গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে আহত তিন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যকে দেখতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালে যান। সেখানে আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।
হাসপাতালে এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে হামলায় আহত নায়েক মনির
গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন আহত হন। ৪০ বছর বয়সী মনির খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত। হামলায় তাঁর মাথায় আঘাত লাগে।
প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
গাজীপুরে ইটের আঘাতে আহত দুই সদস্য
এর আগে ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে বিজিবির আরও দুই সদস্য আহত হন। তাঁরা হলেন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান এবং সিপাহি (সিগন্যাল) রঞ্জু মিয়া।
৪৭ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। অন্যদিকে, ২৫ বছর বয়সী সিপাহি রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায়। তাঁর ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানেও ক্ষত সৃষ্টি হয়।
বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।












