সংকটের নয় বছর পেরিয়ে রোহিঙ্গা শিবিরে ত্রাণ কমে আসছে, অথচ প্রত্যাবাসনের নিশ্চয়তা নেই। এ অবস্থায় শিবিরে দক্ষতা প্রশিক্ষণ ও জীবিকার কার্যক্রম বাড়ানোর কথা ভাবছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় এক নীতি সংলাপে গবেষকেরা জরুরি ত্রাণের বাইরে গিয়ে শিক্ষা ও কাজের সুযোগ বাড়ানোর সুপারিশ করেন। রোহিঙ্গা শিবিরে কাজের সুযোগ বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তারাও সংলাপে মত দেন।
সংলাপে ব্র্যাকের দুটি গবেষণার ফল তুলে ধরা হয়। উখিয়া ও টেকনাফের ১৫ থেকে ৩৫ বছর বয়সী ১ হাজার ১৫২ জনের ওপর এসব গবেষণা চালানো হয়। তাঁদের অর্ধেক রোহিঙ্গা শরণার্থী, অর্ধেক স্থানীয় বাসিন্দা। গবেষণায় দেখা গেছে, শর্ত পূরণ হলে ৭৬.৭ শতাংশ রোহিঙ্গা মিয়ানমারে ফিরতে চান। নাগরিকত্ব ও সমান অধিকার পেলে ফিরবেন ৮২.৬ শতাংশ। ত্রাণ কমলেও ৫২.৬ শতাংশ থেকে যাবেন বলে জানিয়েছেন। আয় আছে এমন রোহিঙ্গাদের ৭৯.৩ শতাংশ ফেরার পক্ষে, আয় না থাকাদের মধ্যে এই হার ৫৩.৪ শতাংশ। তরুণ নারীদের ৮৪.৫ শতাংশ পড়াশোনা বা কাজ, কোনোটিতেই নেই।
আয় করা রোহিঙ্গা তরুণেরা ফিরে যেতে বেশি আগ্রহী, এই তথ্য একটি পুরোনো আশঙ্কাকে প্রশ্নের মুখে ফেলেছে। আশঙ্কাটি হলো, জীবিকার সুযোগ থাকলে মানুষ প্রত্যাবাসনে নিরুৎসাহিত হবে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ত্রাণ কমালে মানুষ ঘরে ফেরে না, বরং নৌকায় ওঠে বা আড়ালে চলে যায়। তাঁর মতে, বাংলাদেশ নয় বছর ধরে এমনভাবে পরিকল্পনা করেছে যেন প্রত্যাবাসন আসন্ন। কর্মসংস্থানের অস্পষ্ট নিয়মের সুযোগে দালালেরা রোহিঙ্গা শ্রমিকদের শোষণ করছে এবং স্থানীয় শ্রমিকেরা বঞ্চিত হচ্ছেন বলেও তিনি জানান। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের শরণার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদিন বলেন, মন্ত্রণালয় সুপারিশগুলো জাতীয় রোহিঙ্গা কৌশল তৈরির কাজে পর্যালোচনা করবে। তিনি ধাপে ধাপে এগোনোর কথা বলেন। শুরুতে থাকবে শিবিরে ইতিমধ্যে অনুমোদিত কাজ, যেমন শিবিরের সেবা, দুর্যোগ প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণে দক্ষতা বাড়ানো। শুধু ত্রাণনির্ভর ব্যবস্থা আর টেকসই নয় বলে তিনি সতর্ক করেন।
সরকার অবশ্য রোহিঙ্গা শিবিরে কাজের সুযোগ সম্প্রসারণে সতর্ক অবস্থানে আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও জীবিকার উদ্যোগ হতে হবে ফেরার প্রস্তুতির জন্য, স্থায়ী বসতির জন্য নয়। স্থানীয় জনগোষ্ঠী আগে বা অন্তত সমানভাবে উপকৃত হওয়া উচিত বলেও তিনি জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একটি বিবৃতিও সংলাপে পড়ে শোনানো হয়। তাতে বলা হয়, শরণার্থীরা বছরের পর বছর বাধ্যতামূলক কর্মহীনতায় থাকবেন না, তবে স্থানীয় কর্মসংস্থান সুরক্ষিত রাখতে হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষা, দক্ষতা ও স্বনির্ভরতাভিত্তিক মধ্যমেয়াদি পথের পক্ষে মত দেন। তবে চূড়ান্ত লক্ষ্য থাকবে প্রত্যাবাসন।
স্থানীয়দের ওপর চাপও গবেষণায় উঠে এসেছে। স্থানীয় তরুণদের ৬৬.৭ শতাংশ মনে করেন সংকট তাঁদের জীবিকাকে ক্ষতিগ্রস্ত করেছে, আর ৯৫.৫ শতাংশ চান সরকার আরও কর্মসংস্থানের উদ্যোগ নিক। বিশ্বব্যাংকের রোহিঙ্গাবিষয়ক কর্মসূচি সমন্বয়ক সুহাইল কাসিম বলেন, মানবিক সংস্থা বা সরকার এককভাবে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতে পারবে না। বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্ত করা এবং স্পষ্ট সরকারি নীতি দরকার বলে তিনি মত দেন। ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজসেন সতর্ক করেন, ঘনবসতি ও সহায়তা কমে যাওয়ায় শিবিরের অবস্থা খারাপ হচ্ছে। হতাশা বাড়লে নিরাপত্তাহীনতা, ক্ষতিকর মোকাবিলা কৌশল এবং পাচারকারী চক্রের মাধ্যমে বিপজ্জনক যাত্রা বাড়ে বলেও তিনি জানান। রোহিঙ্গা শিবিরে কাজের সুযোগ নিয়ে কৌশল চূড়ান্ত করতে সরকারের একটি কমিটি এখনো অংশীদারদের মতামত নিচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক নির্ঝর অধিকারী জানান।










