নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস পেরিয়ে গেলেও দেশের প্রশাসনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফেরেনি। সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত বদলি, পদায়ন, পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে অসন্তোষ এবং নানা ধরনের টানাপোড়েন অব্যাহত রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে ব্যাপক পরিবর্তন আনা হলেও সরকারি কাজে প্রত্যাশিত গতি ফিরছে না। বরং কর্মকর্তাদের মধ্যে আস্থার সংকট, রাজনৈতিক মেরুকরণ এবং পদায়ন নিয়ে প্রতিযোগিতা প্রশাসনিক কার্যক্রমকে প্রভাবিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম আট মাসে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দুই হাজারের বেশি বদলি ও পদায়ন করা হয়েছে। একই সময়ে এক হাজার ৫৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্যদিকে, ৩২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে মাঠপর্যায়ে এত ব্যাপক পরিবর্তনের পরও কাজের গতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সরকার পরিবর্তনের পর প্রশাসনে কিছু রদবদল স্বাভাবিক। নতুন সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পদে উপযুক্ত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার প্রয়োজনও রয়েছে। তবে ঘন ঘন বদলি, পদায়নে রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়ার অভিযোগ এবং কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে বারবার কর্মকর্তা পরিবর্তন হলে সিদ্ধান্ত গ্রহণ, নীতিনির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
দুই হাজারের বেশি বদলি ও পদায়ন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম আট মাসে মন্ত্রণালয় ও বিভাগ, মাঠ প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেষণে মোট দুই হাজার ২৮টি বদলি ও পদায়ন হয়েছে। গত ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে দেখা যায়, মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে সচিব থেকে সহকারী সচিব পর্যন্ত ৭৩৬টি বদলি ও পদায়ন হয়েছে। মাঠ প্রশাসনে এ সংখ্যা ৫৮৯। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেষণে আরও ৭০৩টি বদলি ও পদায়ন করা হয়েছে। তবে একই কর্মকর্তার একাধিকবার বদলি বা পদায়ন হওয়ায় মোট সংখ্যার মধ্যে পুনরাবৃত্তি রয়েছে।
মন্ত্রণালয় ও বিভাগ পর্যায়ে বদলি ও পদায়নের তালিকায় রয়েছেন ৪৩ জন সিনিয়র সচিব ও সচিব, ১০০ জন অতিরিক্ত সচিব, ১০৩ জন যুগ্মসচিব, ১৮২ জন উপসচিব, ২৭৪ জন সিনিয়র সহকারী সচিব এবং ৩৪ জন সহকারী সচিব।
মাঠ প্রশাসনেও পরিবর্তনের ব্যাপকতা ছিল উল্লেখযোগ্য। এ সময়ে ছয়জন বিভাগীয় কমিশনার, চারজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ৩৬ জন জেলা প্রশাসক, ১০৯ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ৩০৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ৮২ জন সিনিয়র সহকারী কমিশনার এবং ৪৪ জন সহকারী কমিশনারকে বদলি বা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রেষণে পদায়নের ক্ষেত্রে ৫৭ জন অতিরিক্ত সচিব, ১১৫ জন যুগ্মসচিব, ২০৫ জন উপসচিব, ১৮২ জন সিনিয়র সহকারী সচিবসহ বিভিন্ন পর্যায়ের ১৪৪ জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৫৫ কর্মকর্তা
বদলি ও পদায়নের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নতিও হয়েছে ব্যাপক হারে। প্রথম আট মাসে মোট এক হাজার ৫৫ জন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তাঁদের মধ্যে ৭৪৬ জন নিয়মিত পদোন্নতি প্রক্রিয়ায় এবং ৩০৯ জন সুপিরিয়র সিলেকশন বোর্ডের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন।
এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৫৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। তবে এত সংখ্যক কর্মকর্তার পদোন্নতি এবং প্রশাসনিক পুনর্বিন্যাসের পরও দাপ্তরিক কার্যক্রমে প্রত্যাশিত গতিশীলতা না আসায় প্রশ্ন উঠেছে, প্রশাসনের কাঠামোগত পরিবর্তন কতটা কার্যকর হয়েছে।
রাজনৈতিক মেরুকরণে আস্থার সংকট
প্রশাসনের অস্থিরতার অন্যতম কারণ হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ও কর্মকর্তাদের মধ্যে বিভাজনের সংস্কৃতিকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিগত কয়েক দশকে প্রশাসনে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, পদায়ন ও পদোন্নতির যে প্রবণতা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসা সহজ নয়।
প্রশাসনের ভেতরে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতপন্থি হিসেবে পরিচিত কর্মকর্তাদের পৃথক বলয় থাকার বিষয়টি নিয়েও আলোচনা রয়েছে। সরকার পরিবর্তনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার চেষ্টা, আগের অন্তর্বর্তী সরকারের সময়ে প্রভাবশালী হয়ে ওঠা কর্মকর্তাদের অবস্থান ধরে রাখার তৎপরতা এবং বিগত সরকারের সময় সুবিধাজনক পদে থাকা কর্মকর্তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে প্রশাসনে একধরনের প্রতিযোগিতা ও অস্বস্তি তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তবে এসব রাজনৈতিক পরিচয় ও বলয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদারের মতে, দেশের সিভিল সার্ভিস বর্তমানে গভীর বিভাজন ও অনাস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর মূল্যায়নে, বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ—এই তিন রাজনৈতিক ধারার প্রভাব প্রশাসনের ভেতরে আলোচিত হচ্ছে। গত প্রায় ৩০ বছরে প্রশাসনে অনাস্থা, বিভাজন ও দলাদলির প্রবণতা তৈরি হয়েছে, যা গত ১৫ বছরে আরও গভীর হয়েছে।
তিনি মনে করেন, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান কোনো সরকারের পক্ষেই অল্প সময়ে করা সম্ভব নয়। প্রশাসনে পারস্পরিক বিশ্বাস ফিরিয়ে আনা এবং পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগবে।
অন্তর্বর্তী সরকারের সময় মানবসম্পদ ব্যবস্থাপনায় যথাযথ সংস্কার না হওয়ার বিষয়টিও তিনি প্রশাসনের বর্তমান সংকটের একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, আগের সময়ের প্রশাসনিক দুর্বলতা ও বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে বর্তমান সরকারকে দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে।
সরকারি কাজে ধীরগতি নিয়ে সংসদীয় কমিটির উদ্বেগ
প্রশাসনের অস্থিরতা শুধু কর্মকর্তাদের বদলি-পদায়ন কিংবা পদোন্নতির মধ্যেই সীমাবদ্ধ নেই। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতিতেও ধীরগতির বিষয়টি উঠে এসেছে জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আলোচনায়।
গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে সরকারি কাজে অবহেলা ও অসহযোগিতাকারী কর্মকর্তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন যেসব প্রকল্পের বাস্তবায়ন ধীরগতিতে চলছে, সেগুলোর কারণ অনুসন্ধানেরও সুপারিশ করে কমিটি।
বৈঠকে কমিটির সভাপতি সাঈদ আহমেদ প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো আইনগত, প্রশাসনিক কিংবা বাস্তব প্রতিবন্ধকতা থাকলে তা যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন। সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহি ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
কমিটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়, সরকারি কর্মকর্তারা কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিনিধি নন; তাঁরা প্রজাতন্ত্রের কর্মচারী। রাষ্ট্রের স্বার্থ এবং জনগণের সেবা নিশ্চিত করাই তাঁদের দায়িত্ব।
পরিবর্তন নয়, প্রয়োজন প্রশাসনিক সংস্কৃতি
বিশেষজ্ঞদের মূল্যায়নে, প্রশাসনের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শুধু বদলি, পদোন্নতি কিংবা নতুন পদায়ন যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন পেশাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন, পদোন্নতিতে স্বচ্ছতা এবং কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা।
প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বের ধারাবাহিকতা বজায় রাখা, সিদ্ধান্ত গ্রহণে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা এবং কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার বিষয়টিও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সরকারি কাজে অবহেলা ও অসহযোগিতার অভিযোগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, প্রশাসনিক পুনর্বিন্যাসকে কার্যকর কর্মসংস্কৃতিতে রূপ দেওয়া। কারণ প্রশাসনের দক্ষতা শুধু কর্মকর্তাদের পদ ও দায়িত্ব পরিবর্তনের ওপর নির্ভর করে না; বরং সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা, দাপ্তরিক সমন্বয় এবং পেশাদারিত্বের ওপর নির্ভরশীল। নয় মাস পরও অস্থিরতা অব্যাহত থাকায় প্রশাসনিক সংস্কার কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে সরকারের সামনে নতুন করে মূল্যায়নের প্রয়োজন তৈরি হয়েছে।












