দেশের চামড়াশিল্পের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করা, উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ (এলএফবি)। সংগঠনটি শিল্পের পুনরুজ্জীবনে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদন, দক্ষ জনবল তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণসহ ১৩ দফা প্রস্তাব তুলে ধরেছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে অলাভজনক জাতীয় শিল্প উন্নয়ন সংস্থা হিসেবে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য, কর্মপরিকল্পনা ও ১৩ দফা প্রস্তাব তুলে ধরা হয়।
শুধু বর্জ্য শোধনাগার দিয়ে সংকট কাটবে না
ফাউন্ডেশনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, চামড়াশিল্পে পরিবেশগত মানদণ্ড পূরণে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি অত্যন্ত জরুরি। তবে শুধু এই ব্যবস্থা দিয়ে শিল্পের সব সমস্যা সমাধান সম্ভব নয়।
খুলনার সুপার এক্স লেদারের উদাহরণ দিয়ে তিনি বলেন, কেবল বর্জ্য শোধনাগার থাকলেই একটি কারখানা সংকটে পড়ত না—এমন নিশ্চয়তা নেই। শিল্পের বাস্তব সমস্যা সমাধানে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে রাসায়নিক সরবরাহ, আমদানি-রপ্তানি এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে সরকারের কার্যকর সহায়তা প্রয়োজন।
ফাউন্ডেশনের মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়াশিল্পের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় তৈরি করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
দক্ষ জনবল ও প্রযুক্তির ঘাটতি বড় বাধা
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব প্রকৌশলী এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ। তিনি বলেন, বাংলাদেশে চামড়াশিল্পের জন্য পর্যাপ্ত দেশীয় কাঁচামাল এবং পরিশ্রমী শ্রমশক্তি রয়েছে। কিন্তু দক্ষ মধ্যম পর্যায়ের কর্মীর অভাব, আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতা এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ পেতে জটিলতা থাকায় বিশ্ববাজারে প্রত্যাশিত অংশীদারত্ব নিশ্চিত করা যাচ্ছে না।
তিনি জানান, ছয়টি স্থায়ী কর্মসূচি শাখার মাধ্যমে ফাউন্ডেশন কার্যক্রম পরিচালনা করবে। প্রথম বছরের পরিকল্পনায় রয়েছে এক হাজার শ্রমিককে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া, ৩০টি কারখানাকে আদর্শ পরিবেশবান্ধব কারখানায় রূপান্তরের উদ্যোগ নেওয়া এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করা।
বিদেশি সংস্থার সঙ্গে কাজ করে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের চামড়াজাত পণ্য ও জুতার বাজার সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হবে।
১৩ দফা প্রস্তাবে নতুন শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয়
ফাউন্ডেশনের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার আধুনিকায়ন এবং নতুন দুটি সিইটিপি নির্মাণ। পাশাপাশি এক থেকে দুটি বিশেষায়িত চামড়াজাত পণ্য ও জুতা শিল্পপার্ক এবং চার থেকে পাঁচটি নতুন চামড়াশিল্প এলাকা গড়ে তোলার দাবি জানানো হয়েছে।
চামড়া ও জুতা খাতের জন্য পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সারা দেশে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণকেন্দ্র ও হিমাগার নির্মাণের প্রস্তাবও রয়েছে। সরকারি বাহিনীর জন্য কেনা জুতা ও সংশ্লিষ্ট সরঞ্জামে দেশীয় চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করার দাবিও তুলেছে সংগঠনটি।
সহজ ঋণ ও কারিগরি প্রশিক্ষণের দাবি
ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চামড়াব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি ব্যবসাবান্ধব নীতির ওপর গুরুত্ব দেন।
সহসভাপতি মাওলানা মাহবুবুল হক বলেন, প্রচলিত লবণ দিয়ে চামড়া সংরক্ষণের পদ্ধতির বাইরে আধুনিক সংরক্ষণ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ প্রয়োজন। এ ক্ষেত্রে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা চেয়েছেন তিনি।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতারা ছাড়াও চামড়াজাত পণ্য প্রস্তুতকারক সংগঠন, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।












