আয়ারল্যান্ডে একটি বক্সিং প্রতিযোগিতায় উগ্র ডানপন্থী কর্মী টমি রবিনসনের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা ব্যাপক সংঘর্ষ ও দাঙ্গায় রূপ নেয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার গভীর রাতে আয়ারল্যান্ডের কাউন্টি কিলকেনির দ্য হাব নামের একটি ভেন্যুতে এ ঘটনা ঘটে। বিতর্কিত ইন্টারনেট ব্যক্তিত্ব হ্যারিসন সুলিভান, যিনি এইচএসটিকি-টকি নামে পরিচিত, এবং আরেক অনলাইন ব্যক্তিত্ব এড ম্যাথিউস যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করেন। তাঁদের ‘আনহিঞ্জড’ নামের আয়োজন প্রতিষ্ঠানের ব্যানারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
৪৩ বছর বয়সী টমি রবিনসনের প্রকৃত নাম স্টিফেন ইয়াক্সলি-লেনন। তিনি নিজের সমর্থকদের নিয়ে প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মুসলিম বক্সারের লড়াই ঘিরে উত্তেজনা
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল কিক নামের অনলাইন প্ল্যাটফর্মে। প্রায় ১৮ লাখ দর্শক এটি দেখছিলেন। শুরুতে কোনো বড় ধরনের সমস্যা না হলেও মুসলিম সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব মো দীন, যার প্রকৃত নাম মোহাম্মদ কুব্বা, তাঁর লড়াইয়ের আগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আয়োজক সুলিভান ও ম্যাথিউস টমি রবিনসনকে ধারাভাষ্যকারদের টেবিলে আমন্ত্রণ জানান। সেখানে নিজের লেখা ‘দ্য গ্রুমিং গ্যাং কভার-আপ’ বই হাতে নিয়ে তিনি মুসলিমদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেন। তিনি দাবি করেন, গত ১০০ বছর ধরে মুসলিমরা তাঁদের দেশকে ধর্ষণ করছে। এ সময় মুসলিম পুরুষদের যৌন অপরাধে জড়িত থাকার বিষয়ে কিছু মিথ্যা পরিসংখ্যানও তুলে ধরেন।
বর্ণগত ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যপূর্ণ দর্শকগোষ্ঠীর অনেকেই তাঁর বক্তব্যে ক্ষুব্ধ হন।
এরপর নিজের লড়াইয়ে জয়ী হয়ে মো দীন রিং থেকে বেরিয়ে টমি রবিনসনের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাঁকে ঘুষি মারেন। নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এর কিছুক্ষণ পরই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।
রিংয়ে ফিরিয়ে আনার পর শুরু দাঙ্গা
লড়াই শেষে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়া মো দীনকে আবার ফিরিয়ে আনার দাবি জানান আয়োজক সুলিভান। রবিনসনের মুখোমুখি হওয়ার জন্য তাঁকে রিংয়ে ফিরতে বলা হয়। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে আবার ভেন্যুতে নিয়ে আসেন।
ঘটনাপ্রবাহে মনে হচ্ছিল, দুই পক্ষের মধ্যে নির্ধারিত সূচির বাইরে খালি হাতে লড়াই আয়োজনের চেষ্টা চলছে। সুলিভানকে বারবার বলতে শোনা যায়, ‘টমিকে ওর সঙ্গে লড়তে দাও।’
এ সময় রবিনসনের সমর্থকদেরও রিংয়ে প্রবেশের সুযোগ দেওয়া হয়। মো দীন রিংয়ে পৌঁছানোর সময় সেখানে তাঁর প্রতিপক্ষের সমর্থকদের ভিড় ছিল। একপর্যায়ে রবিনসন তাঁর হাতে থাকা বইটি মো দীনের দিকে ছুড়ে মারেন। এরপর দুই পক্ষের মধ্যে আবার মারামারি শুরু হয়।
দ্রুতই সংঘর্ষ দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে। চেয়ার ও নিরাপত্তাবেষ্টনী ছুড়ে মারা হয়। অনেকে একে অপরকে ঘুষি মারতে থাকেন। আতঙ্কিত দর্শকদের কেউ চিৎকার করতে থাকেন, আবার কেউ নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে থাকেন।
আহত একজন, গ্রেপ্তার দুজন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজক ও ভেন্যুর নিরাপত্তাকর্মীদের পাশাপাশি আইরিশ পুলিশও এগিয়ে আসে। এর আগে রাতেই ভেন্যুতে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল।
পুলিশের একজন মুখপাত্র জানান, ত্রিশোর্ধ্ব এক ব্যক্তি হামলার শিকার হন। পরে তাঁকে সেন্ট লুকস হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া বিশের কোঠায় বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে আটক রাখা হয়েছে।
এক কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছে। পরে সহিংস বিশৃঙ্খলার অভিযোগে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

ঘটনার পর ভেন্যুর বাইরে মূলত কিশোর ও তরুণদের ভিড় দেখা যায়। তাঁদের অনেকেই মোবাইল ফোনে সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতির ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে দাঙ্গার দৃশ্য। সরাসরি সম্প্রচার বন্ধ হওয়ার আগে দর্শকদের একাংশকে ‘ওহ, টমি রবিনসন’ বলে স্লোগান দিতেও শোনা যায়।
কারাদণ্ডের মুখে টমি রবিনসন
টমি রবিনসন বর্তমানে জামিনে রয়েছেন। গত অক্টোবর মাসে দুই সাংবাদিককে এমনভাবে হয়রানি করার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন, যাতে তাঁরা সহিংসতার আশঙ্কায় ভীত হয়ে পড়েছিলেন। আগামী ১৬ ডিসেম্বর সাজা ঘোষণার শুনানিতে তাঁর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। এ মামলায় তাঁর উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড হতে পারে।
তবে তাঁর জামিনের শর্তে দেশের বাইরে ভ্রমণের ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল কি না, তা নিশ্চিত করতে পারেনি যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয় ও মেট্রোপলিটন পুলিশ।
অন্যদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে আয়োজক হ্যারিসন সুলিভান স্বীকার করেন, অনুষ্ঠানের জন্য আরও বেশি নিরাপত্তাকর্মী নিয়োগ করা উচিত ছিল। তিনি বলেন, বড় কিছু করতে গেলে ভুল হতে পারে। তবে একই সঙ্গে অনুষ্ঠানটিকে দারুণ বিনোদনমূলক বলে উল্লেখ করে দাবি করেন, এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সুলিভান ও ম্যাথিউসের আয়োজক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও দাঙ্গার ভিডিও প্রকাশ করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘এলাকাটি দাঙ্গায় পরিণত হয়েছে।’












