কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকার একটি রেস্তোরাঁর পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বালুখালী ক্যাম্প এলাকার হাইওয়ে রেস্টুরেন্টের পেছনে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তাঁদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, উদ্ধার করা মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, ওই নারীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।












