হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় এক শিক্ষককে ঘুষি মারার অভিযোগ উঠেছে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২৮ অক্টোবর) দিনভর উত্তেজনা ও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাস। অভিযুক্ত শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন অন্য শিক্ষার্থীরা।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফারহান মিয়া। তিনি ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণিতে পড়েন। আর তাঁর বিরুদ্ধে অভিযোগ, পরীক্ষার হলে নকল করতে বাধা দেওয়ায় শিক্ষক আল-আমিনকে ঘুষি মেরেছেন তিনি।
ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা চলাকালে। অভিযোগ অনুযায়ী, পরীক্ষার সময় ফারহানকে নকল করতে বাধা দেন শিক্ষক আল-আমিন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ফারহান শিক্ষককে লক্ষ্য করে ঘুষি মারেন বলে জানা গেছে।
শিক্ষকের ওপর এমন আচরণের খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিষ্ঠানের মাঠে জড়ো হন। তাঁরা অভিযুক্ত শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি সামাল দিতে প্রথমে ঘটনাস্থলে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী। পরে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। বিকেল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত ১০টা পর্যন্ত তাঁরা দফায় দফায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। দীর্ঘ সময় ধরে চলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা।
এ সময় স্থানীয় সংসদ সদস্য সৈয়দ ফয়সল মুঠোফোনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হন।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। চুনারুঘাট থানা পুলিশ, এসআরবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রিজার্ভ ফোর্সের সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেন। পুলিশ লাঠিচার্জ বা বলপ্রয়োগ না করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু নাসের বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ঘটনার পর শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়লে তিনি দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী ও সহকারী পুলিশ সুপার রাফিউর রহমানের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী ফারহানকে দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়েছিলেন। দীর্ঘ সময় ধরে আলোচনার মাধ্যমে সব পক্ষকে শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।












