রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) ভোর ও রাতের এসব ঘটনায় চিড়িয়াখানা সিটি পরিবহন, বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি। তবে তিনটি বাসেরই বিভিন্ন অংশ পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ থেকে ১৩ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চিড়িয়াখানা রোডে একটি বাসে আগুন
শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে।
স্থানীয় লোকজন বাসটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে তাঁদের দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তখন আগুন নিয়ন্ত্রণে ছিল।
এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ ও গাড়ির বডির কিছু অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. রিপন জানান, চিড়িয়াখানার পাশে পার্কিং করে রাখা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক দল কাজ করছে।
কালশী রোডে আরও দুটি বাসে অগ্নিসংযোগ
এর আগে বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে পার্কিং করে রাখা আরও দুটি বাসে আগুন দেওয়া হয়।
বাস দুটি হলো বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিসংযোগে বিকল্প পরিবহনের বাসটির সব আসন, জানালার কাচ ও বডি পুড়ে যায়। এতে আনুমানিক আট থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার পুড়ে যায়। এ বাসটির ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আগুন: পুলিশ
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বাসে অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।












