যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। তবে ব্রিটিশ সম্প্রচারমাধ্যমটির বিরুদ্ধে ট্রাম্পের আনা অন্যায্য বাণিজ্যিক চর্চার অভিযোগ খারিজ করে দিয়েছেন বিচারক। মঙ্গলবার (১০ নভেম্বর) ফ্লোরিডার ফেডারেল আদালতে এ সিদ্ধান্ত দেন বিচারক জেফরি কুন্টজ।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় সমর্থকদের উসকে দেওয়ার মতো বক্তব্য দিয়েছেন—এমন ধারণা তৈরি করে ট্রাম্পের একটি ভাষণের ভিডিও সম্পাদনা করে প্রচার করেছিল বিবিসি। ওই সম্পাদিত ভিডিওকে কেন্দ্র করেই সম্প্রচারমাধ্যমটির বিরুদ্ধে অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন ট্রাম্প।
মানহানির অভিযোগে মামলা চালানোর অনুমতি
বিচারক জেফরি কুন্টজ ট্রাম্পের মানহানির অভিযোগ খারিজ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, বিবিসির সম্পাদিত ভিডিও ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন করেছে এবং সম্প্রচারমাধ্যমটি ভিডিওটি বিভ্রান্তিকর ছিল বলে জানত বা বিষয়টি জানা উচিত ছিল—এমন অভিযোগের পক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে।
তবে আদালতের এই সিদ্ধান্তে ট্রাম্পের অভিযোগ প্রমাণিত হয়েছে, এমনটা বলা হয়নি। মামলার এই পর্যায়ে বিচারক শুধু জানিয়েছেন, অভিযোগগুলো নিয়ে আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার মতো ভিত্তি রয়েছে। অর্থাৎ মানহানির দায় বিবিসির ওপর বর্তায় কি না, তা এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।
অন্যদিকে, ট্রাম্পের করা অন্যায্য বাণিজ্যিক চর্চার অভিযোগটি আদালত খারিজ করেছেন।
ভাষণের সম্পাদিত অংশ নিয়ে বিতর্ক
ট্রাম্পের মামলার মূল বিষয় ২০২১ সালের ৬ জানুয়ারি দেওয়া তাঁর একটি ভাষণ। অভিযোগ অনুযায়ী, বিবিসি ভাষণের দুটি পৃথক অংশ জোড়া দিয়ে এমনভাবে প্রচার করে, যাতে মনে হয় তিনি সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন।
ভাষণের একটি অংশে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলের দিকে মিছিল করে যাওয়ার কথা বলেছিলেন। অন্য অংশে তিনি ‘প্রাণপণে লড়াই করার’ আহ্বান জানিয়েছিলেন। বিবিসির সম্পাদনায় এই দুটি অংশ একত্র করা হলেও ভাষণের অন্য একটি অংশ বাদ পড়ে যায়, যেখানে ট্রাম্প শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে এই সম্পাদিত ভিডিও প্রচার করা হয়। ওই নির্বাচনে জয়ী হন ট্রাম্প।
ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিল বিবিসি
বিষয়টি নিয়ে বিতর্কের পর বিবিসির একটি অভ্যন্তরীণ স্মারকলিপি ফাঁস হয়। সেখানে ভিডিও সম্পাদনার বিষয়টিকে সম্ভাব্য রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এর ফলে সম্প্রচারমাধ্যমটি বড় ধরনের জনসংযোগ সংকটে পড়ে এবং শীর্ষ পর্যায়ে কয়েকজন কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়।
বিবিসি আগেই স্বীকার করেছিল, ভাষণের সম্পাদনা বিভ্রান্তিকর ছিল। এ জন্য ট্রাম্পের কাছে ক্ষমাও চেয়েছিল প্রতিষ্ঠানটি। তবে সম্পাদনার ভুল স্বীকার করলেও মানহানির দায় নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে তারা।
আদালতের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প একে ‘বড় বিজয়’ বলে উল্লেখ করেন। তিনি লেখেন, মার্কিন জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
অন্যদিকে, বিবিসির একজন মুখপাত্র জানান, আদালতের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি বিস্মিত হলেও বিচার বিভাগের কর্তৃত্বের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে নিজেদের অবস্থান নিয়ে তারা আত্মবিশ্বাসী।
২০২৫ সালের ডিসেম্বরে ফ্লোরিডার ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেছিলেন ট্রাম্প। সংবাদমাধ্যমের সমালোচনামূলক প্রতিবেদন মোকাবিলায় তাঁর নেওয়া একাধিক আইনি পদক্ষেপের মধ্যে এটিও অন্যতম।












