লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছ থেকে অবস্থান সরিয়ে নিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রভাব আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে এশিয়া থেকে ইউরোপগামী বাণিজ্যিক জাহাজ চলাচল এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি নতুন ঝুঁকির মুখে পড়তে পারে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী রোববার জানিয়েছে, বাব আল-মানদেব প্রণালির কাছে তায়েজ প্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত দুবাব বিমানবন্দরসহ কয়েকটি অবস্থান থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে। এসব সেনাকে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের প্রতিরক্ষা জোরদারে নিয়োজিত করা হবে।
প্রতিবেশী লাহজ প্রদেশে হুতিদের অগ্রযাত্রার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্রোহীরা এডেনের দিকে এগিয়ে আসায় শহরটির নিরাপত্তা নিশ্চিত করাকে এখন অগ্রাধিকার দিচ্ছে সরকারি বাহিনী।
এক বিবৃতিতে দক্ষিণাঞ্চলীয় সশস্ত্র বাহিনী জানায়, এডেন ও আশপাশের প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিরক্ষা অবস্থান শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে।
বাহিনীর সামরিক মুখপাত্র মাজিদ আল-নাজিলি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাব আল-মানদেব প্রণালি ও ইয়েমেনের পশ্চিম উপকূলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় সহায়তার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য এই নৌপথের গুরুত্বের কথাও তুলে ধরেছেন তিনি।
কেন এত গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব
বাব আল-মানদেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এই পথ দিয়েই এশিয়া ও ইউরোপের মধ্যে জাহাজ চলাচলের একটি বড় অংশ সুয়েজ খাল হয়ে সম্পন্ন হয়।
বিশেষ করে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাব আল-মানদেবের গুরুত্ব আরও বেড়েছে। ফলে এই পথের ওপর হুতিদের প্রভাব বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানিতে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে।
শরণার্থী শিবিরেও ছড়িয়ে পড়ছে সংঘাত
ইয়েমেনের সংঘাতের প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপরও। লাহজ প্রদেশের খারাজ শরণার্থী শিবিরে প্রায় ৯ হাজার ৬০০ বাস্তুচ্যুত মানুষ বসবাস করছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, নিরাপত্তাহীনতা ও আশপাশে গোলাবর্ষণের কারণে শিবিরটির জরুরি সেবায় বিঘ্ন ঘটেছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে সরে যেতে বাধ্য হয়েছে।
ইয়েমেনের মানবাধিকার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শরণার্থী শিবিরে গোলাবর্ষণে সোমালীয় এক নারী নিহত হয়েছেন।
এদিকে দেশটির তৃতীয় বৃহত্তম শহর তায়েজেও মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে। সংঘর্ষের কারণে সেখানে ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে এবং বেসামরিক মানুষের শহর ছেড়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। সাম্প্রতিক সংঘাতের কারণে প্রায় ১ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ শহরটিতে আশ্রয় নিয়েছেন।
নতুন করে তীব্র হচ্ছে সামরিক উত্তেজনা
২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে হুতিরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।
জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে যুদ্ধবিরতির পর সংঘাত অনেকটা কমে এলেও চলতি বছরের জুলাইয়ে নতুন করে লড়াই শুরু হয়। এরপর সেপ্টেম্বরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে মোখা বন্দরনগরী এবং লোহিত সাগরের পেরিম, জুকার ও হানিশ দ্বীপপুঞ্জের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয় হুতিরা। পরে সরকারি বাহিনী উপকূলের কিছু অবস্থান পুনর্দখল করলেও রোববার সেখান থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়।
এদিকে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে হুতিরা। রোববার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মক্কা ও মদিনা অঞ্চলের আকাশে তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
হুতিরা এর আগে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছিল। তবে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং বাব আল-মানদেবের আশপাশে সরকারি বাহিনীর অবস্থান ছেড়ে দেওয়ার ঘটনা ইয়েমেনের সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা বাড়িয়েছে।












