জাতীয় অগ্রগতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার প্রশ্নে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—এই চারটি ক্ষেত্রের গুরুত্ব ক্রমেই বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি থেকে শুরু করে কৃষি ও জলবায়ু গবেষণা—প্রতিটি ক্ষেত্রেই দক্ষ জনশক্তি এখন অর্থনৈতিক সক্ষমতা ও জাতীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি। কিন্তু এই ভবিষ্যৎ নির্মাণের প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ যদি সীমিত থাকে, তাহলে উন্নয়নের সম্ভাবনাও অসম্পূর্ণ থেকে যাবে।
প্রযুক্তিনির্ভর জাতীয়তাবাদ বলতে শুধু ডিজিটাল অবকাঠামো তৈরি বা বৈজ্ঞানিক উদ্ভাবনে এগিয়ে যাওয়াকে বোঝায় না। এর অর্থ এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে সব নাগরিক নিজেদের মেধা ও সক্ষমতা দিয়ে দেশের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে পারেন। এই বিবেচনায় বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ কোনো বিশেষ সুবিধা বা সামাজিক দায়বদ্ধতার বিষয় নয়; এটি জাতীয় উন্নয়নের অপরিহার্য শর্ত।
ইন্দোনেশিয়ার ইতিহাসেও এই ধারণার ভিত্তি রয়েছে। ১৯২৮ সালের যুব অঙ্গীকারে (সুম্পাহ পেমুদা) দেশের তরুণ-তরুণীরা একটি অভিন্ন জাতীয় পরিচয়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই অঙ্গীকারের প্রথম বাক্যেই নারী ও পুরুষকে সমানভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। স্বাধীনতা ও জাতীয় ঐক্যের স্বপ্নে নারীদের সমান অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়ার যে ঐতিহাসিক তাৎপর্য ছিল, আধুনিক রাষ্ট্র নির্মাণেও তার প্রতিফলন থাকা প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তির মতো ভবিষ্যৎনির্ধারক ক্ষেত্রগুলো থেকে নারীদের দূরে রেখে সেই অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়।
শিক্ষায় অংশগ্রহণ, কর্মক্ষেত্রে আরও বড় ব্যবধান
ইন্দোনেশিয়ায় ২০২৪ সালের আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে নারীর হার প্রায় ৩৫ শতাংশ। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর্যায়ে এই অংশগ্রহণ আরও কমে যায়। কর্মজীবনে প্রবেশের পর ব্যবধানটি আরও স্পষ্ট হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার চিত্রও খুব আলাদা নয়। আসিয়ান সচিবালয় এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, এ অঞ্চলে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের শিক্ষার্থীদের মধ্যে নারীর অংশ প্রায় ৪০ শতাংশ। কিন্তু সামগ্রিক কর্মশক্তিতে তাঁদের প্রতিনিধিত্ব নেমে আসে প্রায় ৩০ শতাংশে। সিদ্ধান্ত গ্রহণের উচ্চপর্যায়ে নারীর উপস্থিতি আরও সীমিত।
এই পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ সমস্যার দিকে ইঙ্গিত করে। শুধু মেয়েদের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে পড়তে উৎসাহিত করলেই সমতা প্রতিষ্ঠিত হবে না। শিক্ষায় প্রবেশের সুযোগ, পড়াশোনা শেষ করা, চাকরি পাওয়া, কর্মক্ষেত্রে টিকে থাকা এবং নেতৃত্বের পর্যায়ে পৌঁছানো—প্রতিটি ধাপে বাধা দূর করতে হবে। অন্যথায় শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত অগ্রগতি কর্মক্ষেত্রে গিয়ে হারিয়ে যাবে।
অবশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের অভিজ্ঞতা দেখায়, এই ব্যবধান কমানো সম্ভব। মিয়ানমারে প্রাকৃতিক বিজ্ঞান বিষয়ে গবেষকদের মধ্যে নারীর অংশ ৭২ শতাংশ। প্রকৌশল ও প্রযুক্তি গবেষণায় তাঁদের প্রতিনিধিত্ব প্রায় ৮০ শতাংশ। মালয়েশিয়া উচ্চশিক্ষায় নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে স্নাতক হওয়ার হারের দিক থেকে আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। জীবনবিজ্ঞান খাতে বোর্ড পর্যায়ে নারীর প্রতিনিধিত্ব ৭১ শতাংশ এবং প্রকৌশল গবেষণায় ৪৭ শতাংশ।
ফিলিপাইনেও তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও গবেষণায় নারীদের অংশগ্রহণের শক্ত ভিত্তি রয়েছে। মাধ্যমিক পর্যায়ে গণিত ও বিজ্ঞানের শিক্ষায় দেশটির ফলাফলও উল্লেখযোগ্য। অন্যদিকে সিঙ্গাপুরে প্রকৌশল বিষয়ে নারী শিক্ষার্থীর হার ২০ শতাংশের নিচে এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ৩২ শতাংশ। তবু দেশটি প্রযুক্তি খাতে মোট কর্মসংস্থানের পরিমাণ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের বোর্ডে নারীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।
এসব উদাহরণ থেকে বোঝা যায়, নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য একটিমাত্র নির্দিষ্ট পথ নেই। শিক্ষা, কর্মসংস্থান, গবেষণা, নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সুযোগ—সব ক্ষেত্রের সমন্বিত উদ্যোগই ফল নির্ধারণ করে।
বিশ্বের অভিজ্ঞতাও সরল কোনো ধারণাকে সমর্থন করে না। অর্থনৈতিকভাবে উন্নত দেশ হলেই বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বেশি হবে, এমন নয়। পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী স্নাতকের হার তুলনামূলক কম। বিপরীতে পূর্ব ইউরোপ, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার কিছু উন্নয়নশীল এবং মধ্যম আয়ের দেশ এ ক্ষেত্রে ভালো করছে। অর্থাৎ নারীর অংশগ্রহণ বাড়ানো শুধু আয় বা উন্নয়নের স্তরের ওপর নির্ভর করে না; নীতি, সামাজিক পরিবেশ এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থারও বড় ভূমিকা রয়েছে।
নারীকে বাদ দিলে অর্থনীতিরও ক্ষতি
বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তা সামাজিক ন্যায়বিচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সরাসরি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের হিসাব অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা এবং কর্মসংস্থানে নারী-পুরুষের ব্যবধান কমানো গেলে দীর্ঘ মেয়াদে মাথাপিছু মোট দেশজ উৎপাদন বাড়তে পারে।
বিশ্ব অর্থনীতি যখন নতুন শিল্প ও প্রযুক্তির দিকে এগোচ্ছে, তখন দক্ষ কর্মীর চাহিদাও দ্রুত বাড়ছে। সেমিকন্ডাক্টর উৎপাদন, সফটওয়্যার প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে জনসংখ্যার অর্ধেকের কাছাকাছি একটি অংশের মেধা ও শ্রমকে পুরোপুরি কাজে লাগাতে না পারা অর্থনৈতিক সম্ভাবনার অপচয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। অঞ্চলটি বিশ্বের দ্রুত বর্ধনশীল ডিজিটাল ও শিল্পভিত্তিক অর্থনীতিগুলোর একটি। কিন্তু একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ কর্মীর ঘাটতিও রয়েছে। নারীদের এই খাতে প্রবেশ এবং তাঁদের কর্মজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করা গেলে একদিকে শ্রমবাজারের চাপ কমবে, অন্যদিকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে আঞ্চলিক সক্ষমতা বাড়বে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারের সময় নারীদের দক্ষতা উন্নয়ন আরও জরুরি। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে শ্রমবাজারে বিদ্যমান বৈষম্য আরও বাড়তে পারে। বিপরীতে বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের অন্তর্ভুক্ত করা গেলে তাঁদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং অর্থনীতির সামগ্রিক অভিযোজনক্ষমতাও বাড়বে।

এর পাশাপাশি প্রযুক্তির নকশা ও উদ্ভাবনের মানের সঙ্গেও নারী-পুরুষের বৈচিত্র্যময় অংশগ্রহণের সম্পর্ক রয়েছে। কোনো প্রযুক্তি বা পণ্য যদি প্রধানত পুরুষদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তৈরি হয়, তাহলে নারীদের প্রয়োজন, ব্যবহারিক অভিজ্ঞতা কিংবা সমস্যাগুলো যথাযথভাবে বিবেচিত না হওয়ার ঝুঁকি থাকে। ফলে প্রযুক্তি যত উন্নতই হোক, ব্যবহারকারীর একটি বড় অংশের বাস্তবতা উপেক্ষিত থেকে যেতে পারে। গবেষণা ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়লে এই ধরনের সীমাবদ্ধতা শনাক্ত করা এবং আরও কার্যকর সমাধান তৈরি করা সহজ হয়।
জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার ক্ষেত্রেও নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রামীণ অর্থনীতি ও কৃষি উৎপাদনে নারীরা বড় ভূমিকা পালন করেন। স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতির ক্ষেত্রেও তাঁদের অভিজ্ঞতা রয়েছে। জলবায়ুবিজ্ঞান, কৃষিপ্রযুক্তি এবং জীবপ্রযুক্তিতে নারীদের দক্ষ করে তোলা গেলে কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা এবং জলবায়ু অভিযোজনের সক্ষমতা বাড়ানো সম্ভব।
প্রয়োজন শিক্ষা থেকে নেতৃত্ব পর্যন্ত ধারাবাহিক নীতি
যেসব দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে পেরেছে, তাদের অভিজ্ঞতায় কয়েকটি বিষয় স্পষ্ট। লক্ষ্যভিত্তিক নীতি, কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আর্থসামাজিক প্রণোদনা—এই তিনটির সমন্বয় জরুরি। বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা যেন শুধু বিশেষ সুবিধাপ্রাপ্ত পরিবারের মেয়েদের জন্য সীমিত না থাকে, সে জন্য প্রবেশের সুযোগ এবং কর্মজীবনের সম্ভাবনা দুটোই নিশ্চিত করতে হবে।
প্রথমত, বিজ্ঞান, গণিত বা কম্পিউটারবিজ্ঞানকে পুরুষের পেশা হিসেবে দেখার সামাজিক ধারণা বদলাতে হবে। এসব বিষয়ে নারীদের সক্ষমতা নিয়ে প্রচলিত সংশয় দূর করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও কর্মক্ষেত্র—সব জায়গায় এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে মেয়েরা নিজেদের আগ্রহ ও যোগ্যতার ভিত্তিতে বিষয় নির্বাচন করতে পারে।
দ্বিতীয়ত, নারী বিজ্ঞানী, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও গবেষকদের নেতৃত্বের পর্যায়ে দৃশ্যমান করতে হবে। তরুণ শিক্ষার্থীরা যখন নিজেদের মতো মানুষের সফল হওয়ার বাস্তব উদাহরণ দেখতে পায়, তখন সংশ্লিষ্ট পেশায় প্রবেশের পথ তাদের কাছে আরও বাস্তব ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। নারী নেতৃত্বের উপস্থিতি শুধু প্রতীকী বিষয় নয়; এটি পরবর্তী প্রজন্মের জন্য পেশাগত সম্ভাবনার পরিসরও প্রসারিত করে।
তৃতীয়ত, প্রয়োজন একটি সমন্বিত জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতবিষয়ক পরিকল্পনা। শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা স্নাতক হওয়ার সংখ্যা বাড়ানো এই পরিকল্পনার লক্ষ্য হতে পারে না। শিক্ষাজীবন থেকে কর্মজীবনে প্রবেশ, চাকরিতে টিকে থাকা, দক্ষতা উন্নয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে পৌঁছানোর সুযোগ—সবকিছুর জন্য ধারাবাহিক ব্যবস্থা থাকতে হবে।
এ ক্ষেত্রে সরকার ও বেসরকারি খাতের অংশীদারত্বও অপরিহার্য। শিল্পপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার মধ্যে পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষানবিশ কর্মসূচি, গবেষণা এবং চাকরির সুযোগ তৈরিতে সমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে নারী উদ্যোক্তা ও নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলোর জন্য পুঁজি এবং উৎপাদনমূল্য শৃঙ্খলে প্রবেশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এতে নারী শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পর কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথও বিস্তৃত হবে।

আসিয়ানকে নিতে হবে আঞ্চলিক উদ্যোগ
জাতীয় নীতির পাশাপাশি আঞ্চলিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শিক্ষা, শিল্প ও শ্রমবাজারের বাস্তবতা এক নয়। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য নির্ধারণ করা সম্ভব।
আসিয়ানের উচিত এ বিষয়ে একটি বৃহত্তর আঞ্চলিক কৌশল গ্রহণ করা। সদস্যদেশগুলোর জাতীয় নীতির মধ্যে সমন্বয়, দক্ষতার মান নির্ধারণ, প্রণোদনা এবং অংশীদারত্বের কাঠামো গড়ে তোলা দরকার। একই সঙ্গে আসিয়ান সম্প্রদায়ের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সহযোগিতার বিভিন্ন স্তরে এই লক্ষ্যকে যুক্ত করতে হবে। বিচ্ছিন্ন প্রকল্পের বদলে একটি কার্যকর আঞ্চলিক পরিবেশ তৈরি করা গেলে নারীদের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
আসিয়ানের বাইরের অংশীদারদের সঙ্গেও সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করা প্রয়োজন। অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাজ্যের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আসিয়ানের সহযোগিতা রয়েছে। তবে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে এই সহযোগিতা অনেকাংশে নির্দিষ্ট সংখ্যক বৃত্তি বা কোটা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ।
বৃত্তি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটিই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ, গবেষণার সুযোগ, শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষানবিশ কর্মসূচি এবং বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা বাড়াতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিতে নারী-পুরুষের সমতা অর্জনে যেসব দেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, তাদের কাছ থেকেও শেখার সুযোগ তৈরি করা যেতে পারে।
জাতীয় পর্যায়ে নীতিগত অঙ্গীকার এবং আঞ্চলিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ—দুটিই প্রয়োজন। কারণ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতিযোগিতা এখন আর শুধু একটি দেশের ভেতরের বিষয় নয়। গবেষণা, উদ্ভাবন, দক্ষতা ও শিল্পের সক্ষমতা আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রতিযোগিতার মধ্য দিয়েই গড়ে উঠছে।
একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার সব নাগরিকের সক্ষমতা কতটা কাজে লাগানো যাচ্ছে তার ওপর। নারীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রবেশের সুযোগ তৈরি করাই যথেষ্ট নয়; তাঁদের গবেষক, উদ্ভাবক, উদ্যোক্তা এবং নীতিনির্ধারক হিসেবে বিকশিত হওয়ার পথও নিশ্চিত করতে হবে। জাতীয় অগ্রগতি ও প্রযুক্তিগত সক্ষমতার লক্ষ্য পূরণ করতে হলে এই অন্তর্ভুক্তিকে আর ঐচ্ছিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই।












