ব্রিটেনের ডানপন্থি নতুন রাজনৈতিক দল রিস্টোর ব্রিটেনকে যত অর্থ প্রয়োজন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে বিদেশি অর্থ গ্রহণের আইনি বাধা ও সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দলটির নেতা ও এমপি রুপার্ট লো।
মাস্কের অর্থের প্রস্তাব প্রত্যাখ্যান
লন্ডনের ক্যালেডোনিয়ান ক্লাবে রিস্টোর ব্রিটেনের একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে লো বলেন, মাস্ক তাকে ‘যত টাকা প্রয়োজন’ দেওয়ার প্রস্তাব করেছিলেন। বিষয়টি নিয়ে তিনি চিন্তাভাবনাও করেছিলেন। কিন্তু বিদেশি অনুদান গ্রহণ বেআইনি হওয়ায় এবং এর রাজনৈতিক ‘অপটিকস’ নিয়ে উদ্বেগ থাকায় শেষ পর্যন্ত অর্থ নেওয়া হয়নি।
তবে লো মনে করেন, মাস্কের নৈতিক সমর্থন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রচারণা দলের জন্য অত্যন্ত শক্তিশালী। তার ভাষ্য অনুযায়ী, এই সমর্থন সরাসরি অর্থ নয়, তাই তা প্রকাশ করারও প্রয়োজন নেই।
মাস্কের এক্স প্ল্যাটফর্মে রিস্টোরের বিস্তার
মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মে রিস্টোর ব্রিটেনের উপস্থিতি দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মাস্ক এর আগে দলটিকে ব্রিটেনের ‘শেষ ও একমাত্র আশা’ বলে মন্তব্য করেছেন।
ফাইন্যান্সিয়াল টাইমসের মে মাসের এক বিশ্লেষণ অনুযায়ী, রিস্টোর প্রতিষ্ঠার পর লোর পোস্টগুলোর অন্তত ১০টি এক কোটির বেশি ভিউ পেয়েছে। বিপরীতে, নাইজেল ফারাজের কোনো পোস্ট একই মাত্রায় পৌঁছায়নি, যদিও ফারাজের অনুসারী সংখ্যা লোর তুলনায় প্রায় তিন গুণ।
রিস্টোরের পোস্টগুলোতে ব্যাপক অভিবাসন, ব্রিটেনে কথিত ‘ইসলামিকরণ’, বিদেশি অপরাধীদের হাত থেকে নারী ও মেয়েদের সুরক্ষা এবং ডানপন্থি কর্মী-প্রতিবাদকারীদের ওপর কথিত চাপের মতো বিষয় প্রাধান্য পায়। মাস্কও এসব বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।
তহবিল সংগ্রহে নতুন কৌশল
রিস্টোর ব্রিটেন এখন ব্রিটিশ অভিজাত ও ধনী দাতাদের কাছ থেকেও অর্থ সংগ্রহের চেষ্টা করছে। দলটির ‘ক্রোমওয়েল ক্লাব’ নামের দাতা নেটওয়ার্কে অন্তত ২,৫০০ পাউন্ড অনুদান দেওয়া ব্যক্তিরা যুক্ত হতে পারেন।
সম্প্রতি উদ্যোক্তা ও সাবেক লিবারেল ডেমোক্র্যাট দাতা সাইমন গ্যালব্রেইথ দলটিকে ৫ লাখ পাউন্ড দিয়েছেন। অনুষ্ঠানে বিতরণ করা একটি নথিতে বলা হয়েছে, ৪,৯৯৯ পাউন্ড পর্যন্ত অনুদানে পেশাদার টেলিফোন প্রচার চালানো, ৪৯,৯৯৯ পাউন্ড পর্যন্ত অর্থে কোনো লক্ষ্যভিত্তিক আসনে প্রচার সংগঠকের বেতন এবং ১ লাখ পাউন্ড বা তার বেশি অর্থে ওয়েস্টমিনস্টারে কার্যালয় পরিচালনার খরচ মেটানো সম্ভব।

রিফর্ম ইউকের সঙ্গে ভোটের লড়াই
রিস্টোর ব্রিটেন রিফর্ম ইউকের ভোটব্যাংকে প্রভাব ফেলছে বলেও দাবি করেছেন লো। সাম্প্রতিক মোর ইন কমন জরিপে দলটি গ্রিন পার্টির মাত্র তিন শতাংশ পয়েন্ট পিছনে ছিল। মেকারফিল্ড উপনির্বাচনে রিস্টোর ৬ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়, যেখানে রিফর্ম ইউকে ৩৪ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় হয়েছিল।
লো বলেছেন, রিফর্মের ভোটাররা ধীরে ধীরে রিস্টোরের দিকে আসছেন। একই সঙ্গে তিনি স্কটল্যান্ড ও ওয়েলসে দলটির সমর্থন বাড়ছে বলেও দাবি করেছেন।
রিস্টোরের রাজনৈতিক অগ্রাধিকারের মধ্যে ব্রিটেনের ডেভল্যুশন ব্যবস্থা ফিরিয়ে দিয়ে ১৭০৭ সালের অ্যাক্ট অব ইউনিয়ের কাঠামোয় ফেরার প্রস্তাব রয়েছে। পাশাপাশি রাষ্ট্রের আকার না কমানো পর্যন্ত কর কমানো হবে না বলে জানিয়েছেন লো। স্বাস্থ্যখাতে অপেক্ষাকৃত কম জরুরি অস্ত্রোপচারের জন্য একটি ‘ইনস্যুরেন্স প্রোডাক্ট’ চালুর সম্ভাবনার কথাও বলেছেন তিনি।
দলটি শিগগিরই বিভিন্ন আসনে প্রার্থী বাছাই শুরু করছে। লোর মতে, উপকূলীয় ও গ্রামীণ আসনগুলোতে জয় পাওয়ার সম্ভাবনা বেশি।
সারাক্ষণ রিপোর্ট 



















