সাভার ও আশুলিয়ায় ভোররাতে পার্ক করে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে পৃথক তিনটি স্থানে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে বাসগুলোতে ওই সময় কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
আশুলিয়ায় আরও দুটি বাসে অগ্নিসংযোগ
আশুলিয়ায় পৃথক দুটি স্থানে আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ী এলাকায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের কাছে পার্ক করা ছিল।
অন্য বাসটি ছিল আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলগুলোতে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসগুলোতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ
অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। একই সঙ্গে সাভার ও আশুলিয়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার ও আশুলিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
তিনটি বাসেই আগুন লাগার সময় কোনো যাত্রী বা কর্মী না থাকায় প্রাণহানি কিংবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।












