শান্ত চিত্রা নদীর জনপদে যাদের ঘর পুড়ে গেছে
ওই পোড়া ভিটেতে আবার উঠবে ঘর।
এ পৃথিবীতে বহুবার পুড়েছে ঘরের পরে ঘর
পুড়েছে বসতবাটির সবুজ গাছ, পাখির ডিম।
আফ্রিকা থেকে পলিমাটির এ বঙ্গে—
এমনই জ্বলেছে কত আগুন,
ইতিহাসের পাতাও তা জানে না সব।
তারপরে পুড়ে যাওয়া বনে যেমন
ধীরে ধীরে মাথা তোলে সবুজ কুঁড়ি—
একদিন ঘনবন হয়ে—
ভুলে যায় অতীতের আগুনের কথা।
নতুন সুখ-দুঃখ এসে বাসা বাঁধে
নতুন শিশুতে কোলাহল মুখরিত হয়
উঠান।
সেদিন নতুন কোকিল এসে বসে
উঠানের দক্ষিণের কোনো সবুজ গাছের ডালে।
পোড়া ক্ষত অতীতের গর্ভে বিলীন তখন।
বিপরীতে ইতিহাসের পাতায় চিরকাল দগদগে যে ক্ষত রয়ে যায়—
যা মোছে না কখনও, ইতিহাসের পাতা থেকে।
সেসব এমনি একে একে—
আমেরিকার পোটম্যাক তীরে যারা
লাগিয়েছিল আগুন—
ইতিহাস তাদের রেখে দিয়েছে,
পৃথিবীকে কুরে খাওয়া কীটগুলো রাখার ক্ষতর ভেতরে—
আবার যারা আফ্রিকায় মানুষ ও প্রকৃতির
মিলনের সবথেকে শান্ত জনপদে আগুনের বারুদ
নিয়ে নেমেছিল—
ইতিহাস তাদেরও রেখে দিয়েছে ওই কৃমি-কীটের নালায়—
যারা আগুনে পোড়ানো ঢাকতে তুলেছিল
হলওয়ে মনুমেন্ট—তাদেরকেও ইতিহাস ফেলে দিয়েছে
একই ময়লা নর্দমায়—
এই বাংলায় ১৯৭১ সালে যারা লাগিয়েছিল আগুন
তারা আজও প্রজন্ম থেকে প্রজন্মে
নর্দমায় বাস করে—
মানুষের পাশে পায় না স্থান।
আজ যারা পুড়িয়ে করছে ছার
অতি সাধারণ কিছু মানুষের উঠান—
প্রজন্ম থেকে প্রজন্ম
তাদের জন্য ওই একই বিধান।
স্বদেশ রায়ের আরও লেখা
যখন শকুন নামে এই বাংলায়
ইন্দিরা গান্ধীর জন্মদিন: বাংলাদেশে সেক্যুলারিজমের জন্য সংগ্রাম
মৃত্যুর পরে
সরকারের কোর্টে প্রথম রাজনৈতিক বল ঠেলে দিলেন শেখ হাসিনা










