পঞ্চাশ বছর পেরিয়েও সংগীতের আবেদন যে সময়ের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে, তারই উজ্জ্বল প্রমাণ দিলেন কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী স্টিভি ওয়ান্ডার। নিজের ঐতিহাসিক অ্যালবাম ‘সংস ইন দ্য কি অব লাইফ’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত কনসার্টে ৭৬ বছর বয়সী এই শিল্পী প্রায় তিন ঘণ্টা গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন। তাঁর কণ্ঠ, বাদ্যযন্ত্রে দক্ষতা ও মঞ্চের প্রাণবন্ত উপস্থিতি মনে করিয়ে দিয়েছে, পাঁচ দশক আগের সৃষ্টিশীল শক্তি এখনো তাঁর সংগীতে বহমান।
নিউইয়র্ক টাইমসের সংগীত সমালোচক ওয়েসলি মরিসের পর্যালোচনায় উঠে এসেছে, বৃহস্পতিবারের এই পরিবেশনা ছিল কেবল একটি পুরোনো অ্যালবামের বার্ষিকী উদ্যাপন নয়; বরং সংগীতশিল্পী, তাঁর দল এবং দর্শকদের সম্মিলিত আনন্দের এক বিরল অভিজ্ঞতা।
অ্যালবামের ধারাবাহিকতায় সাজানো পরিবেশনা
১৯৭৬ সালে প্রকাশিত ‘সংস ইন দ্য কি অব লাইফ’ স্টিভি ওয়ান্ডারের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত। দ্বৈত অ্যালবামটির মূল ১৭টি গানের ক্রম অনুসরণ করেই সাজানো হয়েছে কনসার্টের পরিবেশনা। প্রকাশনার সময় অ্যালবামের সঙ্গে যুক্ত অতিরিক্ত চারটি গানও মূল ধারার বাইরে উপযুক্ত জায়গায় যুক্ত করা হয়েছে।
‘অল ডে সাকার’ গানটি ‘ব্ল্যাক ম্যান’-এর পর পরিবেশন করায় দুটি গানের সংগীতধারার পার্থক্য নতুনভাবে ফুটে ওঠে। মূল অ্যালবামের গানগুলোর পাশাপাশি ওয়ান্ডার বিভিন্ন গানের ছোট ছোট অংশ মিলিয়ে পরিবেশনায় বৈচিত্র্য আনেন। ফলে পাঁচ দশক আগের সংগীতও বড় মঞ্চে নতুন প্রাণ ফিরে পায়।
কনসার্টে ওয়ান্ডার কখনো কিবোর্ড, কখনো পিয়ানো, আবার কখনো হারমোনিকা হাতে মঞ্চ মাতিয়েছেন। একটি গানের কথা ভুলে যাওয়ার ঘটনাকেও তিনি রসিকতায় পরিণত করেন। ‘হ্যাভ আ টক উইথ গড’ গাইতে গিয়ে উচ্ছ্বাসে গানের কথা গুলিয়ে ফেলার বিষয়টি নিজেই গানের ছলে স্বীকার করেন। দর্শকদের সঙ্গে কথোপকথন, পরিবারের ছবি প্রদর্শন এবং নিউইয়র্কের মেয়র মামদানির প্রশংসাও ছিল অনুষ্ঠানের অংশ।
সংগীতদলের সম্মিলিত শক্তি
এই কনসার্টের অন্যতম আকর্ষণ ছিল বড় সংগীতদলের সমন্বিত পরিবেশনা। দলে ছিলেন তিনজন পারকাশনবাদক, ছয়জন ব্যাকিং ভোকালিস্ট, পাঁচজন ব্রাসবাদক, নয়জন স্ট্রিংবাদক, তিনজন কিবোর্ডবাদক, দুইজন হারমোনিকা শিল্পী এবং একাধিক গিটারবাদক। দীর্ঘদিনের সহযোগী বেসবাদক নাথান ওয়াটসও ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ‘সংস ইন দ্য কি অব লাইফ’ অ্যালবামের সময় থেকেই ওয়ান্ডারের সঙ্গে কাজ করছেন।
সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন গ্রেগ ফিলিংগেনস। ওয়ান্ডার যখন তাঁকে ‘কি অব লাইফ’ অ্যালবামে বাজানোর জন্য বেছে নিয়েছিলেন, তখন তাঁর বয়স ২০-ও হয়নি। পাঁচ দশক পর সেই শিল্পীই বার্ষিকী কনসার্টের সংগীত পরিচালনা করছেন। সাদা টাক্সেডো জ্যাকেট পরে মঞ্চে তাঁর উচ্ছ্বাস ও প্রাণবন্ত অংশগ্রহণ দর্শকদের পাশাপাশি সমালোচকেরও নজর কেড়েছে।
‘স্যার ডিউক’ থেকে ‘আই উইশ’—একটির পর একটি গান পরিবেশনের সময় সংগীতদলের সদস্যদের উচ্ছ্বাস স্পষ্ট হয়ে ওঠে। ‘সামার সফট’ ও ‘অর্ডিনারি পেইন’-এর পরিবেশনাতেও ছিল নাটকীয়তা, শক্তিশালী কণ্ঠ এবং বাদ্যযন্ত্রের দীর্ঘ সংগীতায়োজন। বিশেষ করে পিয়ানো ও অর্গানের সম্মিলিত পরিবেশনা কনসার্টে আলাদা মাত্রা যোগ করে।
আনন্দের আড়ালে শান্তি ও মানবিকতার বার্তা
স্টিভি ওয়ান্ডারের এই পরিবেশনা শুধু সংগীতের নৈপুণ্য দেখানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাঁর গানের কথায় যেমন ক্ষোভ, প্রতিবাদ ও সামাজিক প্রশ্ন রয়েছে, তেমনি রয়েছে শান্তি, ভালোবাসা এবং মানুষের প্রতি দায়িত্ববোধের আহ্বান।
ওয়েসলি মরিসের মূল্যায়নে, বর্তমানের বিভ্রান্তি ও সংকটময় সময়ে এই কনসার্ট দর্শকদের জন্য ছিল আশ্বাসের মতো। ‘সংস ইন দ্য কি অব লাইফ’ মানুষের সামনে আবেগ ও নৈতিকতার এক স্পষ্ট উপলব্ধি তুলে ধরে। গানগুলো মনে করিয়ে দেয়, পৃথিবীকে ভালোবাসার এবং একে অপরের প্রতি সদয় থাকার কারণ এখনো শেষ হয়ে যায়নি।
পঞ্চাশ বছর পরও অ্যালবামটির সংগীতশক্তি অক্ষুণ্ন। আর স্টিভি ওয়ান্ডার ও তাঁর দীর্ঘদিনের সহযোগীদের মঞ্চে সেই সংগীতের পুনর্জন্ম দেখিয়ে দিল, একটি মহান অ্যালবাম শুধু স্মৃতির বিষয় হয়ে থাকে না—প্রজন্মের পর প্রজন্মকে আনন্দ, অনুপ্রেরণা ও মানবিকতার বার্তা দিতে পারে।












