জাপানের বাজারকে লক্ষ্য করে তৈরি ছোট বৈদ্যুতিক গাড়ি ‘র্যাকো’ এবার দেশের বাইরে বিক্রি করার পরিকল্পনা করেছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। প্রাথমিকভাবে ম্যাকাও ও শ্রীলঙ্কায় গাড়িটির বিক্রি শুরু করা হবে। এরপর চাহিদা বিবেচনা করে ডানহাতি গাড়ি চলাচল করে—এমন আরও দেশ ও অঞ্চলে মডেলটি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
জাপানের ছোট গাড়ির বিশেষ শ্রেণি ‘কেই’ বা ক্ষুদ্র গাড়ির নির্ধারিত দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সীমা মেনে র্যাকো তৈরি করেছে বিওয়াইডি। জাপানের বাজারের জন্য গাড়িটি শুরু থেকে নতুন করে নকশা ও উন্নয়ন করা হয়েছে।
র্যাকোর জন্য ম্যাকাওয়ে ইতোমধ্যে বুকিং নেওয়া শুরু হয়েছে। শ্রীলঙ্কায় শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে গাড়িটির বাজারজাত কার্যক্রম শুরুর কথা রয়েছে।

জাপানের কানাগাওয়া প্রিফেকচারের হিরাতসুকা শহরের একটি বিওয়াইডি বিক্রয়কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক বাজারে র্যাকো বিক্রির পরিকল্পনার কথা জানানো হয়। জাপানে বিওয়াইডির গাড়ি সরবরাহ ১০ হাজার ইউনিটে পৌঁছানো উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
জাপানের যাত্রীবাহী গাড়ির বাজারে বিওয়াইডির প্রবেশ ২০২৩ সালের জানুয়ারিতে। প্রায় চার বছরে দেশটিতে কোম্পানিটি ১০ হাজার গাড়ি সরবরাহ করেছে। বিওয়াইডির ভাইস প্রেসিডেন্ট লিউ শুয়েলিয়াং বলেন, পরবর্তী ১০ হাজার গাড়ির মাইলফলকে পৌঁছাতে আরও কম সময় লাগবে বলে তারা আশা করছেন।
তিনি বলেন, জাপানে বিক্রয় নেটওয়ার্ক ও বিক্রয়-পরবর্তী সেবা ব্যবস্থা আরও শক্তিশালী করাই তাদের অন্যতম লক্ষ্য।

র্যাকো নিয়ে এরই মধ্যে জাপানের বাজারে ভালো সাড়া পাওয়ার কথাও জানিয়েছে বিওয়াইডি। কোম্পানিটির তথ্য অনুযায়ী, মডেলটি বাজারে আসার প্রায় দুই মাসের মধ্যেই মোট অর্ডার ২ হাজার ইউনিটের কাছাকাছি পৌঁছেছে।
বিওয়াইডির পক্ষ থেকে বলা হয়েছে, আরও বেশি মানুষের কাছে র্যাকোর ব্যবহারিক সুবিধা তুলে ধরতে পারলে গাড়িটির বিক্রি বাড়ানোর সুযোগ তৈরি হবে। বিশেষ করে জাপানের মতো ডানহাতি গাড়ি চলাচলকারী বাজারগুলোকে সম্ভাবনাময় হিসেবে দেখছে কোম্পানিটি।
ছোট আকার, বিদ্যুৎচালিত প্রযুক্তি এবং শহুরে ব্যবহারের উপযোগিতাকে সামনে রেখে র্যাকোকে আন্তর্জাতিক বাজারে নেওয়ার উদ্যোগ বিওয়াইডির বৈশ্বিক সম্প্রসারণ কৌশলের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। জাপানের জন্য তৈরি একটি নির্দিষ্ট আকারের ছোট বৈদ্যুতিক গাড়ি অন্যান্য বাজারে কতটা জনপ্রিয় হয়, এখন সেটিই দেখার বিষয়।












