হিমালয় কখনোই একটি অপরিবর্তনীয় ভূদৃশ্য ছিল না। পাহাড় ক্ষয় হয়, কোথাও নতুন ভূমিরূপ তৈরি হয়; হিমবাহ এগিয়ে যায় কিংবা পিছিয়ে পড়ে; নদী তার গতিপথ বদলায়, আবার পাহাড়ি ঢাল ধসে পড়ে। এসব প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে নেপালের মানুষের বসবাস দীর্ঘদিনের। কিন্তু বর্তমান পরিস্থিতির বিশেষত্ব হলো, এসব স্বাভাবিক প্রক্রিয়া এখন দ্রুত উষ্ণ হয়ে ওঠা জলবায়ু এবং পাহাড়ি এলাকায় বাড়তে থাকা উন্নয়ন কর্মকাণ্ডের নতুন বাস্তবতার মধ্যে ঘটছে।
তাপমাত্রা বৃদ্ধি, তুষার ও বরফের পরিবর্তিত ধরন, হিমবাহের পশ্চাদপসরণ, হিমবাহ-সৃষ্ট হ্রদের পরিবর্তন এবং দুর্গম পাহাড়ে অবকাঠামো ও বসতি বিস্তার—সব মিলিয়ে নেপালের পর্বতাঞ্চলে ঝুঁকির চিত্র আরও জটিল হচ্ছে। তাই বড় কোনো বিপর্যয় ঘটার আগেই পাহাড়ে কী পরিবর্তন ঘটছে, তা বোঝার মতো বৈজ্ঞানিক জ্ঞান, পর্যবেক্ষণ ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা নেপাল গড়ে তুলতে পারছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
দুর্যোগকে আলাদা করে দেখার সময় শেষ
বন্যা, ভূমিধস, তুষারধস কিংবা হিমবাহ-সম্পর্কিত বিপদকে দীর্ঘদিন পৃথক সমস্যা হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রশাসনিক কাঠামোর জন্য এই বিভাজন সুবিধাজনক হতে পারে, কিন্তু পাহাড়ের বাস্তবতা এতটা সরল নয়।
একটি শিলা, বরফ বা তুষারের ধস নদীতে গিয়ে পড়তে পারে। এতে নদীর প্রবাহ সাময়িকভাবে আটকে যেতে পারে। সেই বাধার পেছনে পানি ও ধ্বংসাবশেষ জমে তৈরি হতে পারে সাময়িক জলাধার। পরে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে পানির প্রবল স্রোত ও পলি দ্রুত নিচের দিকে ছুটে গিয়ে বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে।
অর্থাৎ একটি বিপদ খুব সহজেই আরেকটি বিপদের জন্ম দিতে পারে। তাই শুধু কোথায় ভূমিধস বা তুষারধসের আশঙ্কা রয়েছে, সেটি শনাক্ত করাই যথেষ্ট নয়। ঘটনার পর কী ঘটতে পারে, সেটিও আগেই বোঝার চেষ্টা করতে হবে।
ধসের কারণে নদী আটকে সাময়িক হ্রদ তৈরি হতে পারে কি না, সেই বাধা ভেঙে গেলে পানি কতদূর যেতে পারে এবং তার পথে কোন সড়ক, সেতু, বসতি বা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে—এসব প্রশ্নকে একই ঝুঁকি বিশ্লেষণের আওতায় আনতে হবে।
কারণ পাহাড়ি দুর্যোগের ক্ষয়ক্ষতি শুধু কোথায় ঘটনা শুরু হয়েছে তার ওপর নির্ভর করে না। বরং সেই বিপদ পথে কী কী অতিক্রম করছে, তার ওপরও বড় অংশে নির্ভর করে। নেপালের তাই বিচ্ছিন্ন দুর্যোগ মূল্যায়নের বদলে পাহাড়কে একটি পরস্পর-সংযুক্ত ব্যবস্থা হিসেবে বোঝার সক্ষমতা তৈরি করা প্রয়োজন।
সতর্কীকরণ ব্যবস্থাকে পাহাড়ের উৎসস্থলে নিতে হবে
নেপালের বর্তমান আগাম সতর্কীকরণ ব্যবস্থা মূলত নিচের দিকে নদীর পানির উচ্চতা ও প্রবাহের পরিবর্তন শনাক্ত করার ওপর নির্ভরশীল। এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ হলেও উচ্চ হিমালয়ের প্রত্যন্ত উপত্যকায় কী ঘটছে, তার পূর্ণ চিত্র এটি দিতে পারে না।
কোনো বড় তুষারধস, ভূমিধস, শিলাধস কিংবা বরফ-সম্পর্কিত বিপর্যয় এমন জায়গায় শুরু হতে পারে, যা নিকটতম পর্যবেক্ষণকেন্দ্রের অনেক ওপরে। নদীর পানিতে তার প্রভাব দৃশ্যমান হওয়ার সময় মূল ঘটনা হয়তো ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
তাই প্রচলিত আগাম সতর্কীকরণ ব্যবস্থার পাশাপাশি পাহাড়ের ওপরের অংশে পর্যবেক্ষণ সক্ষমতা বাড়াতে হবে। দুর্যোগের প্রভাব নদীতে পৌঁছানোর আগেই পাহাড়ের উৎসস্থলে কী পরিবর্তন ঘটছে, তা বোঝার ব্যবস্থা তৈরি করা জরুরি।
এখানে স্যাটেলাইটভিত্তিক পৃথিবী পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নেপালের হিমালয় অঞ্চল বিশাল, দুর্গম এবং অনেক জায়গায় নিয়মিত সরেজমিনে যাওয়া কঠিন। প্রতিটি হিমবাহ, হিমবাহ-হ্রদ কিংবা অস্থিতিশীল পাহাড়ি ঢাল নিয়মিত পরিদর্শন করা যেমন কঠিন, তেমনি ব্যয়বহুল। স্যাটেলাইট পর্যবেক্ষণ তুলনামূলকভাবে বড় এলাকা বারবার দেখার সুযোগ তৈরি করে এবং সময়ের সঙ্গে ভূদৃশ্যের পরিবর্তন শনাক্ত করতে সহায়তা করতে পারে।
বিশেষ করে রাডারভিত্তিক স্যাটেলাইট পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। মেঘ বা অন্ধকারের কারণে সাধারণ দৃশ্যমান আলোকভিত্তিক পর্যবেক্ষণ ব্যাহত হলেও রাডার অনেক ক্ষেত্রে তথ্য সংগ্রহ করতে পারে। নেপালের বর্ষাকাল ও উচ্চ পার্বত্য পরিবেশে ভূমির পৃষ্ঠের অস্বাভাবিক পরিবর্তন, নড়াচড়া বা বিকৃতি শনাক্ত করতে এই প্রযুক্তি কার্যকর হতে পারে।
তবে প্রযুক্তির তথ্য ব্যাখ্যার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। হিমবাহ স্বাভাবিকভাবেই চলাচল করে, তুষার ও বরফের অবস্থাও পরিবর্তিত হয়। পাহাড়ের কোনো অংশে নড়াচড়া দেখা গেলেই যে সেখানে তাৎক্ষণিক ধস নামবে, এমন সিদ্ধান্ত নেওয়া যায় না।
স্যাটেলাইটের সবচেয়ে বড় মূল্য হলো অস্বাভাবিক পরিবর্তন চিহ্নিত করা এবং কোন এলাকায় আরও গভীর বৈজ্ঞানিক অনুসন্ধান প্রয়োজন, সে বিষয়ে দিকনির্দেশ দেওয়া।
মহাকাশ থেকে নজরদারি, মাটিতে যাচাই
নেপালের জন্য সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি হতে পারে কয়েকটি স্তরকে একত্র করা। প্রথমে স্যাটেলাইটের মাধ্যমে বিস্তৃত এলাকা পর্যবেক্ষণ করা, এরপর অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়লে নির্দিষ্ট এলাকায় মাঠপর্যায়ের বৈজ্ঞানিক অনুসন্ধান চালানো। ঝুঁকি যথেষ্ট বলে মনে হলে সেখানে ক্যামেরা, ভূমি-সংবেদক এবং অন্যান্য পর্যবেক্ষণ যন্ত্র স্থাপন করা যেতে পারে।
কোনো একক প্রযুক্তি নেপালকে পাহাড়ি দুর্যোগ থেকে সুরক্ষিত করতে পারবে না। স্যাটেলাইট পর্যবেক্ষণের সঙ্গে দূর অনুধাবন প্রযুক্তি, মাঠপর্যায়ের অনুসন্ধান, আবহাওয়ার তথ্য, নদীর প্রবাহ পর্যবেক্ষণ এবং স্থানীয় মানুষের জ্ঞান ও অভিজ্ঞতাকে একই ব্যবস্থার অংশ করতে হবে।
দীর্ঘমেয়াদে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেও নেপালের পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। একটি সমন্বিত হিমালয় পর্যবেক্ষণ উদ্যোগ দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি পানি সম্পদ, কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ এবং উন্নয়ন পরিকল্পনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে শুধু তথ্য পাওয়া যথেষ্ট নয়। সেই তথ্য নিয়মিত সংগ্রহ, বিশ্লেষণ এবং নীতিনির্ধারণে কার্যকরভাবে ব্যবহার করার সক্ষমতাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জলবায়ুর তথ্যকে স্থানীয় বাস্তবতার সঙ্গে মিলাতে হবে
নেপালের আরেকটি বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু-সংক্রান্ত তথ্য। বৈশ্বিক জলবায়ু তথ্যভাণ্ডার গবেষণাকে অনেক এগিয়ে নিয়েছে এবং সরাসরি পর্যবেক্ষণ সীমিত এমন অঞ্চলে এগুলোর গুরুত্বও অপরিসীম। কিন্তু নেপালের ভূপ্রকৃতি এত বৈচিত্র্যময় যে বড় এলাকার জন্য তৈরি সাধারণ জলবায়ু তথ্য সব সময় স্থানীয় বাস্তবতাকে যথাযথভাবে তুলে ধরতে পারে না।
অল্প দূরত্বের মধ্যেই নেপালে উচ্চতার ব্যাপক পরিবর্তন ঘটে। ফলে কাছাকাছি দুটি এলাকার তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত এবং বরফের পরিস্থিতিতে বড় পার্থক্য থাকতে পারে। কয়েক কিলোমিটার বিস্তৃত একটি জলবায়ু গ্রিডের মধ্যে তাই উপত্যকার নিচু ভূমি থেকে শুরু করে উচ্চ পার্বত্য অঞ্চল পর্যন্ত সম্পূর্ণ ভিন্ন পরিবেশ একসঙ্গে পড়ে যেতে পারে।
এ কারণে নেপালের প্রয়োজন আরও বেশি উচ্চ-উচ্চতার পর্যবেক্ষণ, বিভিন্ন উৎসের তথ্য একত্র করার সক্ষমতা এবং দেশের জটিল ভূপ্রকৃতির উপযোগী বৈজ্ঞানিক পদ্ধতিতে জলবায়ু তথ্যকে স্থানীয় পর্যায়ে নিয়ে আসা।
এ কাজের জন্য বড় তথ্যভাণ্ডার, পর্যাপ্ত কম্পিউটিং সক্ষমতা, উপযুক্ত বৈজ্ঞানিক পদ্ধতি এবং কঠোর যাচাই প্রয়োজন। কেবল তথ্য সংগ্রহ করে মানচিত্র তৈরি করলেই এই কাজ শেষ হয় না।
তবু এই ভিত্তিগত সক্ষমতা তৈরি করা অপরিহার্য। নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি থাকলে নেপাল জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি নিয়ে আলোচনা চালিয়ে যেতে পারে, কিন্তু দেশের সবচেয়ে জটিল পার্বত্য ভূখণ্ডে পরিবেশগত পরিবর্তন আসলে কীভাবে ঘটছে, সে বিষয়ে পর্যাপ্ত প্রমাণ হাতে থাকবে না।
হিমালয়ের পরিবর্তনকে এখন আর কেবল পরিবেশ বা বিজ্ঞানের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে নেপালের জননিরাপত্তা, অবকাঠামো, পানি সম্পদ এবং ভবিষ্যৎ উন্নয়ন সরাসরি যুক্ত। পাহাড় বদলাচ্ছে। তাই নেপালের পর্যবেক্ষণ ব্যবস্থা, বৈজ্ঞানিক সক্ষমতা এবং দুর্যোগ মোকাবিলার কৌশলও বদলাতে হবে।
দুর্যোগ ঘটে যাওয়ার পর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা অবশ্যই প্রয়োজন। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো বিপর্যয় আসার আগে পাহাড়ের পরিবর্তনের সংকেত পড়তে পারা। নেপালের ভবিষ্যৎ নিরাপত্তা অনেকটাই নির্ভর করবে সেই সক্ষমতা কত দ্রুত তৈরি করা যায় তার ওপর।
কৃষ্ণ সি. দেবকোটা 



















