চীনের শেনঝেনে অনুষ্ঠিত ২০২৬ সালের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষণে নতুনত্বের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, বিমানবন্দরে দুই নেতার আলিঙ্গন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা—সব মিলিয়ে সম্মেলনটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে মনে করছেন।
কিন্তু সম্মেলনের দৃশ্যমান ঘটনাগুলোর বাইরে তাকালে বোঝা যায়, শেনঝেনে যা ঘটেছে তার অনেক কিছুই চীনের জন্য নতুন নয়। বরং ২৫ বছর আগে সাংহাইয়ে অনুষ্ঠিত এপেক সম্মেলনের সঙ্গে বর্তমান আয়োজনের উল্লেখযোগ্য মিল রয়েছে। কূটনৈতিক প্রদর্শনী, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং চীনের অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরার চেষ্টা—এসবই বেইজিংয়ের দীর্ঘদিনের কৌশলের অংশ।
সাংহাই থেকে শেনঝেন: আন্তর্জাতিক ভাবমূর্তি নির্মাণের ধারাবাহিকতা
চীন আন্তর্জাতিক সম্মেলনকে কেবল কূটনৈতিক আলোচনার মঞ্চ হিসেবে দেখে না। এগুলোকে দেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং বৈশ্বিক নেতৃত্বের আকাঙ্ক্ষা প্রদর্শনের সুযোগ হিসেবেও ব্যবহার করে।
২০০১ সালে সাংহাইয়ের এপেক সম্মেলনেও একই কৌশল দেখা গিয়েছিল। তখন শহরের পুডং এলাকা ছিল চীনের আধুনিকায়নের প্রতীক। আকাশচুম্বী ভবন, প্রযুক্তিনির্ভর অবকাঠামো এবং দ্রুত পরিবর্তনশীল নগরজীবনকে সামনে রেখে বেইজিং বিশ্বকে দেখাতে চেয়েছিল, চীন আর শুধু উৎপাদননির্ভর অর্থনীতি নয়; আধুনিক নগরায়ণ ও আন্তর্জাতিক বাণিজ্যেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে।
২০২৬ সালে শেনঝেন সেই ভূমিকা পালন করেছে। প্রযুক্তি, উদ্ভাবন এবং আধুনিক নগর ব্যবস্থাপনার প্রতীক হিসেবে শহরটিকে সামনে এনে চীন আবারও নিজের সক্ষমতার প্রদর্শনী করেছে। পার্থক্য হলো, ২০০১ সালের পুডংয়ের জায়গায় এবার এসেছে বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের প্রযুক্তি ও অর্থনৈতিক কেন্দ্র শেনঝেন।
এটি কেবল শহর বদলের ঘটনা নয়। বরং আন্তর্জাতিক অঙ্গনে চীনের অবস্থান শক্তিশালী করার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার ধারাবাহিকতা।
বৈশ্বিক সংকটের মধ্যে কূটনৈতিক অবস্থান
দুই সম্মেলনের সময়কার আন্তর্জাতিক পরিস্থিতিতেও মিল রয়েছে। ২০০১ সালে সাংহাইয়ে এপেক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরপরই। আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান তখন শুরু হওয়ার পথে। আন্তর্জাতিক রাজনীতি ছিল অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগে আচ্ছন্ন।
২০২৬ সালের শেনঝেন সম্মেলনও এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করছে। এই পরিস্থিতিতে চীন নিজেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছে।
২০০১ সালের সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং চীনা নেতা জিয়াং জেমিনের পৃথক বৈঠক হয়েছিল। অর্থাৎ চীনের মাটিতে একই আন্তর্জাতিক আয়োজনের ফাঁকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতৃত্বের যোগাযোগের নজির আগেও ছিল।
তবে এবারের সম্মেলনে তিন দেশের নেতাদের একসঙ্গে আলোচনায় বসা নতুন মাত্রা যোগ করেছে। এই বৈঠককে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হলেও এর পেছনে থাকা কূটনৈতিক বাস্তবতা পুরোপুরি নতুন নয়। চীন বহুদিন ধরেই বড় শক্তিগুলোর মধ্যে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে চেয়েছে।
মানবাধিকার প্রশ্নে বদলে যাওয়া মার্কিন অবস্থান
শেনঝেন সম্মেলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকগুলোর একটি হলো, ট্রাম্প ও শি জিনপিংয়ের আলোচনায় চীনের মানবাধিকার পরিস্থিতি গুরুত্ব না পাওয়া। একসময় মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে চীনা নেতাদের বৈঠকে মানবাধিকার ছিল নিয়মিত আলোচ্য বিষয়। বিষয়টি উত্থাপিত না হলে সেটিই বরং ব্যতিক্রম হিসেবে বিবেচিত হতো।
এখন সেই কূটনৈতিক বাস্তবতা বদলে গেছে। ট্রাম্পের সাম্প্রতিক চীননীতি এবং দুই দেশের আলোচনায় বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তার মতো বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে। মানবাধিকার প্রশ্নটি ক্রমেই আলোচনার প্রান্তে চলে যাচ্ছে।
এই পরিবর্তন শুধু কূটনৈতিক অগ্রাধিকারের পুনর্বিন্যাস নয়; এটি আন্তর্জাতিক রাজনীতিতে মূল্যবোধের প্রশ্ন কতটা গুরুত্ব হারাচ্ছে, তারও ইঙ্গিত।
শেনঝেন সম্মেলনের সময় এ বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কারণ, সম্মেলন শুরুর কয়েক সপ্তাহ আগে বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের অন্য দুটি অংশ—হংকং ও ম্যাকাওয়ে—গুরুতর মানবাধিকারসংক্রান্ত ঘটনা ঘটেছে।
হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মী জশুয়া ওংকে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ম্যাকাওয়ের সাবেক গণতন্ত্রপন্থী আইনপ্রণেতা আউ কাম সানকে আরও দীর্ঘ মেয়াদের সাজা দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে যুক্ত রাজনৈতিক কর্মকাণ্ড একসময় এসব অঞ্চলে বৈধ ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়ায় সেই কর্মকাণ্ডই এখন শাস্তিযোগ্য হয়ে উঠেছে।
বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের সংযোগ ও রাজনৈতিক মূল্য
চীনের সরকারি বয়ানে বৃহত্তর উপসাগরীয় অঞ্চল একটি সমন্বিত অর্থনৈতিক ও প্রযুক্তিগত কেন্দ্র। শেনঝেন, গুয়াংঝু, হংকং ও ম্যাকাওকে একসঙ্গে যুক্ত করে এমন একটি অঞ্চল গড়ে তোলার কথা বলা হচ্ছে, যেখানে প্রতিটি শহরের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখেই অর্থনৈতিক সহযোগিতা বাড়বে।
এপেক সম্মেলনের আগে ম্যাকাওয়ে পর্যটনবিষয়ক এবং হংকংয়ে অর্থবিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনও এই সমন্বিত আঞ্চলিক কাঠামোর অংশ ছিল। শেনঝেনে প্রযুক্তি ছিল সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়।
অর্থনৈতিক সংযোগের এই ধারণা আকর্ষণীয়। কিন্তু এর রাজনৈতিক ও মানবিক দিক উপেক্ষা করার সুযোগ নেই। অঞ্চলটির অর্থনৈতিক একীভূতকরণ যত এগিয়েছে, হংকং ও ম্যাকাওয়ের স্বতন্ত্র রাজনৈতিক পরিসর তত বেশি চাপে পড়েছে বলে সমালোচকেরা মনে করেন।
জিমি লাই, সাংবাদিক গুইনেথ হো এবং আইনজীবী চৌ হাং-তুংয়ের মতো ব্যক্তিরাও কারাবন্দি। তাঁদের ঘটনা দেখায়, আধুনিক অবকাঠামো, প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক সমন্বয়ের পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নটিও এই অঞ্চলের বাস্তবতার অংশ।
শেনঝেনের ঝলমলে আয়োজনের আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোচনায় এসব বিষয় তুলনামূলকভাবে কম জায়গা পেয়েছে। অথচ সম্মেলনের ভৌগোলিক পরিসরের মধ্যেই এই মানবাধিকার সংকটের বাস্তবতা উপস্থিত ছিল।
ইতিহাসের পাঠ কার স্বার্থে?
শি জিনপিং সম্মেলনের সময় ব্যবসায়ী নেতাদের সামনে ইতিহাসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ্যবই হিসেবে উল্লেখ করেছেন। ইতিহাসের গুরুত্ব নিয়ে তাঁর এই বক্তব্য নতুন নয়। এর আগে বিভিন্ন ভাষণেও তিনি একই ধারণা তুলে ধরেছেন।
তবে ইতিহাসকে পাঠ্যবই হিসেবে গ্রহণ করার অর্থ শুধু অতীতের সাফল্য স্মরণ করা নয়। অতীতের ভুল, রাজনৈতিক দমন-পীড়ন এবং ক্ষমতার অপব্যবহার থেকেও শিক্ষা নেওয়া জরুরি।
চীনের অর্থনৈতিক উত্থান, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক কূটনীতিতে ক্রমবর্ধমান প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। শেনঝেন সম্মেলন সেই অগ্রগতিরই একটি বড় প্রদর্শনী। কিন্তু কোনো দেশের বৈশ্বিক মর্যাদা কেবল তার আকাশচুম্বী ভবন, প্রযুক্তি কিংবা আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সক্ষমতা দিয়ে নির্ধারিত হয় না। নাগরিক অধিকার, রাজনৈতিক স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি রাষ্ট্রের আচরণও সেই মূল্যায়নের অংশ।
শেনঝেন সম্মেলন তাই একদিকে চীনের কূটনৈতিক আত্মবিশ্বাস ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পরিচয় দিয়েছে, অন্যদিকে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক আলোচনার ঘাটতিও সামনে এনেছে। সম্মেলনের নতুনত্ব যতই আলোচিত হোক, এর ভেতরে থাকা পুরোনো কৌশল এবং উপেক্ষিত রাজনৈতিক বাস্তবতাই শেষ পর্যন্ত চীনের আন্তর্জাতিক অবস্থান বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ।












