ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ ক্রমেই পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে বিস্তৃত হচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আধুনিক যুদ্ধপ্রযুক্তির পাশাপাশি এখন সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করা, ক্ষেপণাস্ত্রের গতিবিধি পর্যবেক্ষণ, সামরিক যোগাযোগ বজায় রাখা এবং যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহে মহাকাশভিত্তিক প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ছে দুই দেশেরই।
গত ১৫ আগস্ট রাশিয়ার শিল্পনগরী সামারায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ভলগা নদীর তীরবর্তী শহরটির প্রগ্রেস রকেট অ্যান্ড স্পেস সেন্টারে দুটি ফ্লামিঙ্গো ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানে রাশিয়ার সয়ুজ-২ রকেট তৈরি করা হয়। হামলায় ক্ষতিগ্রস্ত হয় অন্তত দুটি ভবন। এর মধ্যে ১০৬এ নামে পরিচিত একটি বিশেষ স্থাপনা ছিল, যেখানে সয়ুজ উৎক্ষেপণব্যবস্থার জন্য প্রয়োজনীয় মাদারবোর্ড সংযোজন করা হতো।
রাশিয়ার তেল শোধনাগার ও শিল্পকারখানায় ইউক্রেনের ধারাবাহিক হামলার মধ্যে সামারার এই অভিযান বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ, এর মাধ্যমে রাশিয়ার মহাকাশ কর্মসূচি এবং স্যাটেলাইট উৎক্ষেপণ সক্ষমতাকে সরাসরি লক্ষ্যবস্তু করার বিষয়টি স্পষ্ট হয়েছে।
সামরিক শক্তির নতুন ভিত্তি স্যাটেলাইট
আধুনিক যুদ্ধে স্যাটেলাইট এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, সামরিক সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি। ড্রোন পরিচালনা, লক্ষ্যবস্তু শনাক্তকরণ, শত্রুপক্ষের অবস্থান পর্যবেক্ষণ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের গতিপথ নির্ধারণে মহাকাশভিত্তিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাশিয়া দ্রুত রসভেত নামে একটি নতুন স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে। ইলন মাস্কের স্টারলিংক ব্যবস্থা থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার পর বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার মহাকাশ অবকাঠামোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এ বছর মস্কোর উত্তরে অবস্থিত কোরোলিয়ভ মহাকাশ কমপ্লেক্স এবং ক্রিমিয়ায় রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় নির্মিত একটি রেডিও টেলিস্কোপও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
তবে ইউক্রেনের জন্য উদ্বেগের আরেকটি বিষয় রাশিয়ার ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। অন্তত তিনবার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের কাছাকাছি উচ্চতায় উঠে একাধিক স্বতন্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ওয়ারহেড ছড়িয়ে দিতে পারে। এ ধরনের অস্ত্র মোকাবিলায় ইউক্রেন মহাকাশভিত্তিক প্রতিরক্ষাব্যবস্থা তৈরির চেষ্টা করছে।
স্টারলিংকের বিকল্প খুঁজছে ইউক্রেন
যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের সামরিক যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে স্টারলিংকের তথ্যপ্রবাহ ও গতিতে সীমাবদ্ধতা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গোয়েন্দা তথ্য সরবরাহে বিরতি দেওয়ার ঘটনায় কিয়েভ বিকল্প ব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তা আরও গভীরভাবে উপলব্ধি করেছে।
গত মাসে ইউক্রেন ও ডেনমার্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান গোমস্পেস যৌথভাবে ওব্রিয়া ন্যানো নামে একটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণে সফল হওয়ার ঘোষণা দেয়। এটি ইউক্রেনের নিজস্ব যোগাযোগ উপগ্রহ নেটওয়ার্ক তৈরির প্রথম ধাপ। ভবিষ্যতে প্রায় ২৪৫টি স্যাটেলাইট নিয়ে একটি স্বাধীন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ইউক্রেনের পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির রাষ্ট্রীয় নিরাপত্তা উপকমিটির প্রধান ফেদির ভেনিস্লাভস্কির মতে, যুদ্ধের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে নিজস্ব মহাকাশ সক্ষমতা ছাড়া সামরিক যোগাযোগ ও নিয়ন্ত্রণব্যবস্থা ঝুঁকির মধ্যে থাকে।
তিনি মনে করেন, রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন হুমকি মোকাবিলায় ইউক্রেনকে আরও উন্নত প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।

মহাকাশেও বাড়ছে রাশিয়ার তৎপরতা
শুধু ক্ষেপণাস্ত্র বা স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্রে হামলার মধ্যেই প্রতিযোগিতা সীমাবদ্ধ নেই। মহাকাশে অন্য দেশের স্যাটেলাইটের চলাচল পর্যবেক্ষণ, যোগাযোগ সংকেত বাধাগ্রস্ত করা এবং লেজার ব্যবহার করে স্যাটেলাইটের কার্যক্রম ব্যাহত করার মতো কৌশলও প্রয়োগ করছে বিভিন্ন দেশ।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক প্রথমবারের মতো স্বীকার করেন, ওয়াশিংটন মহাকাশে কক্ষপথভিত্তিক নিয়ন্ত্রণমূলক অস্ত্র মোতায়েন করেছে।
এর কয়েক সপ্তাহ পর রাশিয়ার কসমস-২৬১২ নামের একটি স্যাটেলাইটকে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান আইসাইয়ের পরিচালিত বাণিজ্যিক রাডার স্যাটেলাইটের কাছাকাছি অস্বাভাবিকভাবে চলাচল করতে দেখা যায়। আইসাইয়ের এই স্যাটেলাইট থেকে পাওয়া ত্রিমাত্রিক ভূখণ্ডের ছবি ইউক্রেনের সামরিক বাহিনী ব্যবহার করে। বিশেষজ্ঞদের মতে, রুশ স্যাটেলাইটের এই তৎপরতা ছিল পরিকল্পিতভাবে হয়রানির একটি প্রচেষ্টা।
সুইডিশ ডিফেন্স ইউনিভার্সিটির মহাকাশ ও নিরাপত্তা বিশেষজ্ঞ এলেনা গ্রসফেল্ড বলেন, মহাকাশে যুদ্ধের আশঙ্কাকে একসময় ভবিষ্যতের বিষয় হিসেবে দেখা হতো। কিন্তু বাস্তবে সেই পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে।
তার মতে, রাশিয়া ও চীন বহু আগে থেকেই যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে আসছে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে সামরিক গোয়েন্দা তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে মহাকাশের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।

মহাকাশে পুরোনো চুক্তি অকার্যকর হয়ে পড়ছে
মহাকাশে সামরিক প্রতিযোগিতা বাড়লেও এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও চুক্তিগুলো যথেষ্ট আধুনিক নয়। বিশেষজ্ঞদের মতে, মহাকাশে অস্ত্র মোতায়েন, সামরিক তৎপরতা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দেশের কার্যক্রম তদারকির বিদ্যমান আন্তর্জাতিক কাঠামো দ্রুত পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পারছে না।
সিকিউর ওয়ার্ল্ড ফাউন্ডেশনের মহাকাশ নিরাপত্তা ও স্থিতিশীলতা কর্মসূচির প্রধান ভিক্টোরিয়া স্যামসনের মতে, গত এক দশকে মহাকাশ কার্যক্রমে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ ব্যাপকভাবে বেড়েছে। স্পেসএক্স ও ব্লু অরিজিনের মতো প্রতিষ্ঠান এখন মহাকাশ অর্থনীতি ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশীদার।
কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা সামরিক নিরাপত্তার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। স্টারলিংক নিয়ে সাম্প্রতিক অভিজ্ঞতা বিভিন্ন দেশকে নিজস্ব যোগাযোগ উপগ্রহ নেটওয়ার্ক গড়ে তোলার দিকে ঠেলে দিচ্ছে।
স্যামসনের মতে, শুধু রাশিয়া নয়, ইউরোপের দেশগুলোও এখন নিজেদের স্টারলিংকের বিকল্প তৈরি করতে আগ্রহী।
এদিকে রাশিয়ার জিপিএস সংকেত বাধাগ্রস্ত করার কারণে বাল্টিক অঞ্চলের আকাশপথে বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে। ইউক্রেনের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা পৌঁছানোর ক্ষেত্রেও স্যাটেলাইট গোয়েন্দা তথ্যের গুরুত্ব বেড়েছে।
মহাকাশ প্রতিরক্ষায় নতুন দৌড়
রাশিয়ার দূরবর্তী উৎক্ষেপণকেন্দ্রগুলো ইউক্রেনের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে থাকায় কিয়েভ এখন বিকল্প প্রতিরক্ষাব্যবস্থা তৈরিতে মনোযোগ দিচ্ছে। এর অংশ হিসেবে বায়ুমণ্ডলের বাইরের কাছাকাছি উচ্চতায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র বা অস্ত্র ধ্বংস করতে সক্ষম প্রতিরোধব্যবস্থার অন্তত তিনটি পরীক্ষা চালিয়েছে ইউক্রেন।
ভেনিস্লাভস্কি জানিয়েছেন, এ ধরনের ব্যবস্থার পরীক্ষামূলক উৎক্ষেপণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন এগুলো উৎপাদনের উপযোগী করার কাজ চলছে। তবে চলমান যুদ্ধের বিপুল ব্যয়ের মধ্যে এ প্রকল্পের অর্থায়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে, ভবিষ্যতের সামরিক শক্তি শুধু স্থল, আকাশ কিংবা সমুদ্রের নিয়ন্ত্রণের ওপর নির্ভর করবে না। মহাকাশে যোগাযোগ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, স্যাটেলাইটের নিরাপত্তা এবং প্রতিপক্ষের প্রযুক্তি অকার্যকর করার সক্ষমতাও নির্ধারণ করবে যুদ্ধের গতিপথ।
ফলে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে শুরু হয়েছে মহাকাশে প্রভাব বিস্তারের নতুন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় রাষ্ট্রীয় শক্তির পাশাপাশি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।












