চীনের অর্থনীতি যখন ভোক্তা ব্যয়ের মন্দা, দুর্বল খুচরা বিক্রি এবং মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে চাপে, তখন দেশটির খুচরা ব্যবসায় সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে। বড় শহর থেকে ছোট জনপদ—সর্বত্র দ্রুত বাড়ছে চা, কফি, ফাস্টফুড, স্ন্যাকস ও হোটেলের চেইন ব্যবসা। একসময় বিচ্ছিন্নভাবে পরিচালিত ছোট দোকানগুলো এখন যুক্ত হচ্ছে বড় বড় ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্কে। আর এই পরিবর্তন শুধু চীনের বাজারেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়ছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে।
চীনের এই নতুন ব্যবসায়িক প্রবণতার অন্যতম উদাহরণ ইয়াংগুফু। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ইয়াং গুওফু নব্বইয়ের দশকে উত্তর-পূর্ব চীনের একটি শহরে ভ্রাম্যমাণ গাড়িতে স্কুইড ভেজে বিক্রি করতেন। তখন রাস্তার হকারদের উচ্ছেদে নিয়োজিত নগর প্রশাসনের কর্মকর্তাদের এড়িয়ে ব্যবসা করতে হতো তাঁকে। সেই ছোট উদ্যোগই এখন আন্তর্জাতিক রেস্তোরাঁ ব্র্যান্ডে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে সাত হাজারের বেশি বিক্রয়কেন্দ্র রয়েছে। চীনের বাইরেও ২০টির বেশি দেশে ব্যবসা সম্প্রসারণ করেছে তারা। গত বছর লন্ডন ও রোমে এবং গত মাসে লুক্সেমবার্গে নতুন শাখা খুলেছে প্রতিষ্ঠানটি।
ভোক্তা ব্যয় কমলেও বাড়ছে দোকানের সংখ্যা
চীনের খুচরা বাজারের বর্তমান পরিস্থিতি বেশ বৈপরীত্যপূর্ণ। গত সেপ্টেম্বরে দেশটির খুচরা বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে মাত্র ১ দশমিক ১ শতাংশ। পশ্চিমা অনেক জনপ্রিয় ব্র্যান্ডও বাজারে চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিন্তু এর মধ্যেই স্থানীয় ব্র্যান্ডগুলোর দোকান দ্রুত বাড়ছে।
নানচাংয়ের মতো শহরে প্রায় প্রতিটি মোড়েই দেখা মিলছে গুডমির চায়ের দোকান। একইভাবে ব্যস্ত মিংয়ের মতো প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মিষ্টি, চিপস ও শুকনো মাংসজাতীয় খাবার বিক্রি করছে। আর ঠান্ডা পানীয় বিক্রির ব্র্যান্ড মিক্সুর বরফমানব আকৃতির প্রতীক এখন চীনের শহরগুলোর পরিচিত দৃশ্য।
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের শীর্ষ ৩০০টি খাদ্য ও পানীয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে পাঁচ লাখের বেশি নতুন বিক্রয়কেন্দ্র চালু করেছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি ব্যবসার বিকাশের শুরুর পর্যায়ে ১৯৬৪ থেকে ১৯৬৯ সালের মধ্যে যতগুলো নতুন কেন্দ্র চালু হয়েছিল, চীনের সাম্প্রতিক সম্প্রসারণ তার প্রায় পাঁচ গুণ।
এই প্রবৃদ্ধির পেছনে ২০২৫ সালে অন্তত ১০০ বিলিয়ন ইউয়ান বা প্রায় ১৫ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ যুক্ত হয়েছে বলে হিসাব করেছে দ্য ইকোনমিস্ট। এর বড় অংশ এসেছে সাধারণ পরিবারের সঞ্চয় থেকে।
সরবরাহব্যবস্থাই চীনা ফ্র্যাঞ্চাইজির শক্তি
চীনের ফ্র্যাঞ্চাইজি মডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর সরবরাহব্যবস্থা। যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ডসের মতো প্রতিষ্ঠানের আয় আসে মূলত ফ্র্যাঞ্চাইজি ফি, রয়্যালটি ও সম্পত্তি ভাড়া থেকে। ম্যাকডোনাল্ডস নিজেই অনেক রেস্তোরাঁর জমি ও ভবনের মালিক।
চীনের প্রতিষ্ঠানগুলো ভিন্ন কৌশলে এগোচ্ছে। তারা ফ্র্যাঞ্চাইজি পরিচালনাকারীদের কাছে কাঁচামাল, খাদ্য উপকরণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করে। পাশাপাশি গড়ে তুলেছে বিস্তৃত পরিবহন ও সরবরাহ নেটওয়ার্ক। ফলে কম খরচে পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে এবং প্রতিষ্ঠানগুলো সরবরাহ থেকেই বড় অংশের আয় করছে।
মিক্সুর ক্ষেত্রে এই মডেল বিশেষভাবে কার্যকর। প্রতিষ্ঠানটির আয়ের প্রায় পুরোটাই আসে ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে কাঁচামাল ও সংশ্লিষ্ট উপকরণ বিক্রি থেকে।
অন্যদিকে দুর্বল ভোক্তা চাহিদার কারণে চীনের খুচরা বাজারে মুনাফার হার কমে এসেছে। ফলে ব্যবসায় টিকে থাকতে বড় পরিসরে কার্যক্রম পরিচালনা জরুরি হয়ে পড়েছে। দ্রুত নতুন দোকান খোলার জন্য প্রতিষ্ঠানগুলো ফ্র্যাঞ্চাইজি পদ্ধতির ওপর নির্ভর করছে। নতুন উদ্যোক্তাদের আকৃষ্ট করতে নিবন্ধন ফি ও রয়্যালটিও তুলনামূলক কম রাখা হচ্ছে।
অল্প বিনিয়োগে ব্যবসার সুযোগ
এই মডেল সাধারণ উদ্যোক্তাদের জন্যও নতুন সুযোগ তৈরি করছে। কফি ব্র্যান্ড কট্টি ২০২২ সালের পর থেকে ১৮ হাজারটি দোকান খুলেছে। প্রতিষ্ঠানটি ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়ীদের কাছ থেকে প্রাথমিক কোনো ফি নেয় না।
অন্যদিকে ইয়াংগুফুর একটি দোকান চালু করতে প্রাথমিক ফি মাত্র ৮ হাজার ৮৮৮ ইউয়ান। এরপর বছরে ব্যবস্থাপনা ফি দিতে হয় ৫ হাজার ইউয়ান। দোকান ভাড়া, সাজসজ্জা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যয় বহন করেন উদ্যোক্তা।
ইয়াংগুফুর ব্যবসায়িক কাঠামোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হলো মালাতাং স্যুপের বিশেষ মসলা ও স্যুপের ভিত্তি উপকরণ। প্রতিষ্ঠানটির মোট আয়ের প্রায় ৯০ শতাংশ আসে এই উপকরণ বিক্রি থেকে।
পরিবারের সঞ্চয় থেকে তৈরি হচ্ছে নতুন ব্যবসায়িক পুঁজি
চীনে খুচরা ব্যবসার সম্প্রসারণে বড় ভূমিকা রাখছে সাধারণ মানুষের সঞ্চয়। দেশটির পুঁজিবাজারে খুচরা ব্যবসার জন্য অর্থ সংগ্রহ সহজ নয়। সরকারের নীতিগত অগ্রাধিকারে চিপ উৎপাদন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিনির্ভর খাত বেশি গুরুত্ব পাচ্ছে। ফলে ২০২২ সালের পর থেকে মূল ভূখণ্ডের শেয়ারবাজারে সংগৃহীত মোট ইকুইটি মূলধনের ২ শতাংশেরও কম পেয়েছে খুচরা ব্যবসা।
একসময় চীনের পরিবারগুলো তাদের সঞ্চয়ের বড় অংশ আবাসন খাতে বিনিয়োগ করত। ২০২১ সালে কোনো কোনো হিসাবে পরিবারের মোট সম্পদের ৮০ শতাংশ পর্যন্ত আবাসনসম্পদের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু আবাসনবাজারের মন্দার পর সেই বিনিয়োগের প্রবাহ কমে যায়। অনেক অর্থ ব্যাংকে জমা থাকলেও এখন তার একটি অংশ ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় যাচ্ছে।
চীনের সীমানা পেরিয়ে বিশ্ববাজারে
দেশীয় বাজারে সাফল্যের পর চীনা ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলো বিদেশেও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। গত বছরের শেষ নাগাদ চীনের শীর্ষ ৫০টি খাদ্য ও পানীয় খুচরা প্রতিষ্ঠানের বিদেশে সম্মিলিত বিক্রয়কেন্দ্রের সংখ্যা অন্তত ৬ হাজার ৮০০ বলে ধারণা করা হয়।
বিদেশের বাজারে এসব প্রতিষ্ঠানের জন্য মুনাফার সুযোগও তুলনামূলক বেশি। তবে আন্তর্জাতিক পর্যায়ে সরবরাহব্যবস্থা গড়ে তোলা বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় কিছু প্রতিষ্ঠান নতুন পদ্ধতি নিচ্ছে। চীনের একটি হোটেল চেইন ইউরোপে হোটেল নির্মাণের খরচ কমাতে এবং একই ধরনের কাঠামো নিশ্চিত করতে প্রস্তুতকৃত কক্ষের মডিউল পাঠানো শুরু করেছে।
দ্রুত সম্প্রসারণের সঙ্গে বাড়ছে ঝুঁকি
তবে ফ্র্যাঞ্চাইজি ব্যবসার দ্রুত বিস্তার সব প্রতিষ্ঠানের জন্য সাফল্য বয়ে আনছে না। নতুন দোকান খোলার পাশাপাশি অনেক দোকান বন্ধও হয়ে যাচ্ছে। গত বছর মিক্সুর দুই হাজার ৫০০টির বেশি বিক্রয়কেন্দ্র বন্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফ্র্যাঞ্চাইজি মালিকদের ব্যবসা পরিচালনার ধরন, মান নিয়ন্ত্রণ এবং প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা অনুসরণে অসংগতি তৈরি হচ্ছে। দ্রুত সম্প্রসারণের ফলে সব দোকানে একই মান বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে।
চায়ের দোকানের দ্রুত সম্প্রসারণকারী প্রতিষ্ঠান তিয়ানলালা এ বছর অনলাইনে গ্রাহকদের অভিযোগের মুখে নিজেদের পরিচালনাগত দুর্বলতা স্বীকার করেছে। পরে প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি দোকান জোরপূর্বক বন্ধ করে দেয়।
চীনের ফ্র্যাঞ্চাইজি বিপ্লব তাই শুধু নতুন ব্যবসার উত্থানের গল্প নয়; এটি ভোক্তা অর্থনীতির পরিবর্তন, পারিবারিক সঞ্চয়ের নতুন ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারে চীনা ব্র্যান্ডের বিস্তারেরও প্রতিচ্ছবি। তবে নতুন দোকান খোলার গতি ধরে রাখার চেয়েও বড় পরীক্ষা হবে পণ্যের মান, পরিচালনাগত শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি মুনাফা নিশ্চিত করা।












