বাংলাদেশের মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (মিডি) বাস্তবায়নে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হতে পারে। একই সঙ্গে এসব বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চাহিদা মেটাতে ২০৪০ সাল নাগাদ বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হতে পারে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ পরিস্থিতি এবং সামগ্রিক জ্বালানি নিরাপত্তার ওপর বড় চাপ তৈরির আশঙ্কা রয়েছে।
জ্বালানি খাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেসের ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের মিডি মহাপরিকল্পনা’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শনিবার কক্সবাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মার্কেট ফোর্সেসের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ
প্রতিবেদন অনুযায়ী, মিডি পরিকল্পনায় চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ ১৩ হাজার মেগাওয়াট নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৯ বিলিয়ন ডলার।
এর পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি পুনর্গ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণে আরও প্রায় এক বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণে বিনিয়োগের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২০ বিলিয়ন ডলার।
২০৪০ সালে এলএনজি আমদানিতে তিন ধরনের ব্যয়ের হিসাব
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪০ সাল নাগাদ বাংলাদেশকে বছরে প্রায় ২৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলে এ জন্য বার্ষিক ব্যয় হতে পারে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার। মধ্যম পরিস্থিতিতে তা বেড়ে দাঁড়াতে পারে ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে। আর উচ্চমূল্য অব্যাহত থাকলে আমদানি ব্যয় পৌঁছাতে পারে ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে।
এ ধরনের ব্যয় দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়াতে পারে। পাশাপাশি আমদানির অর্থ জোগাতে ঋণনির্ভরতা বাড়লে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও ঝুঁকিতে পড়তে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আমদানিনির্ভরতা বাড়লে জ্বালানি সরবরাহে ঝুঁকি
দেশে নিজস্ব গ্যাস উৎপাদন কমে যাওয়ায় আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে কিংবা ভূরাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ বিঘ্নিত হলে বিদ্যুৎ ও শিল্প খাতে সংকট আরও তীব্র হতে পারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ফলে দীর্ঘমেয়াদে আমদানিনির্ভর গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন দেশের জ্বালানি নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
মিডি পরিকল্পনায় জাপানের সরকারি সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং জেরা, সুমিতোমো ও ইতোচুর মতো প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার বিষয়টিও প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।
উপকূলীয় জীবিকা ও পরিবেশের ওপর প্রভাব
প্রতিবেদনে শুধু আর্থিক ঝুঁকি নয়, উপকূলীয় পরিবেশ ও স্থানীয় মানুষের জীবিকার ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে দাবি করা হয়েছে, মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে অন্তত ২০ হাজার লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদনকারীর জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া প্রস্তাবিত গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও কয়লাভিত্তিক প্রকল্পগুলোর পুরো কার্যকাল বিবেচনায় এক বিলিয়ন টনের বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের আশঙ্কা রয়েছে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ
এলএনজি আমদানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে মার্কেট ফোর্সেস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের কারিগরি সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুতের সম্ভাবনা ৩০ গিগাওয়াট।
শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ এবং সঞ্চালনব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ বাড়ালে আমদানিনির্ভরতা কমানো সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শনিবার কক্সবাজারে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশনের পরিচালক মুনিরা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরার আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। এ ছাড়া ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, জাপান সেন্টার ফর আ সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির প্রোগ্রাম ডিরেক্টর ইউকি তানাবে এবং জাপানের জ্বালানি খাতসংশ্লিষ্ট প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য দেন।












