ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সারাক্ষণ রিপোর্ট
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের ঠিক আগে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনচ্যুতির ঘটনায় মুহূর্তের মধ্যে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির বিষয় হলো, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
দুর্ঘটনার পর কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ করে লাইন সচল করার চেষ্টা চলছে।
এদিকে রেল চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। এতে শত শত যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা লাইনচ্যুতির কারণ অনুসন্ধান করছেন। উদ্ধারকাজ শেষ হওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















