দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে দেশে হামে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন তিনটি মৃত্যুকেই সন্দেহভাজন হামজনিত মৃত্যু হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এতে দেশে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৭। তবে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে ৯৩ জন।
আক্রান্ত বাড়ছেই
একই সময়ে দেশে নতুন করে ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে সন্দেহভাজন হামের মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে আরও ১২৮ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে দেশে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৬ জন।
হাসপাতালে ভর্তি ও সুস্থতার চিত্র
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২ হাজার ৮৩১ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮৯ হাজার ২৩৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় হাম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
হামের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সারাক্ষণ রিপোর্ট 



















