শিশুদের বই পড়ায় আগ্রহী করতে প্রচলিত উপদেশ, বক্তৃতা কিংবা বাধ্যতামূলক পাঠের পদ্ধতি খুব একটা কার্যকর হচ্ছে না। ডিজিটাল গেম, আকর্ষণীয় ছবি ও বিনোদনের নানা উপকরণে অভ্যস্ত নতুন প্রজন্মের কাছে বইকে আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন ভিন্নধর্মী উদ্যোগ। এ ক্ষেত্রে ফ্যান্টাসি বা কল্পনানির্ভর সাহিত্য শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলা এবং শিক্ষাকে আনন্দময় করে তোলার কার্যকর মাধ্যম হতে পারে।
ইরানের বার্তা সংস্থা আইবিএনএতে প্রকাশিত লেখক জোহরে মাসকানির এক নিবন্ধে বলা হয়েছে, বছরের পর বছর বই সপ্তাহে নানা আয়োজন, পাঠের হার নিয়ে উদ্বেগ প্রকাশ এবং শিশুদের বই পড়ার উপদেশ দেওয়া হলেও প্রত্যাশিত ফল মিলছে না। কারণ, একদিকে শিশুরা একুশ শতকের ডিজিটাল বিনোদনের জগতে বেড়ে উঠছে, অন্যদিকে তাদের বই পড়াতে ব্যবহার করা হচ্ছে পুরোনো পদ্ধতি ও একঘেয়ে নীতিকথা।
উপদেশ নয়, বিস্ময় দিয়ে বইয়ের প্রতি আগ্রহ
শিশুদের পাঠক হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই তাদের কৌতূহলী ও বিস্মিত করতে হবে। লেখাটিতে বলা হয়েছে, ‘এটা করতেই হবে’—এমন নির্দেশনামূলক মনোভাব এবং নীতিকথায় ভরা বইয়ের মাধ্যমে শিশুদের দীর্ঘমেয়াদে বইমুখী করা কঠিন। বরং ফ্যান্টাসি সাহিত্য তাদের কল্পনাশক্তিকে সক্রিয় করে এবং বই পড়াকে বিদ্যালয়ের বাধ্যতামূলক কাজের পরিবর্তে ব্যক্তিগত অভিযানে পরিণত করে।
প্রচলিত ধারণায় ফ্যান্টাসিকে অনেক সময় বাস্তবতা থেকে বিচ্ছিন্ন কল্পনাবিলাস হিসেবে দেখা হয়। কিন্তু এই সাহিত্যধারা বাস্তবতাকে নতুনভাবে তুলে ধরার সুযোগ তৈরি করে। বাস্তব জীবনে শিশুরা সাধারণত বড়দের তৈরি নিয়ম ও সীমাবদ্ধতার মধ্যে থাকে। ফ্যান্টাসির জগতে সেই নিয়মগুলো সাময়িকভাবে ভেঙে যায়। অচেনা চরিত্র, রহস্য ও নতুন জগতের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে শিশু নিজের মধ্যে আবিষ্কার, সিদ্ধান্ত নেওয়া এবং সক্রিয় অংশগ্রহণের অনুভূতি পায়।
পরিবেশশিক্ষায় কল্পনার ব্যবহার
পরিবেশগত সংকটের মতো জটিল বিষয় শিশুদের বোঝানোর ক্ষেত্রেও ফ্যান্টাসি সাহিত্যের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বর্জ্য আলাদা করা, পুনর্ব্যবহার কিংবা পরিবেশ রক্ষার মতো বিষয় বহু বছর ধরে শিশুদের কাছে সরাসরি নির্দেশনা, প্রচারপত্র ও উপদেশের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কিন্তু এসব পদ্ধতি অনেক সময় তাদের মধ্যে আগ্রহ তৈরির বদলে বিরক্তি কিংবা পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
এই অভিজ্ঞতা থেকেই লেখক ‘তারাভরা টুপির পিঁপড়া’ নামে একটি বই লেখার সময় শিশুদের কাছে পৃথিবীর সংকটকে ভিন্নভাবে উপস্থাপনের কথা ভেবেছেন। বইটির কেন্দ্রীয় চরিত্র ‘মোরাহ’—অন্য একটি গ্রহ থেকে আসা এক ভ্রমণকারী পিঁপড়া। গল্পের দুই শিশুচরিত্রের সঙ্গে তার পরিচয় ও অভিযানের মধ্য দিয়ে বর্জ্য আলাদা করা এবং আধুনিক ব্যবস্থার ব্যবহারকে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ রহস্য হিসেবে তুলে ধরা হয়েছে।
এখানে শিশুদের সরাসরি বলা হয়নি যে বড়দের নির্দেশ মেনে বর্জ্য আলাদা করতে হবে। বরং গল্পের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে তাদের সামনে পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। ফলে একটি দৈনন্দিন কাজও কল্পনার জগতে গুরুত্বপূর্ণ অভিযানের অংশ হয়ে উঠেছে।
পাঠাভ্যাস ও নাগরিক দায়িত্বের যোগসূত্র
লেখকের বর্ণনা অনুযায়ী, বইটি নিয়ে শিশুদের প্রতিক্রিয়া ছিল উল্লেখযোগ্য। যারা হয়তো পরিবেশবিষয়ক প্রচারপত্র পড়তে আগ্রহী হতো না, তারাই গল্পের বইটি আগ্রহ নিয়ে পড়েছে। পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে তাদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে তারা বইটিকে যত্ন করে নিজেদের কাছে রেখেছে।
এই অভিজ্ঞতা দেখিয়েছে, গল্পের মাধ্যমে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিশুদের নাগরিক দায়িত্ববোধও জাগিয়ে তোলা সম্ভব। বিশেষ করে পরিবেশের মতো বিষয়ে কেবল তথ্য দেওয়া নয়, বরং শিশুকে গল্পের অংশ করে তোলা শিক্ষাকে আরও অর্থবহ করতে পারে।
শিক্ষাব্যবস্থায় কল্পনাকে গুরুত্ব দেওয়ার আহ্বান
বই সপ্তাহকে সামনে রেখে নিবন্ধে শিক্ষাব্যবস্থার প্রতি প্রচলিত নির্দেশনামূলক পদ্ধতি থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। ফ্যান্টাসি সাহিত্য শিক্ষার প্রতিদ্বন্দ্বী নয়; বরং শেখার আগ্রহ বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। বই পড়ার অভ্যাস তৈরি করতে হলে শিশুদের কল্পনাশক্তিকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের বয়স ও আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গল্পের সুযোগ তৈরি করতে হবে।
শিশুরা যখন গল্পের চরিত্রের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারে, তখন বই তাদের কাছে আর কেবল পাঠ্যবস্তু থাকে না। তা হয়ে ওঠে আবিষ্কার, আনন্দ ও অভিজ্ঞতার জগৎ। আর সেই জগতের মধ্য দিয়েই তারা বাস্তব পৃথিবীর সমস্যা ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারে। কখনো কখনো পৃথিবীর সংকট বোঝাতে শিশুকে সরাসরি উপদেশ দেওয়ার চেয়ে দূর মহাকাশ থেকে আসা এক কল্পনার পিঁপড়ার গল্প শোনানোই বেশি কার্যকর হতে পারে।












