পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) সৌদি আরবের রাজধানী রিয়াদগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। তবে সৌদি আরবের অন্যান্য গন্তব্যে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ)।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু রিয়াদগামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে পিআইএ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও গুজবও নাকচ করেছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, এসব দাবি সত্য নয়।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার ইয়েমেনের হুতি গোষ্ঠীর দাবি করা হামলার পর আকাশপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় তিনজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। হামলায় সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পর রিয়াদগামী ফ্লাইট পরিচালনায় কয়েকটি বিমান সংস্থা সাময়িক পরিবর্তন আনে এবং কিছু ফ্লাইট বাতিল করে।
এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের আকাশসীমা দিয়ে চলাচলকারী উড়োজাহাজের বিরুদ্ধে আবারও হুমকি দিয়েছে। তবে পবিত্র মক্কা ও মদিনার ওপর দিয়ে চলাচলকারী উড়োজাহাজকে এই হুমকির বাইরে রাখার কথা জানিয়েছে গোষ্ঠীটি।
সাম্প্রতিক হামলা এবং বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তাঝুঁকির পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) বিমান সংস্থাগুলোর জন্য সতর্কতামূলক নির্দেশনার আওতাধীন এলাকা সম্প্রসারণ করেছে। এর ফলে সংশ্লিষ্ট আকাশপথে উড়োজাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ আরও বেড়েছে।
তবে রিয়াদগামী ফ্লাইট কত দিন স্থগিত থাকবে, সে বিষয়ে পিআইএ বা পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।












