নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যেও রাজধানী ঢাকার জনজীবন ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে বাসসহ সব ধরনের অভ্যন্তরীণ পরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে আগের রাতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়, থানা এলাকা ও বিভিন্ন স্থাপনার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে নতুন করে কোনো নাশকতার ঘটনা না ঘটে।
যান চলাচল স্বাভাবিক, বাড়তি পুলিশ
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি ফার্মগেট ও তেজগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সকাল পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা যায়নি। সব ধরনের যানবাহন চলাচল করছে। কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি পুলিশ রাখা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, বিটিভি এলাকায় অতিরিক্ত পুলিশ রয়েছে। অন্যান্য এলাকায়ও নিয়মিত টহল চলছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
গুলিস্তান থেকে সব রুটে বাস
রাজধানীর গুলিস্তান থেকে বিভিন্ন গন্তব্যে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। গুলিস্তান থেকে শাহবাগ হয়ে গাবতলী ও মিরপুর সড়কে যানবাহন চলাচল করছে। একইভাবে গুলিস্তান থেকে রামপুরা ও বাড্ডা হয়ে উত্তরা পর্যন্ত সড়কেও যান চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন দেখা যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, আগের রাতে যানবাহনে আগুন দেওয়ার ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, শাহবাগ, ধানমন্ডি, নিউমার্কেটসহ বিভাগের বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা ঠেকাতে প্রতিটি থানাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল ও অন্যান্য অভিযান জোরদার করা হয়েছে।
আগের রাতের ঘটনায় আতঙ্ক
এর আগে কয়েক দিন ধরে সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যায় ফার্মগেট, মিরপুর ও পোস্তগোলায় যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। একই সময়ে টিএসসি, বনানী পুলিশ ফাঁড়ি, বাংলা কলেজ ও শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
ধারাবাহিক এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সড়ক ও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটেও রাজধানীর স্বাভাবিক যান চলাচল অব্যাহত রয়েছে। তবে আগের রাতের নাশকতার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে পুলিশ।











