পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে গুলি করার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্ধ্যায় গুলিতে আহত পাঁচজন
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। এতে সংগঠনটির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
যুবলীগ নেতার বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ
ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতাকর্মীর পাশাপাশি সাবেক ছাত্রলীগ নেতা এবং যুবলীগ নেতা ইমতিয়াজ হোসেন মিলন চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এর কয়েক ঘণ্টা পরই সাঁড়া গোপালপুর এলাকায় তাঁর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা গেছে, মিলন চৌধুরী আগে থেকেই আত্মগোপনে রয়েছেন।
তবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা এবং পরবর্তী অগ্নিসংযোগের মধ্যে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, এলাকায় পুলিশ
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানান, খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
একই দিনে গুলির ঘটনা এবং পরবর্তী অগ্নিসংযোগকে কেন্দ্র করে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।












