চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বুধবার রাতে চৌডালা-কানসাট সড়কের পুষ্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ঝাবুবাজার এলাকার আইসুদ্দিন ও তার ছেলে শরিফুল ইসলাম এবং শিবনারায়ণপুর গ্রামের আবদুল হামিদ।
পুলিশ জানায়, নিহত ও আহতরা নাচোলের সোনাইচণ্ডী গরুর হাটে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে চৌডালা-কানসাট সড়কের পুষ্কুনি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গরুবোঝাই ভটভটি রাস্তার পাশের একটি খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনায় আইসুদ্দিন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম ও আবদুল হামিদকে মৃত ঘোষণা করেন।
আহত আটজনের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।












