মেজর লিগ সকারের ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সালিভানকে ঘাড়ে চড় মারার ঘটনায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে জরিমানা করা হয়েছে।
ইন্টার মায়ামির হয়ে খেলা মেসিকে শুক্রবার অজ্ঞাত পরিমাণ অর্থ জরিমানা করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। বুধবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের অতিরিক্ত সময়ে এই ঘটনা ঘটে।
কী ঘটেছিল
ম্যাচের শেষ মুহূর্তে খেলা চলছিল মাঠের অন্য প্রান্তে। এমন সময় মেসি মাঝমাঠের দিকে এগিয়ে কুইন সালিভানের সঙ্গে কথা বলতে শুরু করেন। সংক্ষিপ্ত কথাবার্তার একপর্যায়ে মেসি সালিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন।
এরপর সালিভানও মেসির মুখোমুখি হয়ে দাঁড়ান। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও ঘটনাটি ঘটার সময় রেফারি ফিলিপ দুজিচের পেছন ফিরে ছিল। পরে তিনি এগিয়ে এসে দুজনকে আলাদা করেন, তবে কাউকেই হলুদ বা লাল কার্ড দেখাননি।
মেজর লিগ সকারের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত ব্যবহারের নীতি লঙ্ঘনের কারণে মেসিকে এই জরিমানা করা হয়েছে।
আরও একজনকে জরিমানা
একই ধরনের অপরাধের জন্য ইন্টার মায়ামির খেলোয়াড় ইয়ান ফ্রেও জরিমানার মুখে পড়েছেন। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও একটি সংঘর্ষ ঘটে। সেই ঘটনায় ফিলাডেলফিয়ার কুইনের ছোট ভাই ও সতীর্থ ক্যাভান সালিভান এবং মায়ামির ইতালিয়ান মিডফিল্ডার ইয়ানিক ব্রাইটকে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি।
কুইন সালিভান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলছেন তিনি।
সারাক্ষণ রিপোর্ট 


















