ভারতের সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর নতুন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশের আগেই প্রকাশনা প্রতিষ্ঠান পরিবর্তন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বইটি প্রথমে পেঙ্গুইন র্যান্ডম হাউস থেকে প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত প্রকাশনার দায়িত্ব পেয়েছে হার্পারকলিন্স। বইটির বিভিন্ন বক্তব্য, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকার, বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমালোচনা প্রকাশনা প্রতিষ্ঠানটির সঙ্গে মতবিরোধের কারণ হয়েছিল বলে জানা গেছে।
বইটির প্রকাশক পরিবর্তনের খবর প্রথম প্রকাশিত হয় ২০২৬ সালের ২৮ আগস্ট। লেখকের অনুরোধে বইয়ের কিছু অংশে পরিবর্তন ও বাদ দেওয়ার বিষয়টি নিয়ে পেঙ্গুইন র্যান্ডম হাউসের সঙ্গে আলোচনা হয়েছিল। প্রতিষ্ঠানটি পরে জানায়, এ ধরনের আলোচনা প্রকাশনা প্রক্রিয়ার স্বাভাবিক অংশ এবং তারা বইটি প্রকাশে আগ্রহী ছিল। তবে লন্ডনের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী দাবি করেন, পেঙ্গুইনই শেষ পর্যন্ত প্রকাশনা চুক্তি থেকে সরে দাঁড়ায়। তাঁর ভাষ্য, মোদি সরকারের সমালোচনা নিয়ে প্রতিষ্ঠানটি অস্বস্তিতে ছিল।
মোদি সরকার ও আরএসএসকে নিয়ে সরাসরি সমালোচনা
স্মৃতিকথার দ্বিতীয়ার্ধে মোদি সরকার ও আরএসএসের বিরুদ্ধে একাধিক কঠোর অভিযোগ তুলেছেন সোনিয়া গান্ধী। সাতটি অংশে বিভক্ত বইটির বিভিন্ন অধ্যায়ে মোদি সরকারের রাজনৈতিক অবস্থান ও শাসনব্যবস্থার সমালোচনা করেছেন তিনি।
সোনিয়ার মতে, মোদির ভারত ভাবনা আর তাঁর নিজের রাজনৈতিক দর্শন সম্পূর্ণ আলাদা। তিনি লিখেছেন, আরএসএসের আদর্শ এবং মোদির বেড়ে ওঠার অভিজ্ঞতা তাঁর ভারত ভাবনাকে গড়ে তুলেছে। মোদি নিজের ভারতের স্বপ্ন বাস্তবায়নে লড়েছেন, আর সোনিয়া লড়েছেন তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গির পক্ষে।

তাঁর অভিযোগ, বর্তমান সরকার নতুন শাসন-ধারণা তৈরিতে ব্যর্থ হয়েছে। বরং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের অন্তত ৩০টি কর্মসূচি নতুন নাম দিয়ে এবং পরিসর কমিয়ে পুনরায় চালু করেছে। এর মধ্যে কয়েকটি কর্মসূচির সমালোচনা প্রধানমন্ত্রী নিজেই আগে করেছিলেন বলে দাবি করেছেন তিনি।
চীন সীমান্ত ও পুলওয়ামা হামলা নিয়ে প্রশ্ন
বইটির প্রকাশনা নিয়ে মতবিরোধের অন্যতম কারণ হিসেবে চীন সীমান্তে অনুপ্রবেশসংক্রান্ত বক্তব্যের কথা উঠে এসেছে। সোনিয়া লিখেছেন, সংসদে ক্ষমতাসীন দল দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যায়। এর মধ্যে রয়েছে সীমান্তে ভারতের ভূখণ্ডের কিছু অংশে চীনের দখল, কেন্দ্র-রাজ্য সম্পর্কের ভারসাম্য ক্ষুণ্নকারী আইন, সংখ্যালঘুদের অধিকার এবং নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা।
২০১৯ সালের পুলওয়ামা হামলা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ওই হামলায় আধাসামরিক বাহিনীর ৪০ সদস্য নিহত হন। সোনিয়ার অভিযোগ, সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে গোয়েন্দা সংস্থার একাধিক সতর্কবার্তা থাকা সত্ত্বেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। সেনাসদস্যদের নিরাপদ আকাশপথে পরিবহনের অনুরোধও পূরণ করা হয়নি। তাঁর দাবি, এত বছর পরও সরকার এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দেয়নি।
সরকার পতন ও রাজনৈতিক প্রচারণার অভিযোগ
সোনিয়া গান্ধীর দাবি, কংগ্রেস ও তাদের মিত্রদের নির্বাচিত নয়টি রাজ্য সরকারকে অনৈতিক কৌশলে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এসব ঘটনাকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত হিসেবে বর্ণনা করেছেন।
বিজেপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগও তুলেছেন তিনি। তাঁর ভাষ্য, ২০১৯ সালের নির্বাচনের আগে সরকারপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে বটনির্ভর প্রচারণা, সাইবার দল এবং মূলধারার গণমাধ্যম ও রাষ্ট্রীয় সংস্থার প্রভাব কাজে লাগিয়েছিল।
নিজেকেও বিজেপির নিয়মিত আক্রমণের লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন সোনিয়া। তাঁর অভিযোগ, তাঁকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে। এর মধ্যে বিদেশি পরিচয়, ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক বিশ্বাসকে কেন্দ্র করে ভিত্তিহীন প্রচারণাও ছিল।

নোট বাতিল ও জিএসটি নিয়েও সমালোচনা
২০১৬ সালের নোট বাতিলের সিদ্ধান্তকে সরকারের স্বৈরতান্ত্রিক পদক্ষেপের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন সোনিয়া। তাঁর মতে, ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটিই অর্জিত হয়নি। বরং সিদ্ধান্তটি ব্যবসা-বাণিজ্যে বিশৃঙ্খলা তৈরি করে, অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং লাখো মানুষকে আর্থিক সংকটে ফেলে।
জিএসটি ব্যবস্থার জটিলতা নিয়েও সমালোচনা করেছেন তিনি। তাঁর দাবি, বহুস্তরবিশিষ্ট করব্যবস্থা অর্থনীতির মূল ভিত্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
স্মৃতিকথার উপসংহারে সোনিয়া লিখেছেন, আরএসএসের এক ধর্ম ও এক ভাষাভিত্তিক আধিপত্য প্রতিষ্ঠার দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রতিরোধের মুখে পড়বে বলে তিনি বিশ্বাস করেন। ভবিষ্যৎ প্রজন্ম ন্যায়বিচার, সমতা ও নিপীড়নমূলক ব্যবস্থার অবসান চাইবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।












