যুক্তরাজ্যে স্বামীর দেওয়া মাদকের প্রভাবে অচেতন এক নারীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় চার পুরুষ দোষী সাব্যস্ত হয়েছেন। ওই নারীর স্বামী ফিলিপ ইয়ং এক দশকেরও বেশি সময় ধরে তাঁকে গোপনে মাদক খাইয়ে অনলাইনে অপরিচিত পুরুষদের সঙ্গে যৌন সম্পর্কের জন্য তুলে দিতেন। ফ্রান্সের আলোচিত জিসেল পেলিকোর ঘটনার সঙ্গে এই মামলার মিল থাকায় নতুন করে আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে যৌন সহিংসতার ভয়াবহতা।
ভুক্তভোগী জোয়ান ইয়ং নিজের পরিচয় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাজ্যের আইনে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিরা সাধারণত পরিচয় গোপন রাখার অধিকার পান। তবে নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা প্রকাশ্যে আনতে সেই অধিকার থেকে সরে দাঁড়ান তিনি।
জোয়ানের সাবেক স্বামী ফিলিপ ইয়ং, বয়স ৫০ বছর। তিনি স্থানীয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত জানুয়ারিতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫০টিরও বেশি অপরাধের অভিযোগ স্বীকার করেন তিনি। এর মধ্যে ছিল ১১টি ধর্ষণের অভিযোগ। এ ছাড়া নির্যাতনের ভিডিও ধারণ এবং সেগুলো শত শতবার অনলাইনে প্রকাশের অভিযোগও স্বীকার করেন তিনি।
আদালতের বাইরে জোয়ান বলেন, এই নির্যাতন তাঁর পরিচিত জীবনটাকেই ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে যাঁকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, সেই মানুষটির কাছ থেকেই সবচেয়ে ভয়াবহ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন তিনি।
অনলাইনে অপরিচিত পুরুষদের আমন্ত্রণ
২০২৪ সালে অনলাইনে একটি অ্যাকাউন্ট থেকে যৌন নির্যাতনসংক্রান্ত ছবি প্রকাশের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে ফিলিপ ইয়ংয়ের বিভিন্ন ডিজিটাল যন্ত্র জব্দ করা হয়। সেগুলোতে তাঁর স্ত্রীর ওপর নির্যাতনের অসংখ্য ছবি ও ভিডিও পাওয়া যায়।
তদন্তে উঠে আসে, ফিলিপ দীর্ঘদিন ধরে স্ত্রীকে মাদক খাইয়ে অচেতন বা অসচেতন অবস্থায় রাখতেন। এরপর অনলাইনে অপরিচিত পুরুষদের তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আমন্ত্রণ জানাতেন। এসব ঘটনা তিনি নিজে দেখতেন এবং ভিডিও ধারণ করতেন।
উইনচেস্টার ক্রাউন কোর্টে বিচার শেষে চার পুরুষ দোষী সাব্যস্ত হয়েছেন। রিচার্ড ক্লাইভ উইলকিনস (৬২) ধর্ষণ এবং অনুপ্রবেশমূলক যৌন নির্যাতনের দায়ে দোষী হয়েছেন। নরম্যান ম্যাকসোনি (৪৮) ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। কনর স্যান্ডারসন-ডয়েল (৩২) যৌন নির্যাতন ও অনুপ্রবেশমূলক যৌন নির্যাতনের দায়ে এবং মোহাম্মদ হাসান (৩৮) যৌন নির্যাতনের একটি অভিযোগে দোষী হয়েছেন। এর আগে ডিন হ্যামিলটন (৪৭) ধর্ষণ, অনুপ্রবেশমূলক যৌন নির্যাতন ও যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করেন।
সম্মতির প্রশ্নে নতুন বিতর্ক
বিচারের সময় অভিযুক্তদের কয়েকজন দাবি করেন, তাঁরা মনে করেছিলেন জোয়ান যৌন সম্পর্কে সম্মতি দিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, বিষয়টি স্বামী-স্ত্রীর সম্মতিতে পরিচালিত একটি যৌন কল্পনার অংশ। তবে আদালতে প্রসিকিউশন জানায়, জোয়ানকে বিছানায় বেঁধে ও চোখ ঢেকে রাখা অবস্থায় দেখানো ছবি অনলাইনে প্রকাশ করেছিলেন তাঁর স্বামী। অপরিচিত পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য তিনি নিয়মিত লোক খুঁজতেন।
চার পুরুষ দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারক পুষ্পিন্দর সাইনি জোয়ানের সাহসিকতার প্রশংসা করেন। ছয় অভিযুক্তের সাজা আগামী মাসে ঘোষণা করা হবে। বিচারক জানিয়েছেন, তাঁদের উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড হতে পারে। জোয়ান বলেন, তাঁর ঘটনা সম্মতি ও যৌন অপরাধসংক্রান্ত আইন কীভাবে প্রয়োগ করা হচ্ছে, তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। ভবিষ্যতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে বিষয়টি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
এ ধরনের অপরাধ একটি দেশে সীমাবদ্ধ নয়
ফ্রান্সের জিসেল পেলিকোর ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তাঁর সাবেক স্বামী ডমিনিক পেলিকো তাঁকে মাদক খাইয়ে অচেতন করে রাখতেন এবং বহু পুরুষকে ধর্ষণের জন্য আমন্ত্রণ জানাতেন। ২০২৪ সালের সেই বিচার যৌন সহিংসতা ও সম্মতির প্রশ্নে ফ্রান্সের আইন সংস্কারের দাবিকে জোরালো করে।
জোয়ান ইয়ংয়ের ঘটনা দেখিয়েছে, এ ধরনের অপরাধ শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করে মাদক প্রয়োগের মাধ্যমে যৌন নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক পর্যায়েও ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে, তারা অনলাইনে পরিচালিত মাদক প্রয়োগের মাধ্যমে ধর্ষণ ও যৌন নির্যাতনের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সন্ধান পেয়েছে।
এ ধরনের অপরাধ ঠেকাতে যুক্তরাজ্য ও জার্মানির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোলের সমন্বয়ে ‘প্রজেক্ট মেডুসা’ নামে একটি আন্তর্জাতিক অভিযান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডাসহ ১০টি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এতে যুক্ত রয়েছে। ইউরোপোলের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত এই অভিযানের আওতায় ১১৩টি তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৫৭ জন এবং নিরাপত্তার আওতায় আনা হয়েছে ১৫৮ জন ভুক্তভোগীকে।
জোয়ান বলেন, এই অভিজ্ঞতার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কঠিন। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, এমন ঘটনা যে কারও সঙ্গে ঘটতে পারে।












