রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থার কার্যালয়ের বিপরীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম রেজাউল ইসলাম, বয়স ২৩ বছর। বুধবার দিবাগত রাত ১২টা ২৬ মিনিটের দিকে ধানমন্ডির ১১/এ সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পরপরই পালানোর চেষ্টা করেন রেজাউল। এ সময় পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল পুলিশকে জানিয়েছেন, প্রায় ১০ থেকে ১২ দিন আগে নিউ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ওই ব্যক্তি আইসিটি তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের জন্য তাকে ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন বলে পুলিশের কাছে দাবি করেছেন রেজাউল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর রেজাউল ঘটনাস্থলটি ঘুরে দেখেন। পরে বুধবার ভোররাতে সেখানে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি গলি দিয়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ তাকে আটক করে।
বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামতও উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার আখতার হোসেন জানিয়েছেন, আটক রেজাউলের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।












