নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২৮ জেলায় ককটেল বিস্ফোরণ, বাস ও ট্রেনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ এবং বিভিন্ন সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও হতাহতের ঘটনাও ঘটেছে। ফরিদপুরে একটি বাসের আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন এবং সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। নাশকতায় জড়িত সন্দেহে বিভিন্ন জেলা থেকে দেড় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সদরদপ্তর ও ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে ছয় জেলার ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১০টি
রাজধানীর ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, মালিবাগ, আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি ধানমন্ডি ও উত্তর শাহজাহানপুরের বিভিন্ন স্থান থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। সেগুলোর সঙ্গে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল ককটেল দুটি নিষ্ক্রিয় করে। সিটি কলেজের পাশ থেকেও আরও দুটি ককটেল উদ্ধার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হলে চালক মো. সোহেল আহত হন। বিস্ফোরণে গাড়ির কাচ ভেঙে তাঁর শরীরে কাচ ও স্প্লিন্টারের আঘাত লাগে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একই সময়ে কলাভবনের পাশেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে মালিবাগ চৌধুরীপাড়ায় ককটেল বিস্ফোরণে আদর আলী নামে এক কিশোর আহত হয়। এ ছাড়া মিরপুরে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, আহত ১০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলায় সড়ক অবরোধ, মিছিল ও সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন।
পাটগাতী বাজারের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় যুবদলের কার্যালয়ের বাইরের কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করা হয়। পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়ের কাছে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়।
সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। প্রায় দুই ঘণ্টা গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টুঙ্গিপাড়ায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পুলিশ সুপারের তথ্য অনুযায়ী, আগের রাতের নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে সাতটি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল।
ফরিদপুরে বাসের আগুন নেভাতে গিয়ে চালকের মৃত্যু
ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় সোমবার গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দেওয়া হয়। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বাসচালক মো. কালাচাঁদ (৫০)।
তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা ছিলেন। ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর পথে চলাচলকারী কিশোর-তনয় পরিবহনের বাসটি চালাতেন তিনি।
বিভিন্ন জেলায় বাস ও ট্রেনে অগ্নিসংযোগ
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খুলনা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতেও আগুন লাগে। তবে সেখানে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
নওগাঁয় পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়। গাজীপুরের কালিয়াকৈরে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চট্টগ্রামে দুটি স্থানে দুটি বাসে এবং কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়।
এ ছাড়া ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। কক্সবাজারের সাতটি স্থানে ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। ঢাকার ধামরাইয়ে পাঁচ দিনের ব্যবধানে চারটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
৫০টি প্রতিষ্ঠানে তালা, বিভিন্ন জেলায় গ্রেপ্তার
বরগুনায় অন্তত ৫০টি সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ। রাজশাহীর তানোরে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলায় সড়ক অবরোধ, ঝটিকা মিছিল ও সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।
কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজন এবং মানিকগঞ্জে মিনিবাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ
দেশজুড়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঠেকাতে পুলিশকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন।
পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারির সঙ্গে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন আইজিপি। একই সঙ্গে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি।
গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।












