কাউবয় টুপি পরে নাচ, শিশুদের সঙ্গে হ্যালোইন উদ্যাপন, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানদের ব্যঙ্গ করে ভিডিও তৈরি কিংবা জনপ্রিয় রিয়েলিটি শোর আদলে রাজনৈতিক প্রচারণা—২০২৬ সালের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের প্রচারে এসবই হয়ে উঠেছিল ভোটার আকর্ষণের নতুন অস্ত্র।
দেশজুড়ে নির্বাচনে সাফল্যের পাশাপাশি ডেমোক্র্যাটদের প্রচারণায় একটি বড় পরিবর্তনও স্পষ্ট হয়েছে। প্রথাগত সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমকে তাঁরা ভোটারদের কাছে পৌঁছানোর প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন। ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে মজার ভিডিও, ব্যঙ্গাত্মক প্রচারণা এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরে প্রার্থীরা নিজেদের পরিচিতি বাড়িয়েছেন।
টেক্সাস, মিসিসিপি ও মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিপক্ষকে ব্যঙ্গ করে ভিডিও প্রকাশ করেছেন। একই সঙ্গে নিজেদের রাজনৈতিক অবস্থান, নীতিগত প্রতিশ্রুতি ও ব্যক্তিত্ব তুলে ধরেছেন।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ২০২৫ সালের মেয়র নির্বাচনের প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যে সাফল্য পেয়েছিলেন, নতুন প্রার্থীরা সেই কৌশল অনুসরণ করেছেন। অনলাইনে প্রচারিত অনুসন্ধানমূলক আয়োজন, আকর্ষণীয় ভিডিও এবং জনপ্রিয় সংস্কৃতির উপাদান ব্যবহার করে তাঁরা ভোটারদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারক মারিয়া কমস্টক বলেন, এবারের নির্বাচনেই প্রথমবারের মতো নির্বাচনী তথ্য পাওয়ার প্রধান উৎস হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরসহ কয়েকটি নির্বাচনী প্রচারণায় কাজ করা কমস্টকের মতে, যোগাযোগের নতুন ধারায় প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতেই হবে। কারণ মানুষের মনোযোগ এখন সেখানেই।
ভাইরাল ভিডিওতে এগিয়ে মিশিগানের আবদুল এল-সায়েদ
সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারিক সফলতায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি মিশিগানের ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। প্রগতিশীল ধারার এই রাজনীতিক সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা এখন ৮০ লাখের বেশি।
নির্বাচনী প্রচারণায় তাঁর একাধিক ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পায়। এর মধ্যে একটি ভিডিওতে তাঁকে টেইলর সুইফটের ‘ইউ বিলং উইথ মি’ গানের তালে নাচতে দেখা যায়। তবে গানের আসল কথার পরিবর্তে পর্দায় দেওয়া লেখায় প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে আক্রমণ করা হয়।
ভিডিওতে বলা হয়, প্রতিদ্বন্দ্বী দামি পোশাক পরেন, আর তিনি পরেন সাধারণ কালো ভি-নেক টি-শার্ট। আরেকটি বক্তব্যে নিজের পরিচয় তুলে ধরে প্রতিদ্বন্দ্বীকে ওষুধশিল্পের লবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগের বিপরীতে নিজেকে জনস্বাস্থ্যবিষয়ক চিকিৎসক হিসেবে উপস্থাপন করেন।
তাঁর আরেকটি জনপ্রিয় ভিডিও তৈরি হয়েছিল ‘লাভ আইল্যান্ড’ নামের রিয়েলিটি শোর আদলে। কাল্পনিক অনুষ্ঠানটির নাম দেওয়া হয় ‘সিনেট আইল্যান্ড’।
ভিডিওতে এল-সায়েদ বলেন, তিনি প্রেম খুঁজতে আসেননি। ২০ বছর ধরে বিবাহিত এবং তাঁর দুই সন্তান রয়েছে। এরপর নিজের রাজনৈতিক পছন্দ তুলে ধরে বলেন, করপোরেট রাজনৈতিক অনুদান নয়, বরং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
ভিডিওটি টিকটকে ১৩ লাখ লাইক পায় এবং ১ লাখ ১০ হাজারবার শেয়ার হয়।
বিশেষজ্ঞদের মতে, এসব ভিডিও কেবল বিনোদনের জন্য তৈরি হয়নি। হাস্যরসের আড়ালে প্রার্থীরা তাঁদের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী প্রতিশ্রুতিও তুলে ধরেছেন।
সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের অধ্যাপক মাইকেল বসেত্তা বলেন, রাজনৈতিক দলগুলো এখন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একধরনের প্রতিভা প্রতিযোগিতার মতো পদ্ধতি অনুসরণ করছে। ক্যামেরার সামনে কীভাবে কথা বলতে হবে, কীভাবে স্বল্পদৈর্ঘ্যের ভিডিওতে নিজেকে উপস্থাপন করতে হবে—এসব বিষয়ে প্রার্থীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
সরাসরি ক্যামেরার সামনে অ্যানি অ্যান্ড্রুজ
দক্ষিণ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী ও শিশু চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজও সামাজিক যোগাযোগমাধ্যমের এই কৌশল কার্যকরভাবে ব্যবহার করেছেন। নির্বাচনে ডারলিন গ্রাহামকে পরাজিত করে তিনি জয়ী হন।
প্রচারণার সময় প্রায় প্রতিদিনই ভিডিও প্রকাশ করেছেন অ্যান্ড্রুজ। তাঁর ভিডিওগুলোর ধরন ছিল অনেকটা ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের মতো। মনে হতো, তিনি নিজেই মোবাইল ফোন হাতে নিয়ে সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলছেন।
নির্বাচনের আগের দিন প্রকাশিত একটি ভিডিওতে তিনি রিপাবলিকান নারী রাজনীতিকদের ব্যঙ্গ করেন। ভিডিওতে তাঁদের বক্তব্যের মাধ্যমে স্কুলে বন্দুক হামলা, ধর্ষণ এবং রাজনৈতিক অবস্থানের মধ্যে অসংগতিগুলো তুলে ধরা হয়।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও জনবিষয়ক বিভাগের অধ্যাপক ডেভিড কার্পফ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিত্ব ও স্বতন্ত্র উপস্থিতি তৈরি করতে পারা নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যাঁরা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং নিজেদের বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারেন, তাঁরাই বেশি মনোযোগ আকর্ষণ করছেন।
তবে এসব প্রচারণা সরাসরি ভোটারের মতামত পরিবর্তন করে কি না, তা এখনো নিশ্চিত নয়। কার্পফের মতে, অন্তত এসব কৌশল নির্বাচনী প্রচারণার প্রতি মানুষের আগ্রহ এবং সমর্থন বাড়াতে পারে।
স্প্রাউট সোশ্যালের চলতি বছরের একটি জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের অর্ধেক অন্তত একজন রাজনীতিককে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করেন। বিশেষ করে মিলেনিয়াল ও জেনারেশন জেড প্রজন্মের ভোটাররা মধ্যবর্তী নির্বাচনসংক্রান্ত তথ্যের জন্য সংবাদমাধ্যমের ওয়েবসাইট বা অ্যাপের তুলনায় সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর বেশি নির্ভর করেছেন।
প্রতিদ্বন্দ্বীকে ব্যঙ্গ করে মিসিসিপিতে জয় স্কট কলমের
মিসিসিপিতে ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলমও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যতিক্রমী প্রচারণা চালিয়ে বড় ধরনের নির্বাচনী সাফল্য পেয়েছেন। ৪৩ বছর বয়সী এই জেলা অ্যাটর্নি সিনেট নির্বাচনে জয়ী হয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন।
তাঁর জনপ্রিয় প্রচারণার একটি ছিল ‘অন্য কোনো প্রোটিন বেছে নিন’ শিরোনামের বিজ্ঞাপন। এতে রিপাবলিকান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে ব্যঙ্গ করা হয়।
এর আগে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ার বিষয়ে এক সাক্ষাৎকারে হাইড-স্মিথ বলেছিলেন, মানুষের সামনে বেছে নেওয়ার মতো আরও অনেক প্রোটিন রয়েছে।
কলমের ভিডিওতে প্রথমে হাইড-স্মিথের সেই বক্তব্য দেখানো হয়। এরপর তাঁর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা সাধারণ মানুষের প্রতিক্রিয়া তুলে ধরা হয়। শেষ দৃশ্যে কলম বলেন, ‘এর পরিবর্তে অন্য একজন সিনেটর বেছে নিন।’
শুক্রবার পর্যন্ত এক্সে ভিডিওটি ২ কোটি ১০ লাখের বেশি বার দেখা হয়েছিল।
টেক্সাসে ব্যক্তিগত মুহূর্ত ও স্থানীয় প্রভাবশালীদের ব্যবহার
টেক্সাসে ৩৭ বছর বয়সী সাবেক শিক্ষক জেমস টালারিকোও সামাজিক যোগাযোগমাধ্যমকে নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ হাতিয়ার বানিয়েছেন।
কেলেঙ্কারিতে জর্জরিত রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কেন প্যাক্সটনের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় টালারিকোর প্রচারণায় ব্যক্তিগত ভাবমূর্তি তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
একটি ইনস্টাগ্রাম ভিডিওতে তাঁকে নিজের পোশাকের আদলে তৈরি পোশাক পরা এক শিশুকে আলিঙ্গন করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে তিনি ভাগনিকে নিয়ে হ্যালোইনের সময় বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি সংগ্রহ করেন। এসব ভিডিও ব্যাপক সাড়া পায়।
তাঁর সবচেয়ে জনপ্রিয় ভিডিওগুলোর একটি ছিল ‘কেন প্যাক্সটন কলম চুরি করেন’। এতে ২০১৩ সালের একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরা হয়। সে সময় টেক্সাসের একটি আদালতের নিরাপত্তা তল্লাশির স্থানে পড়ে থাকা এক হাজার ডলার মূল্যের মন্টব্ল্যাঙ্ক কলম নিতে প্যাক্সটনকে ভিডিওতে দেখা গিয়েছিল।
প্যাক্সটনের নির্বাচনী প্রচারণা দল ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করেছিল। পরে কলমটি ফেরত দেওয়া হয় এবং এ ঘটনায় প্যাক্সটনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
টালারিকোর ভিডিওতে কলমটির মালিক হিসেবে আইনজীবী জো জপলিনকে দেখানো হয়। ভিডিওতে তিনি কলমটি হাতে নিয়ে টালারিকোর প্রতি সমর্থন জানান।
শুধু নিজের অনুসারীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে টালারিকোর প্রচারণা দল স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদেরও যুক্ত করে। এর মাধ্যমে রাজনীতিতে সাধারণত আগ্রহী নন, এমন মানুষের কাছেও পৌঁছানোর চেষ্টা করা হয়।
তাঁর ২৬ বছর বয়সী প্রচারণা পরিচালক ও বক্তৃতা লেখক আন্তোনিও এসপারজা বলেন, সান আন্তোনিওর কোনো খাবারবিষয়ক কনটেন্ট নির্মাতার ৪৫ হাজার অনুসারী থাকলেও তা অত্যন্ত মূল্যবান হতে পারে। কারণ ওই নির্মাতাকে অনুসরণকারীদের বড় অংশই টেক্সাসের, বিশেষ করে সান আন্তোনিও এলাকার বাসিন্দা হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৮ সালের নির্বাচনে কনটেন্ট নির্মাতাদের গুরুত্ব বাড়বে
রাজনৈতিক প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমের এই পরিবর্তনকে ভবিষ্যতের নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
মারিয়া কমস্টকের মতে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কনটেন্ট নির্মাতারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শুধু প্রার্থীর বক্তব্য প্রচার নয়, বরং স্থানীয় জনগোষ্ঠী, নির্দিষ্ট বয়সের ভোটার এবং বিভিন্ন আগ্রহভিত্তিক দর্শকের কাছে পৌঁছাতে তাঁদের ব্যবহার আরও বাড়বে।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের অভিজ্ঞতা দেখিয়েছে, রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এখন শুধু জনসভা, টেলিভিশন সাক্ষাৎকার কিংবা সংবাদ বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার সুযোগ নেই। ভোটারদের মনোযোগ পেতে প্রার্থীদের নিজেদের ব্যক্তিত্ব, হাস্যরস এবং রাজনৈতিক অবস্থানকে সামাজিক যোগাযোগমাধ্যমের উপযোগী করে তুলে ধরতে হচ্ছে।
তবে একটি বিষয় এখনো গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে রয়ে গেছে—ভাইরাল ভিডিও কি সত্যিই ভোটারের রাজনৈতিক সিদ্ধান্ত বদলে দেয়, নাকি কেবল প্রার্থীর পরিচিতি ও জনপ্রিয়তা বাড়ায়?
এই প্রশ্নের চূড়ান্ত উত্তর না মিললেও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সামাজিক যোগাযোগমাধ্যম যে আর পার্শ্ববর্তী প্রচারমাধ্যম নয়, বরং নির্বাচনী কৌশলের কেন্দ্রীয় অংশ হয়ে উঠছে, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।












