেশের নেতারা সেখানে ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
মের্ৎস সতর্ক করে বলেন, ইয়াল্টা সম্মেলনের আদলে বড় শক্তিগুলোর মধ্যে সমঝোতা করে ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করা হলে তা শান্তি প্রতিষ্ঠার পথ হবে না। ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শক্তিগুলো ইউরোপে নিজেদের প্রভাববলয় নির্ধারণ করেছিল। তাঁর বক্তব্যের তাৎপর্য হলো, ইউরোপ আবারও এমন পরিস্থিতিতে পড়তে চায় না, যেখানে তার নিরাপত্তা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে অন্য শক্তিগুলো।
কিন্তু বাস্তবতা হচ্ছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে শেনজেনে। বার্লিনে ইউরোপীয় নেতাদের বৈঠকের মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প উড়োজাহাজ থেকে ফোনে যুক্ত হন। তিনি ইউরোপীয় নেতাদের বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান। একই সঙ্গে ইউক্রেনকে দেওয়া বিপুল অর্থনৈতিক সহায়তার ব্যয় নিয়েও প্রশ্ন তোলেন। অথচ শেনজেনে পুতিন প্রকাশ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করেন। ফলে ট্রাম্পের বক্তব্য ও রুশ প্রেসিডেন্টের অবস্থানের মধ্যে স্পষ্ট অসংগতি দেখা যায়।
এই ঘটনাই ইউরোপের কৌশলগত দুর্বলতা প্রকাশ করে। ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার সক্ষমতা থাকলেও যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে ইউরোপ এখনো ওয়াশিংটনের ওপর নির্ভরশীল। ট্রাম্প পুতিনকে বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং শেনজেন বৈঠককে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। অন্যদিকে ইউরোপীয় নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক প্রায়ই প্রকাশ্য মতবিরোধে জড়াচ্ছে।
ইউরোপের ঐক্য এখনো অসম্পূর্ণ
তবে বার্লিনের বৈঠক পুরোপুরি হতাশাজনক ছিল না। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে পাশে নিয়েই সমঝোতায় পৌঁছাতে চায়; একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। পরে তাঁরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বার্নহাম এই আলোচনাকে কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ইউক্রেন ইস্যুতে প্রথম বাস্তব সমন্বয়ের উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। পুতিনও শেনজেনে বলেছেন, শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণের বিষয়ে তাঁর আপত্তি নেই। কিন্তু ইউরোপের অংশগ্রহণের সুযোগ তৈরি হওয়া আর আলোচনার শর্ত নির্ধারণের ক্ষমতা অর্জন করা এক বিষয় নয়।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে এখনো পুরোপুরি অভিন্ন অবস্থান নেই। এই বিভক্তি তাদের দর-কষাকষির ক্ষমতা দুর্বল করে। ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে আলোচনায় কার্যকর ভূমিকা রাখতে হলে ইউরোপকে প্রথমে নিজেদের রাজনৈতিক অবস্থান সমন্বিত করতে হবে।
চীনের সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজন
ইউরোপের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পথ রয়েছে—চীনের সঙ্গে সরাসরি সম্পর্ক ও আলোচনা জোরদার করা। ইউক্রেন যুদ্ধের বিষয়ে বেইজিং ও ইউরোপের মধ্যে মতপার্থক্য থাকলেও পারমাণবিক অস্ত্রের ব্যবহার ঠেকানোর প্রশ্নে উভয় পক্ষের স্বার্থের মিল রয়েছে।
রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদারদের একটি চীন। মস্কোর ওপর বেইজিংয়ের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব রয়েছে। ফলে ইউরোপ যদি যুদ্ধবিরতির বিষয়ে চীনের কাছ থেকে কার্যকর ভূমিকা আদায় করতে পারে, তবে তা কেবল ওয়াশিংটনের মাধ্যমে বার্তা পাঠানোর চেয়ে বেশি ফলপ্রসূ হতে পারে।
এ ক্ষেত্রে ইউরোপকে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনও বিবেচনায় নিতে হবে। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিনিময়ে ইউরোপকে কিছু অর্থনৈতিক ছাড় বা সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে হতে পারে। তবে এমন উদ্যোগের উদ্দেশ্য হওয়া উচিত রাশিয়ার ওপর যুদ্ধবিরতির জন্য চাপ তৈরিতে চীনের প্রভাব কাজে লাগানো, কোনো পক্ষের রাজনৈতিক অবস্থানের কাছে আত্মসমর্পণ করা নয়।
নিজস্ব শক্তি ছাড়া কূটনৈতিক প্রভাব অসম্ভব
কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি ইউরোপকে নিজের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতাও বাড়াতে হবে। বার্লিনে ইউক্রেনের জন্য প্রস্তাবিত ৪৫ বিলিয়ন ইউরো সহায়তা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা উঠে এসেছে। যুদ্ধ-পরবর্তী ইউক্রেনের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বহুজাতিক বাহিনী গঠনের পরিকল্পনাও আরও সুস্পষ্ট করতে হবে। পাশাপাশি ইউরোপের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি।
কারণ, নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া ইউরোপ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকবে। আর সেই নির্ভরশীলতা তার কূটনৈতিক স্বাধীনতাকেও সীমিত করবে। একটি শক্তিশালী ও সমন্বিত ইউরোপ চীনের কাছেও অধিক গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে। বেইজিংয়ের জন্যও এমন একটি ইউরোপের সঙ্গে সম্পর্ক রাখা লাভজনক, যে নিজস্ব স্বার্থে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম।
সামনে মায়ামিতে জি২০ সম্মেলন। ট্রাম্প সেখানে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন এবং শি জিনপিংয়ের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শেনজেনের পর বিশ্বনেতাদের আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিলনক্ষেত্র তৈরি হচ্ছে। ইউরোপের নেতারাও সেখানে উপস্থিত থাকার সুযোগ পাবেন।
কিন্তু সম্মেলনে উপস্থিত থাকাই প্রভাব বিস্তারের নিশ্চয়তা নয়। ইউরোপের সামনে প্রকৃত চ্যালেঞ্জ হলো, আলোচনার টেবিলে বসার আগেই অন্যরা যেন তার নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করে না ফেলে। ইউক্রেন যুদ্ধের সমাধান থেকে শুরু করে বৈশ্বিক নিরাপত্তা কাঠামো—সব ক্ষেত্রেই ইউরোপকে নির্ভরশীল অংশীদারের বদলে স্বতন্ত্র শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। অন্যথায় বড় শক্তিগুলোর সমঝোতার ফল মেনে নেওয়া ছাড়া তার সামনে বিকল্প সীমিত হয়ে পড়বে।












