বরিশালের গৌরনদীতে বসতঘরের ভেতরে তালাবদ্ধ কক্ষ থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে। তিনি বিল্বগ্রাম বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে কর্মসূত্রে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে তিনি একাই বসবাস করতেন।

স্থানীয় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম সরদার জানান, গত সোমবারের পর থেকে আব্দুল খালেককে আর বাজারে দেখা যায়নি। বুধবার সন্ধ্যায় তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তীব্র দুর্গন্ধ পান। এতে তাঁদের সন্দেহ হয়। পরে ঘরের কাছে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে বন্ধ দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় বিছানায় পড়ে থাকা অবস্থায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে আব্দুল খালেকের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।












