রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তের আকাশে সন্দেহজনক তিনটি ড্রোন উড়তে দেখে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ২৭ বিজিবির মারিশ্যা জোনের সদস্যরা ড্রোনগুলো লক্ষ্য করে লাইট মেশিনগান (এলএমজি) দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়েন। তবে ড্রোনগুলোর উৎস, পরিচালনাকারী কিংবা গুলিতে সেগুলোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড্রোনগুলোতে লাল ও সাদা রঙের আলো জ্বলছিল। রাতের অন্ধকারে সীমান্তের আকাশে এগুলো দেখতে পেয়ে সতর্ক অবস্থান নেন দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা।
বিজিবির হেলিপ্যাডের ওপর দেখা যায় ড্রোন
২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ বিজিবির হেলিপ্যাডের ওপর রহস্যময় তিনটি ড্রোন উড়তে দেখা যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের সব সীমান্ত চৌকিকে সতর্ক করা হয়।
পরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার উদ্দেশ্যে এলএমজি দিয়ে ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলি ছোড়ার পরপরই ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায় বলে জানান তিনি।
মেজর সাকিব ইসরাক অপূর্বর ধারণা, পাহাড়ি অঞ্চলের চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অদৃশ্য শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। তবে ড্রোনগুলোর সঙ্গে এমন কোনো তৎপরতার যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
সীমান্তে সর্বোচ্চ সতর্কতা
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। এ ঘটনায় সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাতের অন্ধকারে আকাশের দিকে তাক করে বিজিবি সদস্যদের গুলি ছুড়তে দেখা যায়। এ সময় আকাশে আলোর ঝলকানিও দেখা গেছে।
তবে ড্রোনগুলো কোন স্থান থেকে এসেছে, কারা সেগুলো পরিচালনা করছিল কিংবা গুলিতে কোনো ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সাজেক ও মিজোরাম সীমান্তে বাড়তি টহল
অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ির সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
২৭ বিজিবি মারিশ্যা জোনের দায়িত্বাধীন প্রায় ১৫১ কিলোমিটার সীমান্ত এলাকায় দিন-রাত টহল পরিচালনা করা হচ্ছে। রহস্যময় ড্রোনের ঘটনার পর সীমান্ত চৌকিগুলোকে সতর্ক রাখার পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।












