সীমান্তের ওপার থেকে রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশ্রমিকদের উসকে দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, চলমান সহিংসতার সঙ্গে প্রকৃত পোশাকশ্রমিকদের সম্পৃক্ততা সরকার বিশ্বাস করে না। একটি মহল রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শ্রমিক অসন্তোষ নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাঁদের ন্যায্য স্বার্থ রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগও রয়েছে। তবে সহিংসতা ও নৈরাজ্যের কোনো সুযোগ দেওয়া হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, চলমান সহিংস আন্দোলনের কোনো যৌক্তিক কারণ ছিল না বলে সরকার মনে করে। শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে কেউ যেন রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
কারখানা চালুর আহ্বান
গার্মেন্টস মালিকদের আগামীকাল সোমবার থেকে কারখানা চালু রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট থাকবে।
যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি ও স্বার্থের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

জরুরি বৈঠকে যাঁরা ছিলেন
শ্রমিক অসন্তোষের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কারখানা চালু রাখা, শ্রমিকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য স্বার্থ রক্ষার সরকারি উদ্যোগের কথা জানিয়ে সহিংসতা ও রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।












