দুর্গাপূজা মানেই কলকাতার সিনেমার সবচেয়ে বড় মৌসুম। এবারও পুজোর বাংলা ছবি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। অক্টোবরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে আসছে চারটি আলোচিত ছবি। তারকা জুটি, জনপ্রিয় গোয়েন্দা আর ইতিহাসনির্ভর গল্প, সবই আছে এবারের তালিকায়।
দেব-শুভশ্রীর ‘দেশু৭’
১৬ অক্টোবর মুক্তি পাবে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির ‘দেশু৭’। ছবিটি পরিচালনা করেছেন দেব নিজেই। খল চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। এর আগে একাধিক ব্যবসাসফল ছবিতে জুটি বেঁধেছেন দেব ও শুভশ্রী। নতুন ছবির টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ছে।
যিশুর ‘বহুরূপী’, সৃজিতের শরৎচন্দ্র
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ফিরছেন ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে। আলোচিত ছবি ‘বহুরূপী’র পরের গল্প এটি। অভিনয়ে আছেন যিশু সেনগুপ্ত, শিবপ্রসাদ ও কৌশানী মুখোপাধ্যায়।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ তৈরি হয়েছে ‘পথের দাবী’ উপন্যাসের শতবর্ষকে ঘিরে। ব্রিটিশ শাসনের সঙ্গে এক লেখকের কলমের লড়াই এর গল্পের কেন্দ্রে। অভিনয়ে আছেন আবির চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক।
কেরালায় একেনবাবু, অপেক্ষায় বাংলাদেশ
জয়দীপ মুখোপাধ্যায়ের ‘দ্য একেন: কেরালা-এ-কুরুক্ষেত্র’-এ আবারও একেনবাবু হয়ে আসছেন অনির্বাণ চক্রবর্তী। সঙ্গে আছেন সুহোত্র মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী ও রাইমা সেন। এবার গোয়েন্দার রহস্য জমবে কেরালায়।
বাংলাদেশেও পুজোর বাংলা ছবি নিয়ে আগ্রহ কম নয়। দেব, শুভশ্রী, যিশু ও আবিরের এ দেশে বড় ভক্তগোষ্ঠী রয়েছে। একেনবাবুর জনপ্রিয়তা তৈরি হয়েছে ওটিটির ওয়েব সিরিজ থেকেই। দেশের প্রেক্ষাগৃহে এসব ছবি মুক্তির ঘোষণা এখনো আসেনি। তাই এবারের পুজোর বাংলা ছবি এ দেশের দর্শক কবে দেখতে পাবেন, সেটিই এখন অপেক্ষার বিষয়।












